
কাটোয়া: স্টেশনে ভয়াবহ দৃশ্য। ট্রেনের কামরায় দাউদাউ করে জ্বলল আগুন। নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হল রেল কর্তৃপক্ষকে। যতক্ষণে আগুন নেভানো সম্ভব হয়েছে, ততক্ষণে ট্রেনের আস্ত কামরাই পুড়ে ছাই হয়ে গিয়েছে। বৃহস্পতিবার রাতের ঘটনা। ট্রেনটি কাটোয়া স্টেশনের ৬ নম্বর প্লাটফর্মে দাঁড়িয়েছিল।
আচমকা ধোঁয়ায় ভরে যায় গোটা কামরা। অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা। দ্রুত অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনে রেল কর্তৃপক্ষ। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে বর্ধমান-কাটোয়া লোকালের ভেন্ডার কামরার একাংশ। কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার রাত সাড়ে আটটা নাগাদ বর্ধমান স্টেশন থেকে ডাউন বর্ধমান-কাটোয়া লোকাল ট্রেনটি ছেড়ে কাটোয়া স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছয় রাত পৌনে ১০টা নাগাদ। ট্রেন থেকে নেমে যান যাত্রীরা। আর ঠিক সেইসময়ই নজরে আসে ভেন্ডার কামরার ভিতরে আগুন জ্বলছে। স্টেশনে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।
দ্রুত খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় আরপিএফ ও জিআরপি। দেখা যায়, ভেন্ডার কামরার ভিতরে থাকা কাঠের চেয়ারে দাউদাউ করে জ্বলছে আগুন। দ্রুত অগ্নিনির্বাপক যন্ত্র নিয়ে আগুন নেভানোর কাজে নামেন রেলকর্মীরা।
এরপর ঘটনাস্থলে পৌঁছন রেল দফতরের আধিকারিকরা। শুরু হয় তদন্ত। তবে ঠিক কী কারণে আগুন লাগল, সেই বিষয়ে রেল কর্তৃপক্ষের তরফে এখনও কিছু জানানো হয়নি। তবে শর্ট সার্কিট কিংবা ধূমপান থেকে আগুন ছড়িয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মাত্র ন’মাস আগেও কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের কামরায় আগুন লাগার ঘটনা ঘটেছিল। ফের একই ঘটনার পুনরাবৃত্তি। বারবার এমন ঘটনা ঘটলেও রেলের নিরাপত্তা ব্যবস্থায় কতটা নজরদারি রয়েছে, এখন সেই প্রশ্নই উঠছে। স্টেশন ম্যনেজার সুপ্রভাত ভট্টাচার্যকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, তদন্ত না করে কিছু বলা সম্ভব নয়।