
মথুরাপুর: দক্ষিণ ২৪ পরগনার (South 24 pargana) মথুরাপুরে হাবিবুল্লাহ পাইক খুনের মামলায় তিন অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল ডায়মন্ড হারবার ফাস্ট ট্র্যাক থার্ড কোর্ট। সাজাপ্রাপ্তদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। গত ১২ অক্টোবর আজগর লস্কর, আজাহার লস্কর ও রবিউল সরদারকে ভারতীয় দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় দোষী সাব্যস্ত করে আদালত। মামলার তদন্তে উঠে আসা একাধিক বৈজ্ঞানিক ও ফরেনসিক প্রমাণ এই রায়দানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।
কী ঘটেছে?
ঘটনাটি ২০২২ সালের ৯ ফেব্রুয়ারির। ওই দিন মথুরাপুরের সুবুদ্ধিপুর এলাকায় হাবিবুল্লাহ পাইকের মুণ্ডহীন দেহ উদ্ধার করে পুলিশ। পরে এলাকার একটি পুকুর থেকে তাঁর কাটা মাথাও উদ্ধার হয়। এই নৃশংস খুনের তদন্তে নেমে পুলিশ তিন অভিযুক্তকে গ্রেফতার করে। শুরু হয় মামলার বিচারপ্রক্রিয়া।
আদালতে মোট ২৪ জন সাক্ষীর বয়ান পেশ করা হয়। পাশাপাশি ডিএনএ (DNA) পরীক্ষার রিপোর্ট, ফরেন্সিক প্রমাণ, অস্ত্রে আঙুলের ছাপ, মোবাইল ফোনের তথ্য এবং কল ডিটেলস রেকর্ড খতিয়ে দেখা হয়। তদন্তে গেইট প্যাটার্ন বিশ্লেষণের মতো বৈজ্ঞানিক পদ্ধতির তথ্যও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
সমস্ত সাক্ষ্যপ্রমাণ ও নথি পর্যালোচনা করার পর তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আদালত। এরপর প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা করে জরিমানার নির্দেশ দেওয়া হয়। দীর্ঘ বিচারপ্রক্রিয়ার শেষে এই রায়কে মামলার গুরুত্বপূর্ণ পরিণতি হিসেবে দেখা হচ্ছে।