Purba Bardhaman: বাড়িতে ঢুকে মূক ও বধির গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, শাশুড়ি দেখে ফেলতেই গ্রেফতার যুবক
Physical Harassment: বুধবার কাটোয়া শহর থেকে অভিযুক্তকে গ্রেফতার করে মঙ্গলকোট থানার কৈচর ফাঁড়ির পুলিশ। বৃহস্পতিবার ধৃতকে কাটোয়া মহকুমা এসিজেএম আদালতে তোলা হলে বিচারক তার ৫ দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন।

পূর্ব বর্ধমান: মঙ্গলকোটে মূক ও বধির গৃহবধূকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য। ইতিমধ্যেই এ ঘটনায় এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃতকে এদিনই কাটোয়া আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের বাড়ি কেতুগ্রাম থানা এলাকায়। পেশায় রং মিস্ত্রি। গত ২৯ জুন মঙ্গলকোটে পিসির বাড়িতে আসে। সেখানেই শ্বশুরবাড়ি ওই গৃহবধূর। যদিও ২৯ তারিখে তিনি বাড়িতে ছিলেন না। ওই সময়ে বাবার সঙ্গে তিনি কাকার বাড়িতে এসেছিলেন। পরদিন তিনি শ্বশুরবাড়িতে ফিরে আসেন।
অভিযোগ, পরের দিন সুযোগ পেয়ে গৃহবধূর শ্বশুরবাড়িতে ঢুকে অকথ্য নির্যাতন চালায় ওই যুবক। গোটা ঘটনাই দেখে ফেলেন নির্যাতিতার শাশুড়ি। হাতেনাতে ধরা পড়ে যায় অভিযুক্ত। ওই বাড়িতেই তাকে আটকে রেখে ডাকা হয় গৃহবধূর বাবাকে। খবর চাউর হতেই রীতিমতো শোরগোল পড়ে যায় এলাকায়।
কিছু সময়ের মধ্যেই থানায় লিখিত অভিযোগ দায়ের হতেই পুরোদমে তদন্ত শুরু করে দেয় পুলিশ। বুধবার কাটোয়া শহর থেকে অভিযুক্তকে গ্রেফতার করে মঙ্গলকোট থানার কৈচর ফাঁড়ির পুলিশ। বৃহস্পতিবার ধৃতকে কাটোয়া মহকুমা এসিজেএম আদালতে তোলা হলে বিচারক তার ৫ দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। ধৃতের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি তুলেছেন নির্যাতিতার পরিবারের সদস্যরা। এখন তাঁকে জেরা করে ঘটনার মূলে যেতে চাইছে পুলিশ। অন্যদিকে কথা বলা হচ্ছে নির্যাতিতার পরিবারের সদস্যদের সঙ্গেও।
