Sandeshkhali woman: মোদীর সভার আগের রাতেই সন্দেশখালিতে নয়া নাটক! সমন পাঠাল পুলিশ

Sandeshkhali woman: প্রধানমন্ত্রীর সাক্ষাৎপ্রার্থী মহিলাদের বাড়িতে হানা দিল পুলিশ। একটি মামলার সাক্ষ্য দেওয়ার জন্য তাঁদের ৬ মার্চ সকাল ১০টায় থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ, প্রধানমন্ত্রীর সভায় যোগ দেওয়ার দিনই তাদের হাজিরা দিতে হবে থানায়। এদিন গ্রামে এসে এই বিষয়ে নোটিস ধরিয়ে দেয় পুলিশ। পুলিশের এই নোটিস জারি করার পরই, পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামের মহিলারা।

Sandeshkhali woman: মোদীর সভার আগের রাতেই সন্দেশখালিতে নয়া নাটক! সমন পাঠাল পুলিশ
মোদীর সভার আগের রাতে সন্দেশখালিতে নয়া নাটক Image Credit source: TV9 Bangla

| Edited By: অমর্ত্য লাহিড়ী

Mar 05, 2024 | 7:18 PM

সন্দেশখালি: বুধবার (৬ মার্চ), বারাসতে সভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সভায় প্রধানমন্ত্রী সঙ্গে সাক্ষাৎ করার কথা, সন্দেশখালিতে নির্যাতনের শিকার হওয়া বেশ কয়েকজন মহিলার। এর জন্য মঙ্গলবার সন্ধ্যাতেই শহরে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। কিন্তু, তার মধ্যেই প্রধানমন্ত্রীর সাক্ষাৎপ্রার্থী মহিলাদের বাড়িতে হানা দিল পুলিশ। একটি মামলার সাক্ষ্য দেওয়ার জন্য তাঁদের ৬ মার্চ সকাল ১০টায় থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ, প্রধানমন্ত্রীর সভায় যোগ দেওয়ার দিনই তাদের হাজিরা দিতে হবে থানায়। এদিন গ্রামে এসে এই বিষয়ে নোটিস ধরিয়ে দেয় পুলিশ। পুলিশের এই নোটিস জারি করার পরই, পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামের মহিলারা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বারাসাতের সভায় যাওয়ার কথা ছিল সন্দেশখালির বাসিন্দা পিয়ালি দাসের। তাঁরই বাড়িতে এদিন সন্ধ্যায় এসে উপস্থিত হয় সন্দেশখালি থানার পুলিশ। পিয়ালি জানিয়েছেন, তাঁকে একটি কাগজ দিয়ে তাতে সই করে দিতে বলে পুলিশ। পিয়ালির অভিযোগ, কাগজে কী লেখা আছে, তা পড়ার সময়টুকুও দেওয়া হয়নি। একপ্রকার জোর করে, তাকে দিয়ে ওই কাগজে স্বাক্ষর করিয়ে চলে যায় পুলিশ। পরে আইনজীবীদের কাছ থেকে পিয়ালি জানতে পারেন, ১০ ফেব্রুয়ারি দায়ের হওয়া এক মামলায় তাঁর বয়ান নথিভুক্ত করবে পুলিশ। সেই কারণেই তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে।

প্রশ্ন উঠে গিয়েছে, বয়ান রেকর্ড করার সময় নিয়ে। ঠিক যেদিন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার কথা পিয়ালিদের, সেদিনই কেন তাঁকে বয়ান নথিভুক্ত করার জন্য ডাকা হল, সেই প্রশ্ন তুলছেন পিয়ালিরা। পিয়ালি দাসের অভিযোগ, এলাকার মা-বোনদের নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার কতা ছিল। তার জন্য সাগ্রহে প্রস্তুতি নিচ্ছিলেন তাঁরা। তাঁরা যাতে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছতে না পারেন, সেই কারণেই ৬ মার্চ তারিখেই তাঁকে থানায় ডাকা হয়েছে বলে দাবি করেছেন পিয়ালি। তবে, এরপরও তাঁরা প্রধানমন্ত্রীর সভায় যাবেনই বলে জানিয়েছেন পিয়ালিরা।

সন্দেশখালির পাঁচজন নির্যাতিতাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বারাসতের সভায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে বিজেপি। এর আগেই এই মহিলারা অভিযোগ করেছিলেন, প্রধানমন্ত্রীর সভায় না যাওয়ার জন্য স্থানীয় স্তরে চাপ দেওয়া হচ্ছে। গেরুয়া শিবির দাবি করেছিল, তাঁদের পরিকল্পনা বানচাল করতে চাইছে তৃণমূল। নির্যাতিতারা সেই সময়ও জানিয়েছিলেন, চাপ উপেক্ষা করেই প্রধানমন্ত্রীর সভায় যাবেন। এবার, পুলিশের বিরুদ্ধেও প্রধানমন্ত্রীর সভায় যেতে বাধাদানের চেষ্টার অভিযোগ উঠল।

Loading...
Unable to load recommendations.
Follow Us