
কিভ: ফের বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার (Ukraine Ship Attacked) অভিযোগ। ঘটনায় প্রাণ হারালেন ৪ ভারতীয় নাবিক (Indian Sailors Death)। জানা গিয়েছে, ইউক্রেনের ওডেসা (Odesa) বন্দর ছেড়ে যাওয়ার পর জাহাজটির উপর ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ওঠে। সোমবার ভারতের বিদেশমন্ত্রকের তরফে এমনটাই জানানো হয়েছে। একইসঙ্গে ঘটনার তীব্র নিন্দা করেছে নয়া দিল্লি।
বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ১৯ জুলাই সন্ধ্যা নাগাদ ওডেসা বন্দর ছেড়ে যাওয়ার সময় এমভি গোল্ডেন লিও (MV Golden Leo) জাহাজটি হামলার শিকার হয়। জাহাজে মোট ১৭ জন নাবিক ছিলেন। তাঁদের মধ্যে পাঁচজন ভারতীয় বলে জানা গিয়েছে। তবে, ইতিমধ্যেই চারজনের মৃত্যু হয়েছে। আরও একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।
বিদেশমন্ত্রক জানিয়েছে, ইউক্রেনে অবস্থিত ভারতীয় দূতাবাস পরিস্থিতির উপর নজর রাখছে। ক্ষতিগ্রস্তদের সবরকম সহায়তা করার চেষ্টা করা হচ্ছে। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা রইল। পাশাপাশি আহত ভারতীয় নাবিকের দ্রুত আরোগ্যও কামনা করেছে কেন্দ্র। ভারত এই হামলার তীব্র নিন্দা করে বলেছে, বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে হামলা, নাবিকদের জীবন বিপন্ন করা এবং আন্তর্জাতিক নৌ-চলাচল ও বাণিজ্যে বাধা সৃষ্টি করা অত্যন্ত নিন্দনীয়। এ ধরনের ঘটনা এড়ানো উচিত।
ইউক্রেনের দাবি, রাশিয়াই হামলা চালিয়েছে। ইউক্রেনের নৌবাহিনীর দাবি, গিনি-বিসাউয়ের পতাকাবাহী এই জাহাজে তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়ে রাশিয়া। ফলে জাহাজে আগুন ধরে যায়। ইউক্রেনের সমুদ্রবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, রাতভর উদ্ধার অভিযান চালানো হয়। হামলায় ৯ জন নাবিক ও ১ জন মেরিটাইম পাইলটের মৃত্যু হয়েছে । মোট ১৭ জনের মধ্যে ৮ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
এদিকে ইউক্রেনের ওডেসার গভর্নরের দাবি, চলতি মাসে রাশিয়ার হামলায় ওই অঞ্চলে এখনও পর্যন্ত ২৮ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, রাশিয়ার বেলগোরোদ (Belgorod) অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় একটি বাসে এক শিশুসহ ৫ জনের মৃত্যু হয়। একই সময়ে ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার হামলাতে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে।