Nepal: ‘ফিরে এসো মহারাজ…’, রাজা ও হিন্দু ধর্ম ফেরাতে আন্দোলন হিমালয়ের কোলে

Nepal: ষোল বছর, ২০০৮ সালে, হিমালয় কোলের দেশটিতে ছড়িয়ে পড়েছিল রাজতন্ত্র বিরোধী বিক্ষোভ। যার জেরে সিংহাসন ছেড়ে প্রজাতন্ত্রের রাস্তা পরিষ্কার করে দিতে বাধ্য হয়েছিলেন তৎকালীন নেপালি রাজা জ্ঞানেন্দ্র শাহ। এবার, ফের শুরু হয়েছে বিক্ষোভ। এবার অবশ্য উঠছে তাঁকে ফিরিয়ে আনার দাবি, রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবি, নেপালকে ফের হিন্দু রাষ্ট্র ঘোষণার দাবি।

Nepal: ফিরে এসো মহারাজ..., রাজা ও হিন্দু ধর্ম ফেরাতে আন্দোলন হিমালয়ের কোলে
ষোল বছর পর দেখা যাচ্ছে আন্দোলনের নতুন তরঙ্গ Image Credit source: Twitter

Mar 13, 2024 | 9:28 AM

কাঠমান্ডু: রাজতন্ত্র থেকে প্রজাতন্ত্রের দিকে যাত্রা। এটাই আধুনিক সময়ের সুর। যত দিন গিয়েছে, বিশ্বের দেশগুলি রাজা-রাজরাদের থেকে ক্ষমতা কেড়ে নিয়ে সাধারণ মানুষের হাতে তুলে দিয়েছে। তবে, চাকাটা সম্ভবত উল্টোদিকে ঘুরছে ভারতের প্রতিবেশি দেশ নেপালে। ষোল বছর, ২০০৮ সালে, হিমালয় কোলের দেশটিতে ছড়িয়ে পড়েছিল রাজতন্ত্র বিরোধী বিক্ষোভ। যার জেরে সিংহাসন ছেড়ে প্রজাতন্ত্রের রাস্তা পরিষ্কার করে দিতে বাধ্য হয়েছিলেন তৎকালীন নেপালি রাজা জ্ঞানেন্দ্র শাহ। এবার, ফের শুরু হয়েছে বিক্ষোভ। এবার অবশ্য উঠছে তাঁকে ফিরিয়ে আনার দাবি, রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবি, নেপালকে ফের হিন্দু রাষ্ট্র ঘোষণার দাবি।

দেশের রাজধানী কাঠমাণ্ডুতে প্রায়শই বিক্ষোভ দেখাচ্ছেন রাজতন্ত্রের সমর্থকরা। তাদের অভিযোগ, দেশের প্রধান রাজনৈতিক দলগুলির সবগুলিই দুর্নীতিগ্রস্ত এবং শাসন পরিালনায় ব্যর্থ। দেশের সকল রাজনীতিবিদদের নিয়ে তারা হতাশ। আর তাই তারা রাজতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করার এবং হিন্দু ধর্মকে রাষ্ট্রীয় ধর্ম হিসাবে ফিরিয়ে আনার দাবিতে সরব হয়েছেন। গত মাসে কাঠমান্ডুতে আয়োজিত এক সমাবেশ থেকে স্লোগান উঠেছে, “ফিরে এসো মহারাজ, দেশ বাঁচাও। দীর্ঘজীবী হোক আমাদের প্রিয় রাজা। আমরা রাজতন্ত্র চাই।” এই ধরনের সভার সংখ্যা ক্রমেই বাড়ছে। সেই সঙ্গে ষোল বছর আগের মতো, বাড়িতে বাড়িতে এবং দোকানগুলিতে রাজা জ্ঞানেন্দ্র শাহ এবং তাঁর পূর্বপুরুষদের ছবি লাগানো শুরু হয়েছে।

