Sundarban : খাঁ খাঁ করছে হোটেল, ভিড় নেই পর্যটকের, চরম ক্ষতির মুখে সুন্দরবনের ব্যবসায়ীরা

Sundarban : সুন্দরবনের ব্যবসায়ীদের দাবি, একের পর এক বুকিং ক্যানসেল হয়েছে। বোট মালিকরা দাবি করেছেন, একেকজন বোট মালিকের প্রায় ২৫ থেকে ৩০ টি করে বুকিং বাতিল হয়েছে। যার ফলে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। রাজ্যজুড়ে SIR চালুর জন্য বুকিং একের পর এক ক্যানসেল হয় বলে অভিযোগ। ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়েন তাঁরা।

Sundarban : খাঁ খাঁ করছে হোটেল, ভিড় নেই পর্যটকের, চরম ক্ষতির মুখে সুন্দরবনের ব্যবসায়ীরা
ক্ষতির মুখে সুন্দরবনের ব্যবসায়ীরা Image Credit source: Tv9 Bangla

| Edited By: Avra Chattopadhyay

Feb 28, 2026 | 1:42 PM

কুলতলি : সুন্দরবন। দিঘা, পুরী, দার্জিলিঙের পর বাঙালির অন্যতম পছন্দের ডেস্টিনেশন। বিশেষ করে শীতকালে পর্যটকদের ভিড় হয় লক্ষ্য করার মতো। আবার বর্ষাকালে ইলিশ উৎসবকে কেন্দ্র করে জমে ওঠে ভিড়। তবে, নতুন বছর পড়তেই ব্যবসায় মন্দা দেখা দিয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। ক্ষতির মুখে পড়েছেন সুন্দরবনের ব্যবসায়ীরা। তাঁদের দাবি, এসআইআরের প্রভাবে ব্যবসায় ক্ষতি হয়েছে। একের পর এক বুকিং ক্যানসেল হয়েছে। সুন্দরবনের হোটেলগুলিতেও পর্যটকদের ভিড় নেই। ফাঁকা নদী খাড়িগুলি। দোকানগুলিতেও খদ্দেরের দেখা নেই। ব্যবসায়ীরা বলছেন, এসআইআরের প্রভাবে তাঁদের অনেক ক্ষতি হয়ে গেল।

SIR কীভাবে প্রভাব ফেলছে পর্যটন শিল্পে

এসআইআর-এ হেয়ারিং-এর কারণে সমস্যা তৈরি হয়েছে। সুন্দরবনের ব্যবসায়ীদের দাবি, বহু পর্যটক বুকিং করেছিলেন। কিন্তু, হেয়ারিংয়ের ডেট পড়ার জন্য বাধ্য হয়ে বুকিং বাতিল করতে হয়। আর এর জেরে একের পর এক বুকিং ক্যানসেল হয়েছে। বোট মালিকরা দাবি করেছেন, একেকজন বোট মালিকের প্রায় ২৫ থেকে ৩০ টি করে বুকিং বাতিল হয়েছে। যার ফলে প্রচুর আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বলে দাবি করেছেন তাঁরা।

বোট মালিকরা জানিয়েছেন, বছরের শুরুতে ব্যবসা ভাল শুরু হয়েছিল। প্রচুর বুকিং তাঁরা পাচ্ছিলেন। কিন্ত রাজ্যজুড়ে SIR চালুর জন্য বুকিং একের পর এক ক্যানসেল হয়। ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়েন তাঁরা।

নামে এক বোট মালিক বলেন, “এসআইআর নিয়ে ব্যবসায় প্রচুর সমস্যা হয়েছে। কোনও পর্যটক নেই সেভাবে। বোট নিয়ে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হচ্ছে। অথচ পর্যটকের দেখা নেই।”

আরও এক বোট মালিক বলেন,”ব্যবসা প্রথম দিকে ভালো হয়েছিল। কিন্তু এসআইআরের জন্য অনেক ভাড়া কেটে গিয়েছে। আমার ২০টি ভাড়া কেটে গিয়েছে। ঘাটতির জায়গায় রয়েছি। অনেক ক্ষতি হয়ে গেল আমাদের।”

পর্যটন ব্যবসায়ী বলেন, খুব একটা ভাল অবস্থা নয়। এ বছর প্রচুর লোকসান হয়েছে। এসআইআরের কারণে প্রচুর ট্যুর ক্যানসেল হয়েছে। এসআইআরের নোটিস আসার জন্য বুকিং ক্যানসেল করতে হচ্ছে। ফলে এবছর প্রচুর ক্ষতি হয়েছে। প্রতিটি মালিকের লোকসান হয়েছে।

ভোট আবহে এসআইআর-কে কেন্দ্র করে বঙ্গের পারদ চড়ছে। ২৮ ফেব্রুয়ারিই প্রকাশিত হয়েছে চূড়ান্ত তালিকা। ভোটার তালিকায় নাম উঠবে কিনা, সেই বিষয়ে রাজ্যবাসীর মনে একটা আশঙ্কা আগের থেকেই তৈরি হয়েছিল। হেয়ারিংয়ে ডাকার কারণে আতঙ্কে বহু মানুষ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ। এবার এসআইআর-এর প্রভাব পর্যটন শিল্পেও পড়েছে বলে অভিযোগ তুললেন সুন্দরবনের ব্যবসায়ীরা।