
জেনেভা: বিশ্বমঞ্চে পাকিস্তানকে (Pakistan) কড়া জবাব ভারতের (India)। রাষ্ট্রপুঞ্জে (United Nations) পাকিস্তানকে সরাসরি আক্রমণ করে ভারত বলল, “যে দেশে সংখ্যালঘুদের নিপীড়ন করা হয় এবং চরম মানবাধিকার লঙ্ঘন করা হয়, তাদের কোনও অধিকার নেই ভারত সম্পর্কে মন্তব্য করার।”
রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কাউন্সিলের সাধারণ সভায় “রাইট টু রিপ্লাই”-র অধীনেই ভারত পাকিস্তানকে কড়া জবাব দেয়। পাকিস্তানের বারংবার ভারতের উল্লেখের জবাবে ভারতের রাষ্ট্রদূত তথা সেক্রেটারি অনুপমা সিং বলেন, “এটা অত্যন্ত দুঃখজনক যে কাউন্সিলের ফোরামের ফের অপব্যবহার করে ভারতের সম্পর্কে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।”
জানা গিয়েছে, প্রতিবারের মতো এবারও পাকিস্তান জম্মু-কাশ্মীর ইস্যু নিয়েই ভারতকে আক্রমণ করে রাষ্ট্রপুঞ্জে। এর জবাবে ভারতের প্রতিনিধি অনুপমা সিং রাষ্ট্রপুঞ্জে বলেন, “পাকিস্তান ভারতের উদাহরণ টেনে যে বক্তব্য রেখেছে, তাতে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে কাউন্সিলের মঞ্চ ফের অপব্যবহার করা হল। জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের অবিচ্ছেদ্য ও অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। ভারত সরকার সাংবিধানিক পদক্ষেপও করছে এই অঞ্চলের অর্থ-সামাজিক উন্নয়নের জন্য। জম্মু-কাশ্মীরে সুশাসন ভারতের অভ্যন্তরীণ বিষয়। এই অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করার অবস্থান নেই পাকিস্তানের।”
India exercises Right of Reply against Pakistan at #HRC55 pic.twitter.com/rdTMVWYmFT
— India at UN, Geneva (@IndiaUNGeneva) February 28, 2024
এখানেই থামেননি ভারতের রাষ্ট্রদূত। পাকিস্তানের মানবাধিকারের রেকর্ডকে “অস্বাভাবিক” অ্যাখ্যা দিয়ে ফার্স্ট সেক্রেটারি বলেন, “যে দেশ নিজেদের সংখ্য়ালঘুদের নিপীড়নকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে, তাদের ভারত, যে দেশ অর্থনৈতিক উন্নয়ন করেছে এবং যার সামাজিক ন্যয়বিচারে নজির গড়েছে, তার সম্পর্কে মন্তব্য করার কোনও অধিকার বা অবস্থান নেই।”
২০২৩ সালেই পাকিস্তানে খ্রিস্টান সম্প্রদায়ের উপরে আক্রমণ ও অত্যাচারের উদাহরণ তুলে ধরে ভারতের প্রতিনিধি বলেন, “পাকিস্তান নিজের দেশের নাগরিকদের আসল পরিষেবা দিতেই ব্যর্থ হয়েছে।”
পাকিস্তান সন্ত্রাসবাদকে আশ্রয় দেয়, এই বলেও আক্রমণ করেন তিনি। বলেন, “আমরা এমন দেশের কথায় গুরুত্ব দিতে পারি না, যারা গোটা বিশ্বে সন্ত্রাসবাদকে মদত দিয়ে নিজেদের রক্তে রাঙিয়েছে। জাতীয় ব্যালেন্স শিটে ঋণের বোঝা এবং সাধারণ মানুষকে পরিষেবা দিতে ব্যর্থ হয়েছে।”