CEO in Purba Medinipur: শুভেন্দুর জেলায় CEO মনোজ, স্পর্শকাতর বুথ নিয়ে বড় বার্তা

West Bengal assembly election 2026: এদিন বৈঠকের পর সিইও মনোজ আগরওয়াল বলেন, "এই জেলায় ১৬টি বিধানসভা আসন এবং প্রায় ৪০ লক্ষের বেশি ভোটার রয়েছেন। কমিশনের প্রাথমিক লক্ষ্য হল এখানে সম্পূর্ণ অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করা।" তিনি স্পষ্ট করে দেন, প্রত্যেক ভোটার যাতে কোনও ভয়ভীতি ছাড়াই নিজের ইচ্ছামতো ভোট দিতে পারেন, তা নিশ্চিত করতেই তাঁর এই সফর।

CEO in Purba Medinipur: শুভেন্দুর জেলায় CEO মনোজ, স্পর্শকাতর বুথ নিয়ে বড় বার্তা
পূর্ব মেদিনীপুরে সিইও মনোজ আগরওয়ালImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Apr 05, 2026 | 12:10 AM

তমলুক: শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরে তিনদিনের সফরে এসেছেন রাজ্যের সিইও মনোজ আগরওয়াল। শনিবার জেলায় পা দিয়েই ম্যারাথন বৈঠক করলেন। আর বৈঠক শেষেই জানিয়ে দিলেন, স্পর্শকাতর বুথগুলিতে সশরীরে যাবেন তিনি। তাঁর বার্তা, ভয় ও হিংসা মুক্ত ভোট চাই। প্রত্যেক ভোটার যেন কোনও ভয়ভীতি ছাড়াই নিজের ইচ্ছা মতো ভোট দিতে পারেন, তা নিশ্চিত করতে চান তিনি।

পূর্ব মেদিনীপুর জেলায় বিধানসভা নির্বাচনের প্রস্তুতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে ম্যারাথন বৈঠক করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। এদিন বিকেলে জেলাশাসক নিরঞ্জন কুমার, এডিজি (পশ্চিমাঞ্চল) বিশাল গর্গ এবং জেলা পুলিশ সুপার অংশুমান সাহার উপস্থিতিতে এই গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে জেলার ১৬টি বিধানসভা কেন্দ্রের নির্বাচনী প্রস্তুতি এবং বিশেষ করে বিগত নির্বাচনগুলিতে হিংসাপ্রবণ এলাকাগুলির নিরাপত্তা নিয়ে পুঙ্খানুপুঙ্খ খোঁজ খবর নেন সিইও।

রাত ৮টার পর বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সিইও মনোজ আগরওয়াল আসন্ন নির্বাচন নিয়ে কমিশনের কঠোর অবস্থানের কথা জানান। তিনি বলেন, “এই জেলায় ১৬টি বিধানসভা আসন এবং প্রায় ৪০ লক্ষের বেশি ভোটার রয়েছেন। কমিশনের প্রাথমিক লক্ষ্য হল, এখানে সম্পূর্ণ অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করা।” তিনি স্পষ্ট করে দেন, প্রত্যেক ভোটার যাতে কোনও ভয়ভীতি ছাড়াই নিজের ইচ্ছামতো ভোট দিতে পারেন, তা নিশ্চিত করতেই এই সফর তাঁর।

বিগত নির্বাচনের অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি জানান, ২০২১ এবং ২০২৪ সালের নির্বাচনের পর জেলার যে সব এলাকায় আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছিল, সেই সব স্পর্শকাতর জায়গাগুলি তিনি নিজে পরিদর্শন করবেন। আগামিকাল (রবিবার) জেলাশাসককে সঙ্গে নিয়ে তিনি সরাসরি সেইসব এলাকায় ‘ফিল্ড ভিজিট’-এ যাবেন। সিইও আরও উল্লেখ করেন, সরকারি অফিসে সীমাবদ্ধ না থেকে সরাসরি মাঠে-ঘাটে গিয়ে পরিস্থিতির গতিপ্রকৃতি খতিয়ে দেখবেন তিনি। এলাকার সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের আশ্বস্ত করবেন যে ভয়ের কোনও কারণ নেই। অবাধ ও সুষ্ঠু নির্বাচন করানোর জন্য জেলা প্রশাসন ও কমিশন বর্তমানে অত্যন্ত তৎপর ও সজাগ রয়েছে।

রাজনীতির কারবারিরা বলছেন, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে হিংসার শিকার হওয়া বুথগুলি পরিদর্শন এবং সাধারণ মানুষের মনোবল বৃদ্ধিতে কমিশনের এই অতি-সক্রিয়তা নির্বাচনকে ঘিরে জেলায় আঁটোসাঁটো নিরাপত্তারই ইঙ্গিত দিচ্ছে।

Follow Us