
গোসাবা: গিয়েছিলেন মাছ ধরতে। সেই মাছ ধরেই জীবিকা নির্বাহ করতেন। কিন্তু তার মধ্যেই মর্মান্তিক ঘটনা। বাঘের হানায় প্রাণ গেল এক মৎস্যজীবীর। মৃতের নাম রামপদ বর্মণ (৪৫)। দক্ষিণ ২৪ পরগনা গোসাবার ছোট মোল্লাখালি গ্রাম পঞ্চায়েতের কালিদাসপুর এলাকার বাসিন্দা। মঙ্গলবার সকালে সঙ্গীদের সঙ্গে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণের শিকার হন তিনি।
বৈধ অনুমতি নিয়েই এদিন জঙ্গলে প্রবেশ করেছিলেন রামপদ ও তার সঙ্গীরা। সুন্দরবনের চামটার জঙ্গল লাগোয়া খাঁড়িতে কাঁকড়া ধরার সময় আচমকাই একটি বাঘ ঝাঁপিয়ে পড়ে তাঁর উপর। তখনই মর্মান্তিক ঘটনা। আকস্মিক হামলায় গুরুতর জখম হন রামপদ। চলতে থাকে ভয়ঙ্কর লড়াই। রামপদের সঙ্গে থাকা অন্য মৎস্যজীবীরা প্রাণপণ লড়াই করেন যাতে তাঁর সঙ্গীকে বাঁচানো যায়। বাঘটিকে তাড়িয়ে দেওয়ারও চেষ্টা করেন তাঁরা।
রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে নৌকায় তুলে দ্রুত গ্রামে ফিরিয়ে চিকিৎসার করার চেষ্টা করা হলেও শেষরক্ষা হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সুন্দরবন কোস্টাল থানার পুলিশ। দেহ উদ্ধার করে বুধবার ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। বন দফতর সূত্রে জানা গিয়েছে, প্রয়োজনীয় কাগজপত্র ও পারমিট নিয়েই তারা কাঁকড়া ধরতে গিয়েছিল।