
কলকাতা: রাজ্যে আরও ১০ হাজার কোটি টাকার বিনিয়োগ আসছে। হলদিয়া থেকে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এ দিন হলদিয়া পেট্রোকেমিক্যালসে ফেনল প্ল্যান্টের উদ্বোধন করেন। সেখান থেকে মুখ্যমন্ত্রী এ দিন কী কী বলেছেন, একনজরে…
শুভেন্দু অধিকারী: আমি জগন্নাথ চট্টোপাধ্যায়কে বলব, আপনি ITI-এ যান। কী কী লাগবে দেখুন। আমি একদিন গিয়েছিলাম। দেখলাম বাংলার ছেলে-মেয়েরা বেশি ছিল। একজন আবার জানাল আগরতলা থেকে এসেছে। নিশ্চয়ই আমরা তো গর্বিত ভারতীয়। এখানে কোনও রাজ্যের সীমার বাউন্ডারি থাকবে না। এই প্ল্যান্টের মধ্য দিয়ে আত্মনির্ভর হয়েছি। পশ্চিমবঙ্গ ভাতা নির্ভর হয়ে গিয়েছে। তাই তাকে আত্মনির্ভর পশ্চিমবঙ্গ তৈরি করতে হবে। আমি ওঁকে বলছিলাম, কলকাতায় বেশি থাকতে হবে।
শুভেন্দু অধিকারী: দুটো নতুন প্ল্যান্টের ঘোষণা করছি। হলদিয়ায় পেপসির নতুন প্ল্যান্ট হবে। ৫০ একর জমিতে IOCL-কে জমি দিচ্ছি। এক বছরের মধ্যেই হলদিয়াতে গ্রোথ বাড়বে।
শুভেন্দু অধিকারী: হলদিয়াতে আমার শ্রমিক বন্ধুরা মাঝে মধ্যে দুর্ঘটনায় পড়েন। প্রাইমারি মেডিক্যাল ট্রিটমেন্ট পান না। হলদিয়াতে ৫০ বেডের ট্রমা সেন্টার খুলব। সঙ্গে থাকবে বার্ন ইউনিট।
শুভেন্দু অধিকারী: আমাদের সরকারের বয়স সাড়ে পাঁচ মাস মাত্র হয়েছে। আগামী এক বছরের মধ্যে পশ্চিমবঙ্গ বিনিয়োগকারীদের কাছে অন্যতম ক্ষেত্র হয়ে দাঁড়াবে। আমি কথা দিচ্ছি। তখন হবে চলুন পশ্চিমবঙ্গ।
শুভেন্দু অধিকারী: দুটো কাজ করব না। ৩৪ বছরের বাম আমলে ধর্মঘট, তালা লাগানো আর ম্যানেজমেন্টকে শারীরিকভাবে হেনস্থা করা হত। এই কারণে ৫০ হাজারের বেশি কারখানা বন্ধ হয়ে গেছে সেই সময়। আর শেষ ১৫ বছরে, সবচেয়ে খারাপ জমি নীতি,সিন্ডিকেট রাজ থাকার জন্য কোনও শিল্প এখানে আসেনি। আমরা ৩৪ ও ১৫ বছরের দুটো বেরিয়ে আসব। জনগণের সরকার, শিল্পের জন্য উপযুক্ত সরকার তৈরি করব।
শুভেন্দু অধিকারী: পুজো শেষ হলেই ক্যাম্পা কোলার অনুষ্ঠানে দেখা হবে। এক বছরের মধ্যে দেখবেন পশ্চিমবঙ্গ বিনিয়োগকারীদের ঠিকানা হতে পারে।