
পূর্ব মেদিনীপুর: দিঘা-মন্দারমনি-তাজপুর! আম বাঙালির সপ্তাহান্তের ছুটি কাটানোর সবথেকে পছন্দের জায়গা। চট প্ল্যানিং, ফট্ বুকিং! কিন্তু এই দিঘা-মন্দারমনিতেও গত দুবছর ধরে বেশ অপরাধের প্রবণতাও বাড়ছে। অন্তত তেমনটাই বলছে পুলিশ রেকর্ড। অনেক সময়েই অনেক হোটেলের রুম থেকে যুবক-যুবতীর দেহ উদ্ধার হচ্ছে। আবার সৈকতের ধারে বেড়ে উঠছে রঙিন ব্যবসার প্রবণতাও। মাঝেমধ্যেই পুলিশ রেইড চালিয়ে মধুচক্র থেকে একাধিক যুবক-যুবতীকে গ্রেফতার করেছেন। সেক্ষেত্রে এই ধরনের প্রবণতা রোখার ক্ষেত্রে কড়া পদক্ষেপ করছে পুলিশ। চাইলেই আর চট বুকিং করে হোটেলের রুম পেয়ে যাবেন পর্যটকরা, তেমনটা নয়। তার সমস্ত নথি থাকবে হোটেল রিসর্ট কর্তৃপক্ষের কাছে। আর হোটেল-রিসর্ট কর্তৃপক্ষকে তা আপলোড করতে হবে পোর্টালে। সেই ডাটা চলে যাবে পুলিশের কাছে। পর্যটক তথ্যে ও অপরাধ দমন সহ নিরাপত্তা জোরদার দিতেই জেলায় শুরু হল আনুষ্ঠানিকভাবে ‘অতিথি’ পোর্টাল।
অনেক দিন ধরেই এই ধরনের চিন্তাভাবনা চলছিল। এবার পুলিশ তা তৎপরতার সঙ্গে বাস্তবায়িত করল। দিঘা সহ অন্যান্য পর্যটন কেন্দ্রগুলির হোটেল ব্যবস্থাপনায় অপরাধ দমন সহ নিরাপত্তা জোরদার করতে ‘অতিথি’ পোর্টাল চালু হল। সমস্ত হোটেল, লজ, গেস্টহাউসের আগত পর্যটক, পেয়িং গেস্টদের সম্পূর্ণ রেকর্ড বজায় রাখার জন্য পোর্টাল চালু করা হল।
পাশাপাশি জুনপুট উপকুল থানাও চালু হয়। তবে নিজস্ব ভবন না থাকায় কাঁথির দারিয়াপুর গ্রাম পঞ্চায়েতের পেটুয়াঘাট মৎস্যবন্দরে মৎস্যদফতরের কয়েকটি রুম নিয়ে থানা চালু হয়েছে আপাতত। পেটুয়াঘাট থেকে থানা স্থানান্তরিত হলেও, সেখানে ফাঁড়ি থাকছে বলে জানা গিয়েছে। জুনপুট উপকূল থানার নতুন বিল্ডিং উদ্বোধন করেন এডিজি অ্যান্ড আইজিপি পশ্চিমাঞ্চল ত্রিপুরারি অথর্ভ। উপস্থিত ছিলেন মেদিনীপুর রেঞ্জের আইজি অনুপ জয়সওয়াল ও জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য। শুক্রবার সেখানে উচ্চপদস্থ আধিকারিকদের হাত ধরে পুলিশের গেস্ট রিপোর্টিং পোর্টাল ‘অতিথি’রও উদ্বোধন হয়।
উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুরে পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য, অতিরিক্ত পুলিশ সুপার এম এম হাসান, মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ সাহা, কাঁথি থানার আইসি অমনেন্দু বিশ্বাস, সাইবারের ওসি বিপ্লব হালদার, জুনপুট উপকূল থানার ওসি প্রতিমা বায়েন-সহ একাধিক পুলিশ আধিকারিকেরা।
অন্যদিকে, পূর্ব মেদিনীপুরে পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য বলেন, “পেটুয়াঘাটে মৎস্য বন্দরে ৪-৫ টি ঘরে ভাড়া নিয়ে থানা চলত। প্রশাসনিক কাজকর্ম করার ক্ষেত্রে ও ভৌগলিকভাবেও বেশ সমস্যায় পড়তে হচ্ছিল।” তিনি জানান, এডিজি অ্যান্ড আইজিপি পশ্চিমাঞ্চল ত্রিপুরারি অথর্ভ ও মেদিনীপুর রেঞ্জের আইজি অনুপ জয়সওয়াল উদ্বোধন করেন। অতিথি পোর্টাল আগে পাইলট হিসেবে চালানো হচ্ছিল। এর মধ্যে দিঘা, মান্দারমণি, শঙ্করপুর শহর হোটেল ও রিসোর্ট রয়েছে। যে সমস্ত পর্যটকরা আসবেন, সঙ্গে সঙ্গে অতিথি পোর্টালে আপলোড করতে হবে। যদি হোটেল মালিকরা গোপন করে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ প্রসঙ্গে দিঘা শংকরপুর হোটেল সংগঠনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী বলেন, “এর ফলে আমাদের হয়রানি অনেকটা কমবে। কারণ পর্যটকরা অনেকেই এসে অনেক কিছু করতেন। এখানে এসে কেউ মার্ডার হয়ে গেলেন, সেই কেসে পাঁচ বছর পরও আমাদের খাতা নিয়ে যেতে হত। কিন্তু এখন আর এসব হবে না।”