
কলকাতা : আজ নির্বাচনী ইস্তাহার প্রকাশ করল বিজেপি। উপস্থিত ছিলেন অমিত শাহ। ১০ হাজার বিশিষ্টের সঙ্গে কথা বলে সংকল্পপত্র তৈরি করা হয়েছে। অমিত শাহ বলেন, “এই সংকল্পপত্র বাংলাকে নিরাশা থেকে বের করে দিশা দেখাবে। মহিলা থেকে কৃষক সবস্তরের মানুষকে আলো দেখাবে। বিকশিত ভারতের রোডম্যাপ সংকল্পপত্র। রবীন্দ্র জয়ন্তীতে নতুন বাংলা গঠন করা হবে।” মোট ১৫টি সংকল্প নেওয়া হয়েছে। বিজেপির সংকল্পপত্রে প্রাধান্য পেয়েছে মহিলা, যুব থেকে কৃষি, শিল্প। এর আগে বহুবার বিভিন্ন বিজেপি নেতা-মন্ত্রীদের মুখে শোনা গিয়েছে, বিজেপি ক্ষমতায় এলে মহিলাদের তিনহাজার টাকা দেওয়া হবে। বিজেপির ইস্তাহারে সেই সংকল্পই নেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভান্ডারের পাল্টা বিজেপির অন্নপূর্ণা প্রকল্প। অমিত শাহ জানিয়েছেন, বিজেপির সরকার গঠন হলেই মহিলাদের মাসে ৩ হাজার টাকা দেওয়া হবে। বেকার যুবকদের জন্য ৩ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি বিজেপির। কী কী রয়েছে সংকল্প পত্রে দেখে নিন
১.অনুপ্রবেশে জ়িরো টল্যারেন্স নীতি
বিজেপির প্রথম সংকল্প, অনুপ্রবেশ মুক্ত বাংলা গড়ে তোলা হবে। অমিত শাহ বলেন, “বিজেপি বাংলায় সরকার গঠন করলে অনুপ্রবেশকারীদের বেছে বেছে বের করে আনব। অনুপ্রবেশ মুক্ত সরকার গঠন করা হবে।”
২.মহিলাদের ৩ হাজার টাকা
বাংলার মহিলাদের সাবলম্বী করতে মাসে তিন হাজার টাকা দেওয়া হবে। মাসের ১ তারিখ থেকে ৫ তারিখের মধ্যে অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে।
৩.নতুন চাকরি ও যুবদের ৩ হাজার টাকা
আগামী পাঁচ বছরে ১ কোটি মানুষের জন্য নতুন চাকরি ও স্বনির্ভর হওয়ার সুযোগ তৈরি করা হবে। যুবক-যুবতিদের চাকরি না হওয়া পর্যন্ত প্রতি মাসে ৩ হাজার টাকা দেওয়া হবে।
৪.দুর্গা সুরক্ষা স্কোয়াড
মহিলাদের নিরাপত্তার জন্য থাকবে বিশেষ মহিলা পুলিশ ব্যাটলিয়ন। নাম দুর্গা সুরক্ষা স্কোয়াড। রাজ্যের সমস্ত সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ করা হবে। অমিত শাহ জানিয়েছেন, অন্তঃসত্ত্বাকে এককালীন ২১ হাজার টাকা দেওয়া হবে। এছাড়া, সরকারি বাসে মহিলাদের ভাড়া মকুবের সংকল্প নেওয়া হয়েছে।
৫.সপ্তম পে কমিশন
সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা সুনিশ্চিত করা হবে। সপ্তম বেতন কমিশন চালু হবে। ৪৫ দিনে শূন্যপদ পূরণ করা হবে।
৬. সিন্ডিকেট রাজ নির্মূল
কাটমানি সাংস্কৃতিক সিন্ডিকেট রাজ নির্মূল করা হবে।
৭. শ্বেতপত্র
গত ১৫ বছরে তৃণমূল সরকারের দুর্নীতি ও আইনশৃঙ্খলার অবক্ষয়ের খতিয়ান তুলে ধরতে একটি বিশেষ শ্বেতপত্র প্রকাশ করা হবে।
৮. চাষিদের ন্যায্যমূল্য
ধান, আলু ও আম চাষে বিশেষ সরকারি সাহায্য ও কৃষকদের জন্য ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে।
৯. প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা
রাজ্যের প্রতিটি মৎস্যজীবীকে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার অধীনে নথিভুক্ত করা হবে। অর্থনীতিকে চাঙ্গা করতে রাজ্যকে একটি শিল্প কেন্দ্র ও দেশের অন্যতম প্রধান মাছ রপ্তানিকারক রাজ্যে উন্নিত করা হবে।
১০. চা ও পাট শিল্পে জোর
পুরনো চা বাগানগুলির উন্নয়ন, দার্জিলিং চায়ের বিশ্বজনীন ব্র্যান্ডিং করা হবে। একইসঙ্গে পাটশিল্পের আধুনিকীকরণ করা হবে।
১১. অভিন্ন দেওয়ানি বিধি
অভিন্ন দেওয়ানি বিধি বাস্তবায়িত করার জন্য আইন প্রণয়ন করা হবে। গবাদিপশু পাচার রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
১২. আয়ুষ্মান ভারত ও মহিলাদের বিনামূল্য স্তন ক্যানসার পরীক্ষা
বাংলাতে আয়ুষ্মান ভারত চালু করা হবে। এছাড়া বাকি কেন্দ্রীয় প্রকল্পগুলিও চালু করা হবে। মহিলাদের জন্য বিনামূল্যে এইচপিভি টিকাকরণ স্তন ক্যানসার পরীক্ষা চালু করা হবে। উত্তরবঙ্গে নতুন এইমস ও নতুন আইআইটি ও আইআইএম ক্যাম্পাস তৈরি করা হবে।
১৩. অষ্টম তফসিলে কুড়মালি ও রাজবংশী ভাষা
বিজেপির সংকল্পপত্র অনুযায়ী, ভারতীয় সংবিধানের অষ্টম তফসিলে কুড়মালি ও রাজবংশী ভাষা অন্তর্ভুক্ত করা হবে।
১৪. বিশেষ বন্দে মাতরম সংগ্রহশালা তৈরি করা হবে।
১৫. ধর্মাচরণে স্বাধীনতা নিশ্চিত করতে আইন তৈরি করা হবে।