Yunus Musk Talks: ট্রাম্প মোদীকে যুদ্ধবিমান দেওয়ার কথা বলতেই, মাস্কের সঙ্গে ‘গোপনে’ বৈঠক সারলেন ইউনূস! কী বিষয়ে হল আলোচনা?
Yunus Musk Talks: 'জ্বালা' মেটাতেই মোদীর সঙ্গে মাস্কের বৈঠক শেষ হতেই টেসলা কর্তার কাছে দ্বারস্থ হন বাংলাদেশের তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস।

ঢাকা: আমেরিকা সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেখা করেছেন সেদেশের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। বসেছিলেন একান্ত বৈঠকেও। ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি, সেদেশের অন্যতম শিল্পপতি, ট্রাম্পের ‘প্রিয় বন্ধু’ ইলন মাস্কের সঙ্গেও দেখা করেন তিনি।
নিজের সঙ্গিনী ও তিন শিশু সন্তানকে নিয়ে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে নিজে দেখা করতে যান মাস্ক। মোদীর হাতে তুলে দেন বিশেষ উপহারও। আর তাতেই যেন একটু ‘হিংসা’ হয় ইউনূসের। সেই ‘জ্বালা’ মেটাতেই মোদীর সঙ্গে মাস্কের বৈঠক শেষ হতেই টেসলা কর্তার কাছে দ্বারস্থ হন বাংলাদেশের তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস।
গতকাল এক্স মাধ্যম সাবেক টুইটারে সেই কেন্দ্রীক একটি পোস্টও করেন তিনি। তাতে লেখেন, ‘বৃহস্পতিবার, টেসলা কর্তা ইলন মাস্কের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সের মাধ্য়মে অনেকক্ষণ কথা হল। বাংলাদেশে উন্নতির জোয়ার আনতেই ভবিষ্যতে সম্ভবত এখানে স্টারলিঙ্ক ইন্টারনেট সার্ভিস চালু করা যেতে পারে।’
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই ভারতে স্টারলিঙ্ক ইন্টারনেট পরিষেবা চালু করার চেষ্টা চালাচ্ছেন মাস্ক। কিন্তু নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় নিয়ম ও শর্ত মানলে মাস্কের সংস্থা স্টারলিঙ্ককে ছাড়পত্র দেওয়া বেজায় কঠিন। এবার সেই স্টারলিঙ্ককে বাংলাদেশের বাজারে আনতে চাইছেন ইউনূস।
আমেরিকা সফরে গিয়ে মাস্কের সঙ্গে মোট ৫৫ মিনিট বৈঠক করেন প্রধানমন্ত্রী মোদী। সূত্রের খবর, একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয় তাঁদের মধ্যে। এমনকি ভারতে হাইস্পিড নেটওয়ার্ক স্টারলিঙ্ক-এর ব্যবসা শুরু করা নিয়েও নাকি আলোচনা হয়েছে এই বৈঠকে।

