
ঢাকা: আবার জ্বলছে বাংলাদেশ। শেখ হাসিনা দেশ ছাড়ার সময় যেমন জ্বলছিল বাংলাদেশ, ঠিক সেই ভাবেই হাসিনার দেশে ফেরার আগেও উত্তপ্ত হয়ে উঠল বাংলাদেশ। গোপালগঞ্জে রবিবার দিনভর আওয়ামী লিগের নেতা-কর্মীদের বিক্ষোভ চলল। গোপালগঞ্জকে ‘স্বাধীন’ ঘোষণা করল হাসিনার দল। পরিস্থিতি সামাল দিতে বিজিবি নামায় তারেক রহমানের সরকার। ইতিমধ্যেই জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে সরিয়ে দিয়েছে সরকার।
প্রথম আলো-র প্রতিবেদন অনুযায়ী, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে আগামী ১৯শে নভেম্বর আওয়ামী লিগের পক্ষ থেকে যে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে, তার প্রস্তুতির অংশ হিসাবেই গোপালগঞ্জে রবিবার বিক্ষোভ জমায়েত করে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা।
রবিবার সকালে গোপালগঞ্জের বন্ধ পড়ে থাকা আওয়ামী লিগের কার্যালয় খোলা হয়। বেলা গড়াতেই হাসিনার সমর্থনে কর্মী সমর্থকদের বিপুল ভিড় বাড়তে থাকে। যত ভিড় বাড়ে, ততই পরিস্থিতি উত্তপ্ত হয়। অভিযোগ ওঠে পুলিশের গাড়িতে ভাঙচুর ও আগুন লাগিয়ে দেওয়ার। ‘জয় বাংলা’ স্লোগানও লিখে দেওয়া হয় গাড়িতে। লঞ্চঘাট এলাকায় তৈরি জুলাই স্মৃতিস্তম্ভও পুড়িয়ে দেওয়া হয়। আওয়ামী লিগ কর্মীদের হাতে ধারাল অস্ত্র, লাঠি ছিল বলেই দাবি।
এরপরে প্রেস ক্লাব এলাকায় একের পর এক ককটেল বিস্ফোরণের খবর মেলে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি নামিয়ে ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ। গোপালগঞ্জ সরকারি কলেজের নামের ফলক মুছে ফেলে আগের নাম ‘বঙ্গবন্ধু কলেজ’ লেখা ব্যানার টাঙিয়ে দেওয়া হয়। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলকও ভেঙে মুক্তিযুদ্ধ চত্বর ব্যানার টানানো হয়।
প্রেস ব্রিফিং-এ বিজিবির যশোর অঞ্চলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। গোপালগঞ্জ শহরে দিনভর বিক্ষোভের ঘটনার পর বিকেলে জেলা প্রশাসক মহম্মদ আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মহম্মদ হাবীবুল্লাহকে ফেনী থেকে সরিয়ে দিয়েছে সরকার। এর বদলে হবিগঞ্জের ডিসি জিএম সরফরাজকে গোপালগঞ্জের ডিসির দায়িত্বে আনা হয়েছে। হাবীবুল্লাহকে ফেনীর পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।