Junput Fishermen: আশ্বাস দিয়েছিল DRDO, জীবিকা বাঁচাতে কাতর আর্জি জুনপুটের মৎস্যজীবীদের

Digha: দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের সম্পাদক দেবাশিস শ্যামলের বক্তব্য, মরসুমের ঠিক শুরুতেই এই আঘাতে বিপর্যস্ত মৎস্যজীবীরা। বহু মানুষের দীর্ঘদিনের বসবাসের জায়গা ও মাছ সংরক্ষণের জায়গা সরিয়ে দেওয়া হচ্ছে। অথচ অতীতে ডিআরডিও মৎস্যজীবীদের ক্ষয়ক্ষতির আশঙ্কা দূর করার আশ্বাস দিয়েছিলেন।

Junput Fishermen: আশ্বাস দিয়েছিল DRDO, জীবিকা বাঁচাতে কাতর আর্জি জুনপুটের মৎস্যজীবীদের
জুনপুটের মৎস্যজীবীদের আবেদনImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Oct 30, 2026 | 8:25 AM

জুনপুট: ডিআরডিও (DRDO) প্রকল্পের মধ্যে পড়া এলাকা নিয়ে মৎসজীবীদের কাতর আবেদন মুখ্যমন্ত্রীর কাছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ২ নভেম্বর পর্যন্ত জুনপুটে ডিআরডিও-র প্রকল্প এলাকায় উচ্ছেদ স্থগিত।

সম্প্রতি প্রকল্পের জন্য এলাকা চিহ্নিত করার পর ডিআরডিও-র মিসাইল ঘাঁটি তৈরির জন্য জোরকদমে তৎপরতা শুরু হয়েছে কাঁথির জুনপুট সমুদ্র উপকূলে। প্রকল্প এলাকার মধ্যে পড়েছে মৎস্যজীবীদের মাছ শুকনোর মাচা। বৃহস্পতিবারের মধ্যে সেগুলি সরানোর নির্দেশ দেওয়া হয়েছিল প্রশাসনের তরফে। কিন্তু ‘অর্ণব’ ঘূর্ণিঝড়ের জেরে প্রতিকূল আবহাওয়া ও বৃষ্টিপাতে তা পণ্ড হয়। নির্দিষ্ট সময়ে সরতে পারেননি মৎস্যজীবীরা। আগামী ২ নভেম্বরের মধ্যে নিজেরাই সরে যাওয়ার কথা দিয়েছেন তাঁরা। তাই এদিন জোর করে কোনও উচ্ছেদ অভিযান চালায়নি পুলিশ প্রশাসন।

প্রকল্পের বিরোধিতা করেননি মৎস্যখটি কমিটির সুনন্দ ভুঁইয়া। দেশের সুরক্ষার স্বার্থ তিনি মেনে নিয়েছেন। তবে গরিব মৎস্যজীবীদের রুজি-রোজগার বাঁচাতে মানবিক ও স্থায়ী পুনর্বাসনের দাবি তুলেছেন তিনি।

দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের সম্পাদক দেবাশিস শ্যামলের বক্তব্য, মরসুমের ঠিক শুরুতেই এই আঘাতে বিপর্যস্ত মৎস্যজীবীরা। বহু মানুষের দীর্ঘদিনের বসবাসের জায়গা ও মাছ সংরক্ষণের জায়গা সরিয়ে দেওয়া হচ্ছে। অথচ অতীতে ডিআরডিও মৎস্যজীবীদের ক্ষয়ক্ষতির আশঙ্কা দূর করার আশ্বাস দিয়েছিলেন। দেশের সুরক্ষার পাশাপাশি হাজার হাজার ক্ষুদ্র মৎস্যজীবীর জীবন-জীবিকা রক্ষায় বর্তমান রাজ্য সরকারের কাছে মানবিক দৃষ্টিভঙ্গির আর্জি জানাচ্ছেন তাঁরা।

সবমিলিয়ে প্রশাসন ও মৎস্যজীবীদের এই বোঝাপড়ার সুবাদে নির্ধারিত তারিখের মধ্যেই শান্তিপূর্ণভাবে জট কাটবে এবং গতি পাবে জাতীয় সুরক্ষার এই গুরুত্বপূর্ণ প্রকল্প, এমনটাই আশা করা হচ্ছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us