
বর্ধমান: সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তামিলনাড়ুতে সরকার গঠন করেছে টিভিকে। মুখ্যমন্ত্রী হিসেবে ক্ষমতায় রয়েছেন থালাপতি বিজয় (Vijay)। শুধু তাই নয়, অভিনেতা হিসেবেও বিজয়ের প্রবল জনপ্রিয়তা রয়েছে। ২০২৬-এ তামিলনাড়ুতে ক্ষমতায় আসার পর এবার বাংলায় দলীয় কার্যালয় খুলল TVK (তামিলাগা ভেত্রি কাড়াগম)। ভোটে লড়ার সম্ভাবনার কথাও বললেন দলের কর্মীরা।
পশ্চিমবঙ্গে প্রথম দলীয় কার্যালয় খুলল থালাপতি বিজয়ের দল টিভিকে (TVK)। পূর্ব বর্ধমানের ফাগুপুরে সেই কার্যালয়ের উদ্বোধন হল রবিবার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন TVK-এর পশ্চিমবঙ্গের রাজ্যের কো-অর্ডিনেটর চৈতালি রায় সহ বিভিন্ন জেলার দলীয় নেতৃত্ব।
দলীয় নেতৃত্বের দাবি, আপাতত রাজনৈতিক কর্মসূচির বদলে সামাজিক কাজের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছনো তাঁদের মূল লক্ষ্য। সংগঠনের পরিধি বাড়ানোর পাশাপাশি মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ তৈরি করতে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জোর দেওয়া হবে বলেও জানান তাঁরা।
রাজ্যের কো-অর্ডিনেটর চৈতালি রায় জানান, তামিলনাড়ু থেকে নির্দেশ এসেছে যে সব রাজ্যে দলের সংগঠন তৈরি হচ্ছে, সেখানে সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে। সেই নির্দেশ মেনেই পশ্চিমবঙ্গেও সংগঠন বিস্তারের প্রাথমিক পর্বে সামাজিক কাজকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
চৈতালি বলেন, “প্রথমে সামাজিক কাজ শুরু করব। পরে মানুষের কাছে পৌঁছে যাব। শিক্ষা ও বেকারত্ব নিয়ে লড়াই করব। আমরা চাই টিভিকে এখানে ভোটে লড়ুক। তবে কোন নির্বাচনে লড়বে, তা উচ্চ নেতৃত্বের উপর নির্ভর করছে। এখন উনি (থালাপাতি বিজয়) উপ নির্বাচনে ব্যস্ত। সফল হলে নিশ্চয় বিজয় স্যর আসবেন।” অন্যান্য জেলা থেকেও অনেক সমর্থক ছিলেন এদিন। বাংলায় প্রায় ৫০০০ সমর্থক রয়েছেন বলে জানিয়েছেন তিনি।
ফাগুপুরে দলীয় কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে TVK-এর সাংগঠনিক কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হল বলে দাবি দলীয় নেতৃত্বের। আগামিদিনে জেলার বিভিন্ন প্রান্তে সংগঠন বিস্তার এবং সামাজিক কর্মসূচি চালানোর পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছেন তাঁরা।