
শুক্রবার সকালে রানিগঞ্জে চাল ব্যবসায়ীর বাড়িতে ইডি হানা। এমএসবি রোডের শিশুবাগান মোড় এলাকায় এক প্রভাবশালী চাল ব্যবসায়ীর বাড়িতে অতর্কিত অভিযান চালাল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ED)। কেন্দ্রীয় বাহিনীর বিশাল টিম সঙ্গে নিয়ে চারটি গাড়িতে করে আধিকারিকরা ব্যবসায়ীর বাসভবন ও অফিসে তল্লাশি শুরু করে।
পুর নিয়োগ দুর্নীতি মামলায় ফের রথিন ঘোষ ও সুজিত বসুকে তলব ইডির। আগামিকাল দুই মন্ত্রীকেই ডেকে পাঠানো হয়েছে। সুজিত বসুকে এই নিয়ে তৃতীয়বার তলব করা হয়েছে। এদিকে, গতকালই ইডিকে চিঠি দিয়ে হয়রানির অভিযোগ তুলেছেন সুজিত বসু। একইসঙ্গে জানিয়েছেন, ভোটর কাছে ব্যস্ত রয়েছেন। ভোটের পরই সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
বিধানসভা নির্বাচনের আগে ফের উত্তপ্ত গোসাবা। বিজেপির বৈঠকে ঢুকে তাণ্ডব চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। গতকাল গোসাবার রাঙাবেলিয়া অঞ্চলে বিজেপির একটি ঘরোয়া বৈঠক ছিল। ওই বৈঠকে ঢুকেই বিজেপি কর্মীদের উপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। রড-লাঠি দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছেন। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার না করা হলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি প্রার্থী।
ভোটের আগে বড় ধাক্কা হুমায়ুন কবীরের। বিতর্কিত ভিডিয়ো ভাইরাল হতেই হাত ছাড়ল জোটসঙ্গী। আসাউদ্দিন ওয়াইসির পার্টি এআইএমআইএম (AIMIM) হুমায়ুন কবীরের আমজনতা উন্নয়ন পার্টির সঙ্গে জোট ভাঙার কথা ঘোষণা করল। শুক্রবার মিমের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে এই পোস্ট করা হয়। সেখানে হুমায়ুনের পার্টির সঙ্গে জোট প্রত্যাহার করার কথা বলা হয়।
হুমায়ুনের ভিডিয়ো হু হু করে ভাইরাল, ভোটের আগেই জোট ভাঙল AIMIM
ভোটের মুখে রাজ্যজুড়ে ইডির তল্লাশি অভিযান। মোট ১২ জায়গায় তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি। রেশন দুর্নীতির তদন্তেই তল্লাশি অভিযান শুরু করেছে ইডি।
আজ রাজ্যে আসছেন অমিত শাহ। আজই ইস্তাহার প্রকাশ করবে বিজেপি। তবে, রাজ্যে পা দেওয়ার আগে ফের তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ালেন অমিত শাহ। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করেছেন। অমিত শাহ লেখেন, “তৃণমূলের অত্যাচারে অতিষ্ঠ বাংলা এখন পরিবর্তন চাইছে। আজ কলকাতায় তৃণমূল কংগ্রেসের ‘ভয়ের রাজ’ থেকে বাংলাকে মুক্ত করার লক্ষ্যে বিজেপির ‘সংকল্প পত্র’ প্রকাশ করব। এরপরে পশ্চিম মেদিনীপুরের ডেবরায় জনসভা এবং খড়গপুরে রোড শো করব। রাজ্যের ভাই-বোনদের মধ্যে থাকার জন্য আমি উৎসুক।”
Live Assembly Election 2026 News Updates in Bengali: আজ বিজেপির সঙ্কল্পপত্র প্রকাশ। সঙ্কল্পপত্র প্রকাশ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজই রাজ্যে আসছেন তিনি। তবে, রাজ্যে পা দেওয়ার আগে ফের তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ালেন অমিত শাহ। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করেছেন। এছাড়া একাধিক কর্মসূচিও রয়েছে তাঁর। একটি সভা ও রোড শো করবেন বলে বিজেপি সূত্রে খবর। এদিকে, আজ সকাল থেকেই রাজ্যজুড়ে তল্লাশি অভিযান শুরু করেছে ইডি। রেশন দুর্নীতি মামলায় তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি। অন্যদিকে, আজ সকাল থেকেই প্রচারে ঝড় তুলেছেন রাজনৈতিক দলের প্রার্থীরা। এদিন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনটি প্রচারসভা রয়েছে। বসিরহাট, স্বরূপনগর ও বারাসতে সভা রয়েছে তাঁর।