Iran Supreme Leader : ইরানের কুর্সিতে খামেনেই পুত্র মোজতাবাই, ট্রাম্পের হুঁশিয়ারি, ‘বেশিদিন…’

Iran Supreme Leader : ১৯৬৯ সালে ইরানের মাশহাদে জন্মগ্রহণ করেন। কম বয়সে তিনি ইরান-ইরাক যুদ্ধে অংশ নিয়েছিলেন। মোজতাবা ইরানের শিয়া ধর্মতাত্ত্বিক শিক্ষাকেন্দ্র কোমের মাদ্রাসা থেকে ধর্মীয় শিক্ষা লাভ করেন। মোজতাবাকে কখনও ইসলামিক প্রজাতন্ত্র সরকারের কোনও পদে দেখা যায়নি। খুব কমই জনসমক্ষে কথা বলতে দেখা গিয়েছে তাঁকে।

Iran Supreme Leader : ইরানের কুর্সিতে খামেনেই পুত্র মোজতাবাই, ট্রাম্পের হুঁশিয়ারি, বেশিদিন...
মোজতাবা খামেনেই

Mar 09, 2026 | 6:58 AM

তেহরান : ইরানের পরবর্তী সুপ্রিম লিডারের নাম চূড়ান্ত হয়েছে আগেই। অপেক্ষা ছিল আনুষ্ঠানিক ঘোষণার। অবশেষে খামেনেইয়ের উত্তরসুরীর নাম ঘোষণা করে দিল তেহরান। ইরানের কুর্সিতে বসতে চলেছেন খামেনেইয়ের দ্বিতীয় পুত্র মোজতাবা খামেনেই। সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, ভোটের মাধ্যমে ইরানের পরবর্তী সুপ্রিম লিডার হিসেবে মোজতাবা খামেনেইকেই বেছে নিয়েছে ‘অ্যাসেম্বলি অফ এক্সপার্টস’। তবে, যুদ্ধ পরিস্থিতিতে প্রথম দিকে খামেনেইয়ের উত্তরসুরীর নাম গোপনেই রাখতে চেয়েছিল তেহরান। ইতিমধ্যেই ইজ়রায়েলের তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, যিনিই ইরানের সুপ্রিম লিডার হতে চাইবেন, তাঁকেই নিশানা করবে তারা। একই সুর ট্রাম্পের গলাতেও। মার্কিন প্রেসিডেন্টের হুঁশিয়ারি, বেশিদিন টিকতে পারবে না ইরানের নতুন নেতা। দুই দেশের হুঁশিয়ারির মধ্যেই ইরানের সুপ্রিম লিডারের নাম ঘোষণা করল তেহরান।

ইরানের বিভিন্ন সংবাদমাধ্য়ম আগেই দাবি করেছিল, খামেনেইয়ের দ্বিতীয় পুত্রই ইরানের কুর্সিতে বসতে চলেছে। ইরানের সংবিধান অনুযায়ী, সুপ্রিম লিডার নির্বাচনের দায়িত্ব থাকে ৮৮ সদস্যের ‘অ্যাসেম্বলি অফ এক্সপার্টস’-এর উপর। রয়টার্স সূত্রে জানা যায়, রবিবারই একটি বৈঠকে বসে ওই পরিষদ। ইরানের সুপ্রিম লিডার বাছাইয়ে বেশিরভাগ সদস্যই ঐক্যমতে পৌঁছয়। কিন্তু, সুপ্রিম লিডারের নাম প্রকাশ্যে আনার বিষয়ে একটা বিরোধ তৈরি হয়েছিল। ইরানের বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, নির্বাচিত প্রার্থীকে পরবর্তী সুপ্রিম লিডার হিসাবে নিয়োগের ক্ষেত্রে একটা বিবাদ তৈরি হয়েছে। কিছু সদস্যের মতে, নিয়োগের আগে একটি আনুষ্ঠানিক বৈঠক প্রয়োজন। কেউ আবার ভার্চুয়াল মাধ্যমে সুপ্রিম লিডারের নাম ঘোষণায় পক্ষপাতী। অন্যদিকে, নিরাপত্তার কথা চিন্তা করে সুপ্রিম লিডারের নাম ঘোষণা নিয়ে সংশয় প্রকাশ করেন অনেকে। তবে, সংশয়-বাধার মধ্যেও তেহরান জানিয়ে দিয়েছে, ইরানকে নেতৃত্ব দেবেন মোজতাবা খামেনেই। উল্লেখ্য, সুপ্রিম লিডারের নাম চূড়ান্ত হওয়ার আগে পর্যন্ত তেহরানের অন্তর্বর্তী দায়িত্বে ছিল তিন সদস্যের এক কাউন্সিল। প্রেসিডেন্ট পেজেশকিয়ানের নেতৃত্বেই ওই কাউন্সিল গঠন করা হয়েছে। পেজেশকিয়ান ছাড়াও কাউন্সিলে রয়েছেন আলিরেজ়া আরাফি ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসেনি।

মোজ়তাবা খামেনেই কে?

১৯৬৯ সালে ইরানের মাশহাদে জন্মগ্রহণ করেন। কম বয়সে তিনি ইরান-ইরাক যুদ্ধে অংশ নিয়েছিলেন। মোজতাবা ইরানের শিয়া ধর্মতাত্ত্বিক শিক্ষাকেন্দ্র কোমের মাদ্রাসা থেকে ধর্মীয় শিক্ষা লাভ করেন। মোজতাবাকে কখনও ইসলামিক প্রজাতন্ত্র সরকারের কোনও পদে দেখা যায়নি। খুব কমই জনসমক্ষে কথা বলতে দেখা গিয়েছে তাঁকে।

ইসলামিক প্রজাতান্ত্রিক সরকারের পোশাকবিধি লঙ্ঘনের অভিযোগে এক তরুণীর মৃত্যুর পর ইরানে যে অস্থিরতা দেখা গিয়েছিল, সেই সময় বিক্ষোভকারীদের সমালোচনার মুখে পড়েছিলেন মোজতাবা।

বছর ৫৬-র মোজতাবা ‘ইসলামিক রেভলিউশনারি গার্ড’বাহিনীর দায়িত্বে রয়েছেন। যদিও তা অঘোষিত। এছাড়া একাধিক শিয়া মুসলিম সংগঠনের শীর্ষ পদেও রয়েছেন তিনি।

প্রসঙ্গত, ইরানের সুপ্রিম লিডারের নাম ঘোষণার আগেই তেহরানকে হুঁশিয়ারি দিয়েছে তেল আভিভ। ইজ়রায়েলের প্রতীরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি, সুপ্রিম লিডার হিসেবে যাকেই নির্বাচিত করা হোক না কেন, তাঁকে হত্যা করা হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও স্পষ্ট জানিয়ে দেয়, ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের পরবর্তী সুপ্রিম লিডার ক্ষমতায় থাকতে পারবেন না। এবিসি নিউজ়কে ট্রাম্প বলেন, “তাঁকে আমাদের কাছ থেকে আগে অনুমোদন নিতে হবে। যদি আমাদের কাছ থেকে অনুমোদন না পায়, তবে বেশিদিন টিকতে পারবে না।” তাহলে কি আয়োতোল্লা আলি খামেনেইয়ের মতোই পরিণতি হতে চলেছে তাঁর পুত্র মোজতাবা খামেনেইয়ের? দেশের দায়িত্ব নেওয়ার পর কোন দিকে মোড় নিতে চলেছে ইরানের ভবিষ্যত, সেদিকেই নজর থাকবে গোটা বিশ্বের।

Follow Us