Iran-USA Peace Talks Failure: পশ্চিম এশিয়ায় ফের রণডঙ্কা? নিষ্ফলা ২১ ঘণ্টা ম্যারাথন বৈঠক, ভেস্তে গেল ইরান-আমেরিকার শান্তি আলোচনা

Iran-US Peace Talks: গত ৬ সপ্তাহ যুদ্ধের পর গত মঙ্গলবার ইরানের সঙ্গে দু’সপ্তাহ যুদ্ধবিরতির ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারপরই ইসলামাবাদে দুপক্ষের মধ্যে মধ্যস্থতা বৈঠক শুরু হয়। তাতেই আশার আলো দেখতে শুরু করেছিল গোটা বিশ্ব। শেয়ার বাজারেও দেখা গিয়েছিল বড়সড় লাভ। ফের ঘুরে দাঁড়াতে শুরু করেছিল সেনসেক্স, নিফটি।

Iran-USA Peace Talks Failure: পশ্চিম এশিয়ায় ফের রণডঙ্কা? নিষ্ফলা ২১ ঘণ্টা ম্যারাথন বৈঠক, ভেস্তে গেল ইরান-আমেরিকার শান্তি আলোচনা
ফের উদ্বেগ বাড়ছে গোটা বিশ্বজুড়ে Image Credit source: PTI

| Edited By: জয়দীপ দাস

Apr 12, 2026 | 8:56 AM

ইসলামাবাদ: তাকিয়ে ছিল গোটা বিশ্ব। কিন্তু যা খবর মিলছে তাতে দেখা যাচ্ছে ইসলামাবাদে ২১ ঘণ্টার ম্যারাথন বৈঠক কার্যত নিষ্ফলা। ব্যর্থ ইরান-আমেরিতা শান্তি বৈঠক। তাতেই আরও জটিল পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি। হরমুজ নিয়েও বের হল না কোনও রফাসূত্র। ইরানকে এক তরফা দোষারোপ মার্কিন ভাইস প্রেসিডেন্টের। শর্ত মানতে রাজি নয় ইরান, দাবি জেডি ভান্সের। তিনি বলছেন, কোনওভাবেই পারমাণবিক অস্ত্র না তৈরির বিষয়ে রাজি নয় ইরান। পাল্টা ইরান বলছে, আমেরিকার অনায্য দাবি মানার প্রশ্নই নেই। হরমুজ প্রণালীতে আমেরিকার দাদাগিরি তারা কোনওভাবেই মানবে না। তাঁদের সাফ কথা, হরমুজের পুরো নিয়ন্ত্রণ আমাদের হাতে।

প্রসঙ্গত, গত ৬ সপ্তাহ যুদ্ধের পর গত মঙ্গলবার ইরানের সঙ্গে দু’সপ্তাহ যুদ্ধবিরতির ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারপরই ইসলামাবাদে দুপক্ষের মধ্যে মধ্যস্থতা বৈঠক শুরু হয়। তাতেই আশার আলো দেখতে শুরু করেছিল গোটা বিশ্ব। শেয়ার বাজারেও দেখা গিয়েছিল বড়সড় লাভ। ফের ঘুরে দাঁড়াতে শুরু করেছিল সেনসেক্স, নিফটি। কিন্তু ২১ ঘণ্টার বেশি সময় ধরে বৈঠক চললেও তা সম্পূর্ণ নিষ্ফলা। কোনও সমাধান সূত্র বের হয়নি বলে জানিয়ে দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স।

সূত্রের খবর, মার্কিন ভাইস প্রেসিডেন্ট সহ যে তিনজন প্রতিনিধি ছিল আমেরিকার তরফে তাঁদের শর্ত কোনওভাবেই মানতে নারাজ ইরান। অন্যদিকে ইরানের দাবি মানতেও অপারগ আমেরিকা। তাতেই জট যেন আরও পাকিয়ে গেল বলেই মনে করা হচ্ছে। হরমুজ প্রণালীকে নিজেদের হাতে রাখা, ইরানের স্কুলে হামলার দায় স্বীকার করার মতো একাধিক দাবি আমেরিকার কাছে রাখে ইরান। পাল্টা হরমুজ থেকে ইরানের নিয়ন্ত্রণ সরানোর মতো একাধিক দাবি রাখে আমেরিকা। কিন্তু কেউই কারও অবস্থান থেকে সরে আসতে নারাজ। জেডি ভান্স যদিও বলছেন, “আমরা অনেকটাই খোলামেলা আলোচনা করতে চেয়েছি। ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন আমাদের এখানে আসতে। আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে বলেছিলেন ডিলের জন্য। আমরাও সবটা দিয়ে চেষ্টা করেছিলাম।”

অন্যদিকে শান্তি আলোচনা ভেস্তে যেতেই রীতিমতো রেগে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাফ বললেন, ইরানকে আমরা হারিয়ে দিয়েছি। শান্তি আলোচনার ফল নিয়ে চিন্তিত নই। ইরানের বক্তব্যে কিছুই যায় আসে না। হরমুজে মাইন সরানোর কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। হরমুজ খুলেই ছাড়ব। এই ভাষাতেই হুঙ্কার দিয়েছন ট্রাম্প।

Follow Us