Nobel Prize in Chemistry: নোবেল পেলেন হেনরি বি কাগান ও কেনসো সোয়াই, রসায়নের কোন রহস্য উদঘাটন করলেন তাঁরা?

Nobel Prize in Chemistry 2026: রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সের তরফে জানানো হয়েছে, কাগান ও সোয়াই শতাব্দী প্রাচীন একটি রাসায়নিক রহস্যের সমাধান খুঁজে দিয়েছেন। সেটি হল- কীভাবে স্বতঃস্ফূর্তভাবে হোমোকাইরালিটি (একই ধরনের কাইরাল রূপ) তৈরি হতে পারে।

Nobel Prize in Chemistry: নোবেল পেলেন হেনরি বি কাগান ও কেনসো সোয়াই, রসায়নের কোন রহস্য উদঘাটন করলেন তাঁরা?
রসায়নে নোবেল পুরস্কার পেলেন হেনরি বি কাগান ও কেনসো সোয়াই।Image Credit source: X

|

Oct 07, 2026 | 5:15 PM

সুইডেন: রসায়নে নোবেল প্রাইজ ঘোষণা হল। ২০২৬ সালে রসায়নে নোবেল প্রাইজ দেওয়া হল ফ্রান্সের ইউনিভার্সিটি প্যারিস-সুড (Université Paris-Sud)-র হেনরি বি কাগান (Henri B. Kagan) ও জাপানের টোকিয়ো ইউনিভার্সিটি অব সায়েন্সের কেনসো সোয়াই (Kenso Soai)। তাঁদের এই পুরস্কার দেওয়া হয়েছে অ্যাসিমেট্রিক অর্গানিক সংশ্লেষণে নন-লিনিয়ার প্রভাব ও অটোক্যাটালিসিস আবিষ্কারের জন্য। তাঁদের এই গবেষণা থেকে বোঝা যায়, কীভাবে একটি অণুর আয়নার প্রতিবিম্বের মতো দুই ধরনের রূপের মধ্যে একটি অন্যটির তুলনায় বেশি প্রাধান্য পেতে পারে।

রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সের তরফে জানানো হয়েছে, কাগান ও সোয়াই শতাব্দী প্রাচীন একটি রাসায়নিক রহস্যের সমাধান খুঁজে দিয়েছেন। সেটি হল- কীভাবে স্বতঃস্ফূর্তভাবে হোমোকাইরালিটি (একই ধরনের কাইরাল রূপ) তৈরি হতে পারে।

নোবেল কমিটির রসায়ন বিভাগের চেয়ারম্যান হেইনার লিঙ্কে বলেন, “এ বছরের পুরস্কারটি মৌলিক রসায়ন নিয়ে। অনেক অণু দুই ধরনের ভিন্ন রূপে দেখা যায়। যেমন আমার দুই হাত। তারা একে অপরের আয়নার প্রতিবিম্ব, দেখতে একই রকম হলেও তারা অভিন্ন নয়। আমি আমার দুই হাতকে একটির উপর আরেকটি পুরোপুরি মেলাতে পারি না। এই ধরনের অণুকেই কাইরাল (chiral) বলা হয়। ‘কাইরাল’ শব্দটি এসেছে গ্রিক শব্দ ‘হাত’ থেকে,”।

এর আগে সোমবার ও মঙ্গলবার চিকিৎসাবিজ্ঞান ও পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার ঘোষণা করা হয়েছে।

কোথা থেকে এল নোবেলের ভাবনা?

সুইডিশ গবেষক ও ব্যবসায়ী আলফ্রেড নোবেলের উইল অনুযায়ী বিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে অসামান্য অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়। ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে। তবে বিশ্বযুদ্ধের সময়সহ কয়েকটি ক্ষেত্রে এই পুরস্কার প্রদান বন্ধ ছিল।

পেশায় রসায়নবিদ নোবেল ১৯ শতকে বিভিন্ন আবিষ্কারের মাধ্যমে বিপুল সম্পদ অর্জন করেন। তাঁর আবিষ্কারগুলির একটি বড় অংশ যুদ্ধের কাজে ব্যবহৃত হত, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল ডিনামাইট। অর্থনীতিতে নোবেল পুরস্কার অবশ্য পরে চালু হয় এবং সুইডেনের কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে অর্থ দেওয়া হয়।

গত বছর রসায়নে নোবেল পুরস্কার পান বিজ্ঞানী সুসুমু কিটাগাওয়া (Susumu Kitagawa), রিচার্ড রবসন (Richard Robson) এবং ওমর ইয়াঘি (Omar Yaghi)। তাঁরা মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্কস (MOFs) তৈরির জন্য এই পুরস্কার পান। এই বিশেষ ধরনের আণবিক কাঠামো জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং বিশুদ্ধ জলের সংকটের মতো বিভিন্ন সমস্যার সমাধানে কাজে লাগতে পারে।

নোবেলজয়ীরা আগামী ১০ ডিসেম্বর সুইডেনের রাজা কার্ল ষোড়শ গুস্তাফ (Carl XVI Gustaf)-এর কাছ থেকে স্টকহোমে এক অনুষ্ঠানে তাঁদের পদক গ্রহণ করবেন। আগামী ১০ ডিসেম্বরই আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকী। পুরস্কার প্রদান অনুষ্ঠানের পর স্টকহোম সিটি হলে একটি জাঁকজমকপূর্ণ ভোজের আয়োজন করা হয়।

নোবেলজয়ীরা মোট ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা (প্রায় ১২ লাখ মার্কিন ডলার) পুরস্কারের অর্থ ভাগ করে নেবেন।

তবে শান্তিতে নোবেল পুরস্কার একমাত্র নোবেল পুরস্কার, যা সুইডেনে দেওয়া হয় না। এই পুরস্কার আলাদাভাবে নরওয়ের অসলোতে প্রদান করা হয়।

Loading...
Unable to load recommendations.
Follow Us