Iran-US Ceasefire: ২৪ ঘণ্টার মধ্যেই ফের হরমুজ় বন্ধ করল ইরান, কী পরিস্থিতি মধ্যপ্রাচ্যে?
Iran closed Strait of Hormuz : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী খুলে দেওয়ার শর্তে রাজি হয়েছে ইরান। তারপরই এই যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে ইজরায়েলও সমর্থন করেছে। শোনা যাচ্ছিল, ১০ এপ্রিল ইরান-আমেরিকা শান্তি চুক্তি আলোচনা হতে পারে। কিন্তু, তার মধ্যেই হঠাৎ পরিস্থিতি কেন জটিল হয়ে উঠল?

তেহরান : ২৪ ঘণ্টাও কাটেনি। ফের হরমুজ় বন্ধ করে দিল ইরান। এক রাতের মধ্যেই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও জটিল হয়ে উঠল। বুধবার ভোরে আমেরিকা ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করেছে। ইরানও ঘোষণা করে, হরমুজ় প্রণালী খুলে দেওয়া হচ্ছে। তারপর বুধবার মধ্যরাত। আবারও পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠল। ইরান অভিযোগ তুলেছে, আমেরিকা যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। তাই হরমুজ় বন্ধ করে দেওয়া হয়েছে।
২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে ইরান-আমেরিকা সংঘাত। প্রায় ৪০ দিন পার করেছে দুই দেশের যুদ্ধ। তবে দুই দেশ দুই সপ্তাহের জন্য সংঘর্ষবিরতিতে রাজি হয়েছে। বেশ কিছু শর্তের উপর যুদ্ধবিরতিতে রাজি হয়েছে তারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী খুলে দেওয়ার শর্তে রাজি হয়েছে ইরান। তারপরই এই যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে ইজরায়েলও সমর্থন করেছে। শোনা যাচ্ছিল, ১০ এপ্রিল ইরান-আমেরিকা শান্তি চুক্তি আলোচনা হতে পারে। কিন্তু, তার মধ্যেই হঠাৎ পরিস্থিতি কেন জটিল হয়ে উঠল?
ইরান জানিয়েছে, যুদ্ধবিরতি সত্ত্বেও ইজ়রায়েল লেবাননে হামলা করেছে। তেহরানের দাবি, ইজ়রায়েল মাত্র ১০ মিনিটে ১০০টিরও বেশি বিমান হামলা চালিয়েছে। তাই হরমুজ় বন্ধ করে দেওয়া হয়েছে।
ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দাবি, যুদ্ধবিরতির শর্তে লেবানন অন্তর্ভুক্ত নয়। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “প্রেসিডেন্ট ট্রাম্পের দুই সপ্তাহের জন্য ইরানের ওপর হামলা স্থগিত করার সিদ্ধান্তকে সমর্থন করে ইজ়রায়েল। আশা করা হচ্ছে ইরান অবিলম্বে হরমুজ় খুলে দেবে।…তবে, এই দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে লেবানন অন্তর্ভুক্ত নয়।” লেবাননে ও হিজ়বুল্লার বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত থাকবে। জানা গিয়েছে, লেবাননের হামলায় অন্তত ১১২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় ৮৩৭ জন। এই ঘটনার পরই ফের হরমুজ় অবরুদ্ধ করে দেয় ইরান।
এদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভেট স্পষ্টভাবে জানিয়েছেন, হরমুজ প্রণালী বন্ধ করা গ্রহণযোগ্য নয়। ইরানকে দ্রুত, নিরাপত্তা বজায় রেখে হরমুজ় খুলে দিতে হবে। ট্রাম্পও লেবাননে হামলাকে সমর্থন করেছেন। তিনি বলেন, “হিজ়বোল্লা এই যুদ্ধবিরতির অংশ নয়। তাই লেবাননে অভিযান চলতেই পারে। এটা আলাদা সংঘাত। এই চুক্তির অংশ নয়।” ট্রাম্পের দাবি অনুযায়ী, যদি লেবানন শর্তের বাইরে থাকে, সেটা মেনে নিয়ে কি ইরান ফের হরমুজ় প্রণালী খুলবে? নাকি সম্পূর্ণ অবরুদ্ধই করে দেবে? আর অবরুদ্ধ করে দিলে কী পরিস্থিতি হতে চলেছে বিশ্ববাণিজ্যের? আশঙ্কা, আতঙ্ক, উদ্বেগ ফের বাড়ছে, এমনই বলছে আন্তর্জাতিক মহল।
