
কোলাঘাট: পিলার একটাই, রাস্তা চারখানা। দিল্লি-মুম্বইতে এইভাবেই যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হচ্ছে। আর কলকাতাতেও সেই একই ফর্মুলায় উন্নয়ন করা হবে বলে জানালেন কেন্দ্রীয় সড়ক পরিবহনমন্ত্রী নিতিন গডকরী। বাংলায় এসে সড়ক উন্নয়নে একাধিক প্রকল্পের ঘোষণা করেছেন তিনি। তমলুকে একটি অনুষ্ঠানে দাঁড়িয়ে তিনি কলকাতার জন্য একগুচ্ছ পরিকল্পনার কথা জানিয়েছেন। তাঁর কথায়, এমন ব্যবস্থা করা হবে যাতে কলকাতায় আর ট্রাফিক জ্যাম বলে কিছু থাকবে না।
এদিন একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধনে উপস্থিত হয়েছিলেন গডকরী। সেখানে তিনি জানান, দিল্লি এনসিআরে ১ লক্ষ ৬০ হাজার কোটির কাজ করছি। ৭০ হাজার কোটির কাজ শেষ হয়েছে। কলকাতাকেও ট্রাফিক জ্যাম মুক্ত করার পরিকল্পনা তৈরি। কলকাতা নিয়ে একগুচ্ছ পরিকল্পনার কথা জানান তিনি।
যাতায়াতের সময় কমাতে ও যোগাযোগ ব্যবস্থা সহজ করতে ১৪,০০০ কোটি টাকা খরচে কলকাতার জন্য ২৫০ কিমি রিং রোড তৈরিতে অনুমোদন দিয়েছেন সড়কমন্ত্রী। এই ঘোষণার পরই নিতিন গডকরী বলেন, “এটা তো শুরু। এরপর আসল সিনেমা হবে।”
মন্ত্রী জানান, এক পিলারে চারটি রাস্তা তৈরি করা হবে কলকাতাতেও। নীচে থাকবে রোড, তার উপরে ফ্লাইওভার, তার উপরে ফ্লাইওভার, তার উপর থাকবে মেট্রো। থাকবে না কোনও ট্রাফিক জ্যাম।
হাওড়া, দুই ২৪ পরগনার সঙ্গেও রাস্তা যুক্ত হবে বলে জানান তিনি। যোগাযোগ হবে কোনা, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের সঙ্গেও। এছাড়া বারাণসী থেকে কলকাতা পর্যন্ত হাইওয়ে তৈরির ঘোষণা করে মন্ত্রী জানান, ৫ ঘণ্টায় যাতায়াত করা যাবে ওই রাস্তায়। এছাড়া কলকাতা থেকে হলদিয়া, কলকাতা থেকে খড়্গপুরের যোগাযোগ ব্যবস্থা উন্নত করতেও প্রকল্প ঘোষণা করেন তিনি।