Vietnam Boat Accident: ভিয়েতনামে বড় দুর্ঘটনা, ভারতীয় পর্যটক নিয়ে উল্টে গেল নৌকা, মৃত্যু ১৫ জনের

Phu Quoc Boat Capsize: গত বছরও ভিয়েতনামে বড় দুর্ঘটনা ঘটেছিল। ২০২৫ সালের জুলাইয়ে হা লং উপসাগরে একটি যাত্রীবাহী নৌকা ঝড়ের মধ্যে উল্টে যায়।ওই দুর্ঘটনায় অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছিল। তারপর থেকেই ভিয়েতনামের পর্যটন এলাকায় নৌ-নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহত নিয়ে কিছু জানানো হয়নি।

Vietnam Boat Accident: ভিয়েতনামে বড় দুর্ঘটনা, ভারতীয় পর্যটক নিয়ে উল্টে গেল নৌকা, মৃত্যু ১৫ জনের
ভিয়েতনামে উল্টে গেল নৌকাImage Credit source: Tv9 Bangla

Jul 11, 2026 | 4:15 PM

হ্যানয়: ভিয়েতনামে বড় দুর্ঘটনা। ফুকুয়ক (Phu Quoc) দ্বীপের কাছে উল্টে গেল যাত্রীবাহী নৌকা (Vietnam Boat Accident)। ওই নৌকাতে ভারতীয় পর্যটক ছিলেন বলে জানা গিয়েছে। ভিয়েতনামে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে এই খবর নিশ্চিত করা হয়েছে। ঘটনায় এখনও পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। জোরকদমে চলছে উদ্ধারকাজ।

ঠিক কী ঘটেছে?

আজ দুপুরের দিকে ঘটনাটি ঘটে। স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, দুর্ঘটনার সময় আন থোই উপকূলের সমুদ্র বেশ উত্তাল ছিল। তবুও সেই সময় পর্যটকবাহী নৌকা চলাচল করছিল। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, ওই নৌকাতে মোট ৩২ জন ভারতীয় পর্যটক ছিলেন। এছাড়া চারজন নাবিক ছিলেন। তাঁদের মধ্যে এখনও পর্যন্ত ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু (প্রতিবেদন লেখা পর্যন্ত) হয়েছে। ভারতীয় দূতাবাসের তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানানো হয়েছে, “ফুকুয়ক দ্বীপের কাছে মর্মান্তিক ঘটনা ঘটেছে। ভারতীয় পর্যটক নিয়ে একটি নৌকা উল্টে গিয়েছে। ঘটনার সমস্ত তথ্য সংগ্রহ করা হচ্ছে।”

ভারতীয় দূতবাসের তরফে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সাহায্য করতে হো চি মিন সিটিতে ভারতীয় কনস্যুলেট জেনারেলে এই কন্ট্রোল রুম খোলা হয়েছে। পাশাপাশি হ্যানয়েও একটি পৃথক কন্ট্রোল রুম চালু করা হয়েছে। প্রয়োজনে সেখান থেকে তথ্য ও সাহায্যও পাওয়া যাবে বলে জানিয়েছে দূতাবাস।

হো চি মিন সিটিতে যে কন্ট্রোল রুম খোলা হয়েছে, তার যোগাযোগের নম্বরও দেওয়া হয়েছে। নম্বরগুলি হল +৮৪৩৬২৮১৭৯৩০, +৮৪৯১৫৫২৩৭১৪ এবং +৮৪৩৩৪৫২০৪১৪। হ্যানয়ের কন্ট্রোল রুমের নম্বর বল +৮৪৯১৩০৮৯১৬৫।

জোরকদমে চলছে উদ্ধারকাজ

দুর্ঘটনার পর সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। আশপাশে থাকা একাধিক পর্যটকবাহী নৌকা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেয়। দুর্ঘটনার বিষয়ে নৌকার এক মাঝি জানান, তাঁরা মাত্র পাঁচ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যান। তবে অনেক যাত্রী নৌকার ভিতরে আটকে পড়ায় উদ্ধারকাজে প্রাথমিক সমস্যা তৈরি হয়। তাঁর কথায়, খুব অল্প কয়েকজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।

উল্লেখ্য, গত বছরও ভিয়েতনামে বড় দুর্ঘটনা ঘটেছিল। ২০২৫ সালের জুলাইয়ে হা লং উপসাগরে একটি যাত্রীবাহী নৌকা ঝড়ের মধ্যে উল্টে যায়। ওই দুর্ঘটনায় অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছিল। তারপর থেকেই ভিয়েতনামের পর্যটন এলাকায় নৌ-নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল।

Follow Us