AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sundarban, Royal bengal tiger: রান্না করছিলেন নৌকোয়, পিছন থেকে ঝাঁপ দিল রয়াল বেঙ্গল, চোখের সামনেই বৌ-এর পরিণতি দেখলেন স্বামী

Sundarban news: আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত জয়নগর-কুলতলি ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে কুলতলি থানার পুলিশ হাসপাতাল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পেটের দায়ে সুন্দরবনের জঙ্গলে গিয়ে এভাবে প্রাণ হারাল আরও এক মৎস্যজীবীর।

Sundarban, Royal bengal tiger: রান্না করছিলেন নৌকোয়, পিছন থেকে ঝাঁপ দিল রয়াল বেঙ্গল, চোখের সামনেই বৌ-এর পরিণতি দেখলেন স্বামী
সুন্দরবনে মর্মান্তিক ঘটনাImage Credit: AI Generated
| Edited By: | Updated on: Jun 18, 2026 | 8:12 AM
Share

কুলতলি: দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনে ফের বাঘের হামলায় প্রাণ হারালেন এক মৎস্যজীবী মহিলা। পেটের টানে নদীতে কাঁকড়া ধরতে গিয়েছিলেন তিনি। তবে বাঘের থাবায় অকালে ঝরে গেল বন্দনা দাস (৩৫)-এর জীবন। বুধবার দুপুরের এই মর্মান্তিক ঘটনার সাক্ষী রইলেন তাঁর অসহায় স্বামী।

বন্দনার বাড়ি কুলতলি ব্লকের গুড়গুড়িয়া-ভুবনেশ্বরী গ্রাম পঞ্চায়েতের গৌরের চক গ্রামে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১২ জুন জয়নগরের ঘাট থেকে একটি ছোট নৌকা নিয়ে সুন্দরবনের কলস ক্যাম্প সংলগ্ন ফুলবাড়ি জঙ্গলের উদ্দেশে রওনা দিয়েছিলেন বন্দনা ও তাঁর স্বামী। নদীর খাঁড়িতে কাঁকড়া ও মাছ ধরতে গিয়েছিলেন তাঁরা। বুধবার দুপুরের দিকে নৌকায় যখন রান্না করছিলেন বন্দনা। ঠিক তখনই জঙ্গল থেকে একটি রয়াল বেঙ্গল টাইগার অতর্কিতে তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে। ঘাড় কামড়ে ধরে তাঁকে গভীর জঙ্গলে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে বাঘটি।

নিজের চোখের সামনে স্ত্রীর এই ভয়াবহ পরিণতি দেখে চিৎকার শুরু করেন তাঁর স্বামী। বেগতিক বুঝে রক্তাক্ত বন্দনাকে ছেড়ে দিয়ে গভীর জঙ্গলে চম্পট দেয় বাঘটি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত জয়নগর-কুলতলি ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে কুলতলি থানার পুলিশ হাসপাতাল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পেটের দায়ে সুন্দরবনের জঙ্গলে গিয়ে এভাবে প্রাণ হারাল আরও এক মৎস্যজীবীর।

Follow Us