Narendra Modi: মোদীর বঙ্গ সফরেই কি আসবে বড় চমক! জল্পনা উস্কে দিলেন দিব্য়েন্দু স্বয়ং

Dibyendu Adhikari: প্রধানমন্ত্রী মোদীর সভামঞ্চে কি এবার দেখা যাবে তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারীকে? জল্পনা চলছিল অনেকদিন ধরেই। আর এবার সেই জল্পনায় ঘৃতাহুতি করলেন সাংসদ স্বয়ং। বললেন, 'প্রধানমন্ত্রী আগামী মাসেই আমাদের রাজ্যে আসছেন। হয়ত তাঁর সঙ্গে আমার সাক্ষাতের সুযোগ ঘটবে।'

Narendra Modi: মোদীর বঙ্গ সফরেই কি আসবে বড় চমক! জল্পনা উস্কে দিলেন দিব্য়েন্দু স্বয়ং
দিব্যেন্দু অধিকারী ও নরেন্দ্র মোদীImage Credit source: Facebook

| Edited By: Soumya Saha

Feb 26, 2024 | 5:37 PM

তমলুক: লোকসভা ভোটের মুখে বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মোদীর সভামঞ্চে কি এবার দেখা যাবে তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারীকে? জল্পনা চলছিল অনেকদিন ধরেই। আর এবার সেই জল্পনায় ঘৃতাহুতি করলেন সাংসদ স্বয়ং। বললেন, ‘প্রধানমন্ত্রী আগামী মাসেই আমাদের রাজ্যে আসছেন। হয়ত তাঁর সঙ্গে আমার সাক্ষাতের সুযোগ ঘটবে।’ এদিন রেলের এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় এই কথাই বললেন শান্তিকুঞ্জের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক মুখ দিব্যেন্দু অধিকারী। বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জয়গানও শোনা গেল দিব্যেন্দুর গলায়। রেলমন্ত্রী হিসেবে অশ্বিনী বৈষ্ণবের ভূমিকারও ভূয়সি প্রশংসা করেন তমলুকের সাংসদ।

খাতায় কলমে তিনি এখনও তৃণমূলের সাংসদ। তৃণমূলের টিকিটেই উনিশের লোকসভা ভোটে জিতেছেন তিনি। কিন্তু পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে তৃণমূলের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়েছে অনেকখানি। আগামী লোকসভা নির্বাচনে দিব্যেন্দু লড়বেন কি না, তা নিয়েও বিস্তর চর্চা চলছে রাজনৈতিক মহলে। এসবের মধ্যেই এবার মোদী-সাক্ষাতের সম্ভাবনার কথা বলে জল্পনা জিইয়ে রাখলেন তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী। যদিও দিব্যেন্দুর বক্তব্য, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে সভাতে দেখা নাও হতে পারে। অন্য কোথাও হতে পারে।’ তাহলে কি তিনি এবার বিজেপিতে যোগদান করতে চলেছেন? সেই নিয়েই সাংবাদিকদের প্রশ্নে কোনও মন্তব্য করতে চাননি দিব্যেন্দু। বললেন, ‘এখনও পর্যন্ত এই বিষয়ে কিছু পাইনি।’

এসবের পাশাপাশি সন্দেশখালির উদ্ভূত পরিস্থিতির প্রসঙ্গেও আজ মুখ খুললেন দিব্যেন্দু অধিকারী। নন্দীগ্রামের আন্দোলনের সঙ্গে সন্দেশখালির আন্দোলনকে এক পংক্তিতে না ফেললেও, সেখানে যা ঘটছে তা ‘সভ্যতার লজ্জা’ বলেই মনে করছেন তমলুকের সাংসদ। বললেন, ‘সন্দেশখালিতে যা ঘটছে, তা অত্যন্ত নিন্দনীয়। সারা পৃথিবীর কাছে আমাদের মাথা হেঁট হয়ে গিয়েছে।’

Follow Us