AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Extortion Allegations: বিজয়া সম্মিলনীর জন্য দিতে হবে ৫০০ কেজি মাংস, দাবি শুনে হলদিয়ার ব্যবসায়ী বললেন…

Haldia BMS Extortion Allegations: ভারতীয় মজদুর সংঘের জেলা সভাপতি নিশিকান্ত দুবে বলেন, "বিএমএসের নাম করে টাকা তুলছে বলে অভিযোগ আসছে। অর্থ সংগ্রহের জন্য বিএমএসের তরফে কোনও নোটিস জারি করা হয়নি। জেলার বিএমএসের তরফে এই নিয়ে কোনও বৈঠকও হয়নি। যারা করছে, তারা বিএমএসকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। আমি জেলা সভাপতি হিসেবে বলছি, কেউ যদি বিএমএসের নাম করে টাকা চায়, দেবেন না।"

Extortion Allegations: বিজয়া সম্মিলনীর জন্য দিতে হবে ৫০০ কেজি মাংস, দাবি শুনে হলদিয়ার ব্যবসায়ী বললেন...
ফাইল ফোটো
| Edited By: | Updated on: Nov 14, 2026 | 12:08 AM
Share

হলদিয়া: বিজয়া সম্মিলনী উপলক্ষে মোটা টাকা চাওয়ার অভিযোগ উঠল ভারতীয় মজদুর সংঘের পদাধিকারীদের বিরুদ্ধে। এক ব্যবসায়ীর কাছ থেকে ৫০০ কেজি মাংস চাওয়া হয়েছে। ঘটনাকে ঘিরে শোরগোল পড়েছে পূর্ব মেদিনীপুরের হলদিয়ায়। যদিও ভারতীয় মজদুর সংঘের জেলা সভাপতির দাবি, যারা এসব করছে, তারা ভারতীয় মজদুর সংঘকে কালিমালিপ্ত করছে।

আগামী ১৭ নভেম্বর ভারতীয় মজদুর সংঘের বিজয়া সম্মিলনী হবে বলে শিল্পাঞ্চলে কার্ড দেওয়া হচ্ছে। কার্ডে ভারতীয় মজদুর সংঘের জেলার কোনও পদাধিকারীর নাম দেওয়া হয়নি। অভিযোগ,, বৃহস্পতিবার হলদিয়ার দুর্গাচক এলাকার এক ছোট ব্যবসায়ীকে ভারতীয় মজদুর সংঘের পদাধিকারী দীপঙ্কর মণ্ডল প্রায় ৫০০ কেজি মাংস দাবি করেন। ব্যবসায়ী তা দিতে অস্বীকার করলে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয় বলে আভিযোগ। রীতিমতো নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই ব্যবসায়ী।

বিভাস চাটুই নামে ওই ব্যবসায়ী বলেন, “বিজয়া সম্মিলনীর নামে ২-৩ দিন আগে একটা কার্ড দিয়ে গিয়েছিল। তখন আমি ছিলাম না। পরে দীপঙ্কর মণ্ডল নামে একজন আসেন। বলেন, তিনি বিএমএসের পদে রয়েছেন। আমাকে বলেন, বিজয়া সম্মিলনীর জন্য ৫০০ কেজি মাংস দিতে হবে। আমি বললাম, আমার পক্ষে সম্ভব নয়। তখন বলেন, কী দিতে পারবেন? আমি বলি, ২ হাজার টাকা। উনি বললেন, লাগবে না। রেগে বেরিয়ে গিয়ে বললেন, দেখ তো এর কী পিছনে রয়েছে? আমরা খুব আতঙ্কিত।”

এই নিয়ে সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য পরিতোষ পট্টনায়েক বলেন, “তৃণমূল যে কায়দায় তোলাবাজি করত, সেই ধারা অব্যাহত রেখেছে বিজেপি। কেবল রং পরিবর্তন হয়েছে, কিন্তু, হলদিয়ায় তোলাবাজি একই রয়েছে। একজন ক্ষুদ্র ব্যবসায়ীর কাছে ৫০০ কেজি মাংস চেয়েছে। মানে ১ লক্ষ ২৫ হাজার টাকা তোলা চেয়েছে। তাহলে বড় ব্যবসায়ীদের কাছ থেকে কত টাকা চাওয়া হয়েছে?”

কী বলছেন ভারতীয় মজদুর সংঘের জেলা সভাপতি?

ভারতীয় মজদুর সংঘের জেলা সভাপতি নিশিকান্ত দুবে বলেন, “বিএমএসের নাম করে টাকা তুলছে বলে অভিযোগ আসছে। অর্থ সংগ্রহের জন্য বিএমএসের তরফে কোনও নোটিস জারি করা হয়নি। জেলার বিএমএসের তরফে এই নিয়ে কোনও বৈঠকও হয়নি। যারা করছে, তারা বিএমএসকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। আমি জেলা সভাপতি হিসেবে বলছি, কেউ যদি বিএমএসের নাম করে টাকা চায়, দেবেন না।”

দীপঙ্কর মণ্ডল নামে ওই ব্যক্তিকে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, কারও কাছে তোলা চাওয়া হয়নি। মাংস দেওয়ার অনুরোধ করা হয়েছিল। তিনি আরও বলেন, “৫০০ কেজি কেন, ৫০০০ কেজি মাংস দেওয়ারও অনুরোধ করতে পারি।”

Follow Us