
মুর্শিদাবাদ: অগ্নিদগ্ধ ঋতব্রত-পন্থী তৃণমূল কংগ্রেস বিধায়ক বাইরন বিশ্বাস (Bayron Biswas)। ধুলিয়ানে নিজের বাড়িতেই অগ্নিদগ্ধ হন সাগরদিঘীর বিধায়ক। বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে প্রাথমিকভাবে অভিযোগ। সেই আগুনেই দগ্ধ হন বাইরন। আশঙ্কাজনক অবস্থা তাঁর। তবে কী করে আগুন লাগল, তা এখনও জানা যায়নি।
ধুলিয়ানে রাস্তার উপরেই বাড়ি বাইরন বিশ্বাসের। আজ সকাল ১১টা নাগাদ স্থানীয় বাসিন্দারা দূর থেকে দেখতে পান, গলগল করে ধোঁয়া বের হচ্ছে। আগুনের শিখাও দেখা যায়। এরপরেই হইচই পড়ে যায়। দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা গিয়েছে, বাইরন বিশ্বাস বাড়িতে ছিলেন। আগুনে পুড়ে যান তিনি। প্রথমে তাঁকে স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। তবে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে রেফার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পারিবারিক অশান্তির কারণেই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। তবে বাইরন নিজে গায়ে আগুন গিয়েছেন নাকি অন্য কেউ বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছেন, তা এখনও স্পষ্ট নয়। অনুমান করা হচ্ছে, দুর্ঘটনাবশত নয়, আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল বিধায়কের বাড়িতে। তবে রাজনৈতিক উদ্দেশ্য নয়, পারিবারিক অশান্তির জেরেই আগুন লাগানো হয়েছে বলে অনুমান।
ধুলিয়ানের বাড়িতেই বিড়ির ব্যবসা রয়েছে বাইরন বিশ্বাসের। এই বাড়িতে তাঁর দাদা, দিদিও থাকেন। তবে গতকাল রাত থেকেই তারা বাড়ি ছিলেন না বলে বিশেষ সূত্রে খবর। আজ সকাল সাড়ে ১১টা নাগাদ ধুলিয়ানের বাড়িতে আগুন লাগে। বাইরন বিশ্বাসের নিজস্ব নার্সিং হোমে নিয়ে যাওয়া হলেও, অবস্থার অবনতি হওয়ায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে রেফার করা হয়েছে। গুরুতর জখম তিনি। অবস্থা আশঙ্কাজনক বলেই খবর।