২০০৫ সাল পর্যন্ত জ্ঞানেন্দ্র শাহই ছিলেন নেপালের রাষ্ট্রপ্রধান। তবে, তাঁর কোনও কার্যনির্বাহী বা রাজনৈতিক ক্ষমতা ছিল না। কিন্তু, সেই সময় সরকার ও সংসদ ভেঙ্গে দিয়ে, রাজনীতিবিদ ও সাংবাদিকদের বন্দী করে, যোগাযোগ বিচ্ছিন্ন করে, সেনার সাহায্য়ে দেশের নিরঙ্কুশ ক্ষমতা দখল করেছিলেন তিনি। পরের বছরই নেপাল জুড়ে শুরু হয়েছিল রাজা তাড়ানোর আন্দোলন। হাজার হাজার লোকের বিক্ষোভের মুখে পড়ে, সংসদের ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিলেন শাহ। দুই বছর পরে নেপালি সংসদ, রাজতন্ত্রের বিলুপ্তির পক্ষে ভোট দিয়েছিল। সেই থেকে রাজা জ্ঞানেন্দ্র শাহ, রাজপ্রাসাদ ছেড়ে সাধারণের মতো জীবনযাপন করেন।

কিন্তু, যত সময় যাচ্ছে ততই আম নেপালিদের মনে প্রজাতন্ত্র নিয়ে হতাশা তৈরি হচ্ছে। এর প্রধান কারণ রাজনৈতিক স্থিতিশীলতা না থাকা। রাজতন্ত্রের বিলুপ্তির পর থেকে গত ষোল বছরে তেরোটি সরকার দেখেছে নেপাল। অর্থনৈতিক অবনতি এবং ব্যাপক দুর্নীতির জন্যও রাজনীতিবিদদেরই দায়ী করছে নেপালি জনগণ। তারা মনে করছেন, নির্বাচিত রাজনীতিবিদরা সাধারণ মানুষের সমস্যা সমাধানের চেয়ে ক্ষমতা ভোগ করতে বেশি আগ্রহী। আর এই সকল কারণেই নেপালের একাংশের মানুষ ফের রাজতন্ত্রকে চাইছেন।

নেপালে দীর্ঘকাল মানুষ বিশ্বাস করত, তাদের রাজারা হলেন বিষ্ণুর একেকজন অবতার। বর্তমানে রাজতন্ত্রের সমর্থকরা বলছেন, ভারত, চিন, আমেরিকার মতো দেশগুলি নেপালের উপর যে চাপ তৈরি করছে, প্রভাব ফেলার চেষ্টা করছে, তা থেকে দেশকে রক্ষা করার ক্ষেত্রে ছাতা হতে পারেন একমাত্র রাজাই। তিনিই দেশের মূল্যবোধ ও পরিচয় বজায় রাখতে পারবেন। রাজতন্ত্র না ফিরলে দেশে তরুণদের কোনও ভবিষ্যৎ থাকবে না। দেশের অস্তিত্ব রক্ষাই কঠিন হয়ে পড়তে পারে।

তবে এখনও এই আন্দোলনকারীদের সংখ্যা খুব বেশি নয়। ঠিক কতজন রাজতন্ত্রকে সমর্থন করছেন, তা এখনও স্পষ্ট নয়। তবে, রাজা হিসেবে জ্ঞানেন্দ্র শাহ মানুষের অত্যন্ত অপছন্দের হলেও, তিনি ক্ষমতা দখল করার আগে রাজতন্ত্র নিয়ে অভিযোগ ছিল না নেপালিদের। যদিও, নেপালি রাজনীতিবিদরা বলছেন, রাজতন্ত্র এখন ইতিহাস। রাজার ক্ষমতায় ফেরার আর কোনও সম্ভাবনা নেই। নেপালি কংগ্রেসের নেতা নারায়ণ প্রকাশ সৌদ জানিয়েছেন, একমাত্র সংবিধান পরিবর্তনের মাধ্যমে রাজতন্ত্রকে ফেরানো যেতে পরে। তবে, সেটা হওয়ার কোন সম্ভাবনা নেই।

Loading...
Unable to load recommendations.
Follow Us