Nandigram: ‘সাইলেন্ট কিলার’, নন্দীগ্রামে ফাইনাল হয়ে গেল শুভেন্দুর প্রতিপক্ষের নাম? সামনে আসছে বড় জল্পনা

TMC: ২০২১-এর বিধানসভা নির্বাচনে শুভেন্দুর প্রতিপক্ষ ছিলেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুর কাছে হেরে যান তিনি। এবারও নন্দীগ্রামের প্রার্থী বাছাইতে যে তৃণমূল বিচক্ষণতার সঙ্গেই সিদ্ধান্ত নেবে, তেমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

Nandigram: সাইলেন্ট কিলার, নন্দীগ্রামে ফাইনাল হয়ে গেল শুভেন্দুর প্রতিপক্ষের নাম? সামনে আসছে বড় জল্পনা
Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Mar 17, 2026 | 8:36 AM

নন্দীগ্রাম: বাংলার রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ কেন্দ্রের নাম নন্দীগ্রাম। কলকাতা থেকে ১৩০ কিলোমিটার দূরের এই কেন্দ্র ২০২৬-এর ভোটেও চর্চার কেন্দ্রে উঠে আসছে নন্দীগ্রামের নাম। বিদায়ী বিধায়ক শুভেন্দু অধিকারী সাফ জানিয়ে দিয়েছিলেন, নন্দীগ্রাম তিনি ছাড়বেন না। সোমবার প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পর দেখা গেল, তাঁর সেই ইচ্ছাতেই মান্যতা দিয়েছে বিজেপি। একসঙ্গে দুই কেন্দ্রে লড়ছেন তিনি। কিন্তু প্রতিপক্ষ কে?

২০২১-এর বিধানসভা নির্বাচনে শুভেন্দুর প্রতিপক্ষ ছিলেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুর কাছে হেরে যান তিনি। এবারও নন্দীগ্রামের প্রার্থী বাছাইতে যে তৃণমূল বিচক্ষণতার সঙ্গেই সিদ্ধান্ত নেবে, তেমনটাই মনে করছে রাজনৈতিক মহল। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়েও জল্পনা তৈরি হয়েছিল। তবে শোনা যাচ্ছে, ভূমিপুত্রেই ভরসা রাখছে তৃণমূল।

আজ, মঙ্গলবার ২৯৪টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করবে তৃণমূল। সূত্রের খবর, তার আগেই বিজেপিতে যোগ দেবেন নন্দীগ্রাম দুই ব্লকের বিজেপি নেতা পবিত্র কর। শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন তিনি। তৃণমূলে যোগ দেওয়ার পর তাঁকেই প্রার্থী করা হবে বলে জল্পনা তৈরি হয়েছে।

আগেও তৃণমূলেই ছিলেন তিনি। ২০১৮ সালে তিনি ছিলেন বয়াল দুই গ্রামের প্রধান। পরে ২০২১ সালে শুভেন্দুর হাত ধরে বিজেপিতে যোগ দেন তিনি। ২০২৩-এ পবিত্র করের স্ত্রী বিজেপির টিকিটে জয়ী হয়ে বয়াল দুই গ্রাম পঞ্চায়েতে প্রধান হন।

নন্দীগ্রাম বিধানসভা দু’টি ব্লক নিয়ে গঠিত। শুধুমাত্র নন্দীগ্রাম ২ ব্লকেই বিজেপি এগিয়ে। সেই ব্লকেরই বাসিন্দা পবিত্র কর। তমলুক সাংগঠনিক জেলা বিজেপির অন্যতম পদাধিকারীও তিনি। এলাকায় তাঁর যথেষ্ট পরিচিতি রয়েছে। তৃণমূলে থাকার সময় থেকেই ওই এলাকায় জনপ্রিয় মুখ তিনি। কিছুদিন আগেই আইপ্যাকের সঙ্গে তাঁর গোপন বৈঠকের কথা ছড়িয়ে পড়ে। বিজেপির একটি সূত্রের খবর, এই খবর জানার পর শুভেন্দু অধিকারীও তাঁর এই অনুগামী নেতার সঙ্গে গোপন বৈঠক করেছেন। ফলে জল্পনা জোরাল হচ্ছিল ক্রমশ। কোনও পক্ষই অবশ্য এই বিষয়ে মুখ খুলতে চাননি।

পবিত্র কর

ছোট্ট চেহারার মানুষ পবিত্র কর মুখে মৃদু হাসি নিয়ে কাজ করে যান। বেশি প্রচারে থাকেন না কোনওদিনই, কাজ করেন নিঃশব্দে। কেউ কেউ তাঁকে বলেন, নন্দীগ্রাম দুই ব্লকের ‘সাইলেন্ট কিলার’। তাঁকেই এবার শুভেন্দুর প্রতিপক্ষ হিসেবে টিকিট দেওয়া হবে? মঙ্গলবার বিকেলের মধ্যেই সবটা পরিষ্কার হয়ে যাবে।

Follow Us