Train News: হাওড়ার বদলে পৌঁছবে অন্য স্টেশন, বদলাচ্ছে এই ট্রেনগুলির টার্মিনাল, দেখে নিন

Shalimar Train Update: দক্ষিণ-পূর্ব রেলের বক্তব্য, প্রতিদিন যাত্রীসংখ্যা ও ট্রেনের সংখ্যা বাড়ছে। ফলে হাওড়া ও সাঁতরাগাছি স্টেশনে ট্রেন পরিচালনার ক্ষেত্রে একাধিক সমস্যা তৈরি হচ্ছে। বিশেষ করে হাওড়া স্টেশনে দূরপাল্লার ট্রেনের চাপের কারণে লোকাল ট্রেন পরিচালনাতেও প্রভাব পড়ছে। এই পরিস্থিতিতে শালিমারকে আরও বেশি করে টার্মিনাল হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Train News: হাওড়ার বদলে পৌঁছবে অন্য স্টেশন, বদলাচ্ছে এই ট্রেনগুলির টার্মিনাল, দেখে নিন
ফাইল ছবিImage Credit source: Tv9 Bangla

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Nov 14, 2026 | 6:28 PM

হাওড়া: হাওড়া ও সাঁতরাগাছি স্টেশনে (Howrah-Santragachi) ট্রেনের চাপ কমাতে বড় পদক্ষেপ দক্ষিণ-পূর্ব রেলের (South-East Railway)। এবার চার জোড়া মেল ও এক্সপ্রেস ট্রেনের যাত্রা শুরুর ও শেষের স্টেশন পরিবর্তন করা হয়েছে। হাওড়া ও সাঁতরাগাছির পরিবর্তে ওই ট্রেনগুলির টার্মিনাল করা হয়েছে শালিমার (Shalimar)। পাশাপাশি আরও একটি ট্রেনের টার্মিনাল হাওড়ার পরিবর্তে সাঁতরাগাছি করা হয়েছে। রেলের এই সিদ্ধান্তে হাওড়া ও সাঁতরাগাছি স্টেশনের উপর দূরপাল্লার ট্রেনের চাপ অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। এর ফলে লোকাল ট্রেন চলাচল আরও মসৃণ হবে।

কেন এই সিদ্ধান্ত? 

দক্ষিণ-পূর্ব রেলের বক্তব্য, প্রতিদিন যাত্রীসংখ্যা ও ট্রেনের সংখ্যা বাড়ছে। ফলে হাওড়া ও সাঁতরাগাছি স্টেশনে ট্রেন পরিচালনার ক্ষেত্রে একাধিক সমস্যা তৈরি হচ্ছে। বিশেষ করে হাওড়া স্টেশনে দূরপাল্লার ট্রেনের চাপের কারণে লোকাল ট্রেন পরিচালনাতেও প্রভাব পড়ছে। এই পরিস্থিতিতে শালিমারকে আরও বেশি করে টার্মিনাল হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে হাওড়া ও সাঁতরাগাছির মধ্যে দূরপাল্লার ট্রেনের যাতায়াত কমবে। হাওড়া স্টেশনে ডাউন লাইনের লোকাল ট্রেন চলাচলের জন্য প্ল্যাটফর্মের ব্যবহার আরও সহজ হবে।

রেলের তরফে জানানো হয়েছে, শালিমার কোচিং ইয়ার্ডে ইতিমধ্যেই সাতটি পূর্ণ দৈর্ঘ্যের পিট লাইন এবং তিনটি প্ল্যাটফর্ম লাইন রয়েছে। পাশাপাশি আরও দুটি প্ল্যাটফর্ম লাইন তৈরির কাজ চলছে। ফলে দূরপাল্লার ট্রেন পরিচালনার জন্য শালিমারে পর্যাপ্ত পরিকাঠামো রয়েছে। সেই কারণেই এই স্টেশনকে আরও বেশি করে কাজে লাগাতে চাইছে দক্ষিণ-পূর্ব রেল।

কোন কোন ট্রেনের টার্মিনাল বদলেছে?

  • ২২৮৫১/২২৮৫২ সাঁতরাগাছি-ম্যাঙ্গালুরু সেন্ট্রাল এক্সপ্রেস: ২৯ অক্টোবর শালিমার থেকেই যাত্রা শুরু করেছে। শালিমারেই যাত্রা শেষ করছে।
  • ১৮০০৯/১৮০১০ সাঁতরাগাছি-আজমেঢ় এক্সপ্রেস: ৩০ অক্টোবর থেকে এই ট্রেনের যাত্রা শুরু ও শেষের স্টেশন হয়েছে শালিমার।
  • ২২৮১৭/২২৮১৮ হাওড়া-মাইসুরু এক্সপ্রেস: ৩০ অক্টোবর থেকে হাওড়ার পরিবর্তে শালিমার থেকে যাত্রা শুরু ও শালিমারেই যাত্রা শেষ করেছে।
  • ১২৮৬৭/১২৮৬৮ হাওড়া-পুদুচেরি এক্সপ্রেস: ২৫ অক্টোবর থেকে এই ট্রেনের টার্মিনালও শালিমার করা হয়েছে।
  • ১২৮৮৩/১২৮৮৪ সাঁতরাগাছি-পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস: ২৫ অক্টোবর থেকে এই ট্রেনের যাত্রা শুরু ও শেষের স্টেশন সাঁতরাগাছি করা হয়েছে।

উল্লেখ্য, গত অগস্ট মাসেই রেল বোর্ড এই টার্মিনাল পরিবর্তনের অনুমোদন দিয়েছিল। ১১ অগস্ট ২০২৬ তারিখে জোনাল রেলওয়েগুলিকে পাঠানো চিঠিতে হাওড়া ও সাঁতরাগাছি থেকে চার জোড়া মেল ও এক্সপ্রেস ট্রেনের টার্মিনাল শালিমারে সরানোর অনুমতি দেওয়া হয়। পাশাপাশি হাওড়া থেকে একটি ট্রেনের টার্মিনাল সাঁতরাগাছি করার সিদ্ধান্তও জানানো হয়েছিল।

Loading...
Unable to load recommendations.
Follow Us