Suvendu Adhikari on Kalighat Incident: ‘একবালপুরের বিশেষ লোকজন রাত ২ টোর সময় কেন গিয়েছিল?’, কালীঘাট-কাণ্ডে বড় অভিযোগ শুভেন্দুর

Abhishek Banerjee House: গত শুক্রবার মধ্যরাতে উত্তপ্ত হয়ে ওঠে কালীঘাট। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) জন্মদিন উপলক্ষে যখন সমর্থকদের ভিড় হয় তাঁর বাড়ির সামনে, তখনই গণ্ডগোলের সূত্রপাত। তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে বচসা শুরু হয়ে যায়। পুলিশের সঙ্গেও চলে বাদানুবাদ। পুলিশের উপর আক্রমণ করা হয়েছে বলেও অভিযোগ ওঠে।

Suvendu Adhikari on Kalighat Incident: একবালপুরের বিশেষ লোকজন রাত ২ টোর সময় কেন গিয়েছিল?, কালীঘাট-কাণ্ডে বড় অভিযোগ শুভেন্দুর
কালীঘাটের ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রীImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 09, 2026 | 3:15 PM

দিঘা: কালীঘাটের (Kalighat) অশান্তির ঘটনায় যে চারটি এফআইআর হয়েছে, তার মধ্যে একটিতে নাম রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তিনজনকে গ্রেফতারও করা হয়েছে। এই প্রসঙ্গে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। দিঘায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “ভিডিয়ো দেখে, চিহ্নিত করেই গ্রেফতার করছে পুলিশ।” তাঁর দাবি, ওই দিন যাঁরা অশান্তির ঘটনায় যুক্ত ছিলেন, তাঁরা আদতে ওই এলাকার লোকই নন।

গত শুক্রবার মধ্যরাতে উত্তপ্ত হয়ে ওঠে কালীঘাট। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) জন্মদিন উপলক্ষে যখন সমর্থকদের ভিড় হয় তাঁর বাড়ির সামনে, তখনই গণ্ডগোলের সূত্রপাত। তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে বচসা শুরু হয়ে যায়। পুলিশের সঙ্গেও চলে বাদানুবাদ। পুলিশের উপর আক্রমণ করা হয়েছে বলেও অভিযোগ ওঠে। সেই ঘটনায় ইতিমধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। একটি এফআইআরে নাম রয়েছে খোদ অভিষেকের।

এই বিষয়ে প্রশ্ন করা হলে সোমবার মুখ্যমন্ত্রী বলেন, “আমি কারও নামে অভিযোগ করব না। কাউকে হিরো করতে চাই না। পুলিশকে চড় মারতে উদ্যত হলে, চোখ দেখালে, হুমকি দিলে যে ধারায় মামলায় হওয়া উচিৎ, সেটাই হয়েছে।”

মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু জানিয়েছেন, পুলিশ আহত হয়েছে। শারীরিক পরীক্ষাও করা হয়েছে। ঘটনার ভিডিয়ো দেখে দেখে গ্রেফতার করছে পুলিশ। চার্জশিট হবে, কাস্টডি ট্রায়াল করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

তবে কালীঘাটের ঘটনায় যাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাঁরা হরিশ মুখার্জি, বা হরিশ চ্যাটার্জি স্ট্রিটের লোক নয় বলে উল্লেখ করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “কাউকে ছাড়ার কোনও সিন নেই। যারা ধরা পড়েছে, তারা একবালপুরের লোক। রাত ২টোর সময় একবালপুর থেকে বিশেষ লোকেরা কী করতে গিয়েছিল? সেইজন্য ধরা হয়েছে।” যে রাজনৈতিক লোকদের দেখা গিয়েছে, তাঁদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এই প্রসঙ্গে বিজেপিকে কটাক্ষ করে মমতাপন্থী তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, “বিজেপির কোনও ক্য়াডার নেই। পুলিশই ওদের ক্যাডার। অভিষেকের কী দোষ! সে দিন প্রতিরোধ না করলে বাড়ির মধ্যে ঢুকে পড়ত। অভিষেক নিজের বাড়িতে আক্রান্ত হয়েছে, আর তাঁর বিরুদ্ধেই এফআইআর!”

Loading...
Unable to load recommendations.
Follow Us