
নন্দীগ্রাম: একুশের নির্বাচনে নন্দীগ্রামে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্যায়ের বিরুদ্ধে জিতেছিলেন তিনি। কিন্তু, প্রায়ই বলে থাকেন, ৫ বছর আগে নন্দীগ্রামে মুসলিম কোনও ভোট পাননি। এবারও এই আসনে প্রার্থী হয়েছেন। এবার কি নন্দীগ্রামে মুসলিম ভোট পাওয়ার বিষয়ে আশাবাদী তিনি? টিভি৯ বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কী বললেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী?
এবার নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরেও প্রার্থী শুভেন্দু। ৫ বছর আগে নন্দীগ্রামের ফল নিয়ে তিনি টিভি৯ বাংলাকে তিনি বলেন, “নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীকে হারাতে আমাকে ভরসা করেছিল দল। নন্দীগ্রামে ৬৪ হাজার মুসলিম ভোট ছিল। সবাই মমতাকে ভোট দিয়েছিলেন।” এরপরই তিনি বলেন, “হিন্দুরা অনেক ভাবনাচিন্তা করেন, তবে এখন অনেক সংগঠিত। মুসলিমরা ভাবনাচিন্তা করেন না, বিশেষ করে যারা মৌলবাদী।”
তিনি একাধিকবার বলেছেন, মুসলিম ভোট চান না, এমন নয়। মুসলিম ভোট পান না। এবার কি মুসলিম ভোট পাবেন? শুভেন্দু বললেন, “রাষ্ট্রবাদী মুসলিমরা আমাদের সঙ্গে দাঁড়িয়ে আছেন। তবে সংখ্যা কম এদের।” ভবানীপুরেও তাঁর প্রার্থী হওয়া নিয়ে শুভেন্দু বলেন, “দল মনে করেছে এই নির্বাচনে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিরোধী দলনেতার লড়া উচিত। দল নির্দেশ দিয়েছে। আমি পালন করেছি। দল ভরসা, বিশ্বাস রেখেছে, যেন মর্যাদা রাখতে পারি।”
নন্দীগ্রামে হারের পর মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে আর আসেননি বলে অভিযোগ করেন বিধানসভার বিরোধী দলনেতা। বলেন, “৫ বছর ধরে নন্দীগ্রামে আসেননি মুখ্যমন্ত্রী। মুসলিম-সহ ১ লক্ষ ৮ হাজার ভোট দিয়েছে। তিনি পাশে দাঁড়াননি। নন্দীগ্রামের মানুষ যাতে জল না পান, সে জন্য পাইপ বসাতে দেননি।”
বিজেপি জিতলে কী করবেন?
এবারের বিধানসভা নির্বাচনে বিজেপি জিতবে বলে আশাবাদী শুভেন্দু। বললেন, “বিজেপি সরকার আসবে, নন্দীগ্রামের সব অসম্পূর্ণ কাজ শেষ করব। এখানকার ৩০ হাজার যুবক বাইরের রাজ্যে থাকেন। বিজেপি শাসিত রাজ্যে রোজগার করে, পশ্চিমবঙ্গে টাকা পাঠায়। সেইসব ছেলেদের ফেরত এনে হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ দেব। এটাই বিজেপির অঙ্গীকার।” সবশেষে তিনি বললেন, “ভারতমাতা কি জয় দিয়ে এবার বিধানসভার সূচনা হবে। বন্দেমাতরম গাইব।”