
পুরুলিয়া: চাকরির মেয়াদ ছিল আর মাত্র ১ মাস ১৩ দিন । তার আগেই মৃত্যু শিক্ষকের। ২০১৬-র যখন প্যানেল বাতিল হয়, সেই সময় তাঁরও বাতিল হয়েছিল চাকরি। মৃত শিক্ষিকার নাম ইশিতা দাস মহাপাত্র (৩৪) । তিনি পুরুলিয়া ২ নম্বর ব্লকের গোলামারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ২০১৯ সালে বাংলা শিক্ষিকার চাকরি পেয়েছিলেন তিনি। প্যানেল বাতিল হওয়ার পর পুনরায় পরীক্ষা দিয়েছিলেন। তবে পাশ করতে পারেনি ইশিতা। ফলত, তাঁর চাকরির মেয়াদ ছিলো ৩১শে আগষ্ট পর্যন্ত। তবে তার আগেই শনিবার সকালে মৃত্যু হয় তাঁর।
মূলত, গত বৃহস্পতিবার থেকে শরীর অসুস্থ ছিল ঈশিতার। এরপর রাতে তাঁকে পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছিল। সেখানেই আজ তাঁর মৃত্যু হয়। একাধিক রোগে আক্রান্ত ছিলেন ঈশিতা। নানা রকম ওষুধ খেতেন তিনি। মাত্রাতিরিক্ত ওষুধ খেয়ে নেওয়ায় গত ১৬ তারিখ তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দেহ ময়না-তদন্তের জন্য মর্গে নিয়ে যাওয়া হয়।
মৃতার বাবা অজিত দাস মহাপাত্র জানান, “মেয়ে অত্যন্ত মেধাবী ছাত্রী ছিল। ২০১৬ সালে এসএসসি টেট পরিক্ষায় উত্তীর্ণ হয়। এরপর ২০১৯ সালে চাকরি পায়। পরবর্তী সময় সেই তালিকা বাতিল হয়ে যাওয়ার পর ২০২৫ সালে পাশ করতে পারেনি ও। তখন থেকেই মানসিক ভাবে ভেঙে পড়েছিল। গত বৃহস্পতিবার তার শরীর অসুস্থ হয়ে পড়ে। পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।”