Tarique Rahman First Foreign Visit: প্রথম বিদেশ সফরে কেন ছোট দেশের দিকে ছুটলেন তারেক রহমান?

Bangladesh PM Tarique Rahman: বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর ও মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে ভারত-বাংলাদেশের সম্পর্কে অবনতি হলেও, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বিএনপি সরকার নির্বাচিত হওয়ার পর দুই প্রতিবেশী দেশের মধ্যে আবার সম্পর্ক জুড়ছে।

Tarique Rahman First Foreign Visit: প্রথম বিদেশ সফরে কেন ছোট দেশের দিকে ছুটলেন তারেক রহমান?
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।Image Credit source: PTI

|

Jun 04, 2026 | 2:36 PM

ঢাকা: বাংলাদেশে (Bangladesh) এখন বিএনপির সরকার। প্রধানমন্ত্রী হয়েছেন জিয়াউর রহমান ও খালেদা জিয়ার পুত্র তারেক রহমান (Bangladesh PM Tarique Rahman)। গত ফেব্রুয়ারিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে বসার পর প্রথমবার তিনি বিদেশ সফরে যাচ্ছেন। তবে প্রতিবেশী দেশ ভারত কিংবা চিনে নয়। তারেক যাচ্ছেন মালয়শিয়া (Malaysia)। তাও আবার বিশেষ কারণে।

ভারত সফরে আসার ইচ্ছা প্রকাশ করেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে বাংলাদেশি সংবাদমাধ্যমগুলির সূত্রে জানা যায়, ভারত নয়, প্রথমে চিন সফরে যাচ্ছেন তারেক রহমান। ২৩ জুন চিনে যাওয়ার কথা তারেকের। তার আগেই মালয়শিয়ায় যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এটাই তার প্রথম বিদেশ সফর হতে চলেছে। 

জানা গিয়েছে, আগামী ২১-২২ জুন মালয়শিয়া সফরে যাচ্ছেন তারেক রহমান। ঢাকা অত্যন্ত সুচারু পরিকল্পনা করেই কুয়ালালামপুরকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরের জন্য বেছেছে।  প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, সরকার  আঞ্চলিক ভূ-রাজনীতি ও চিন এবং ভারতের মধ্যে কৌশলগত প্রতিযোগিতার কথা মাথায় রেখেই মালয়শিয়াকে বাছা হয়েছে। এই তৃতীয় দেশ নিয়ে বাকি দুই দেশের বিশেষ কোনও আপত্তি বা আগ্রহ থাকবে না।

তারেক রহমান মালয়শিয়ায় গিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করবেন। তবে এই সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে ভারত ও চিনই। সূত্রের খবর, তারেক চান না আন্তর্জাতিক মহলে ভারত বা চিন- কারোরই খুব ঘনিষ্ঠ হিসাবে নতুন বাংলাদেশের ভাবমূর্তি তৈরি করতে। সেই কারণে বেজিং সফরের আগে মালয়শিয়া ঘুরে যাবেন তারেক।

উল্লেখ্য, বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর ও মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে ভারত-বাংলাদেশের সম্পর্কে অবনতি হলেও, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বিএনপি সরকার নির্বাচিত হওয়ার পর দুই প্রতিবেশী দেশের মধ্যে আবার সম্পর্ক জুড়ছে। তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লেখা চিঠি তিনি তারেকের হাতে তুলে দেন। ওই চিঠিতেই তারেক রহমান ও তার পরিবারকে ভারতে আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি।

তবে প্রথম বিদেশ সফরে নিরপেক্ষতা বজায় রাখার চেষ্টাই করছেন তারেক রহমান। তার বদলে বেছে নিয়েছেন মালয়শিয়া, যেখানে মুসলিম জনসংখ্যা বেশি। বিএনপি সরকার তাদের ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণ করছে। বিশেষ করে সীমান্তে যেভাবে পরিবর্তন আসছে, তার জন্য ভারতে সফরে আসার আগে আরও কিছুটা সময় চান তারেক, এমনটাই বাংলাদেশি সংবাদমাধ্যমগুলির দাবি।

মালয়শিয়ার পর চিন সফরে যাচ্ছেন তারেক। প্রতি বছর প্রায় ২৫ বিলিয়ন ডলারের পণ্য চিন থেকে বাংলাদেশে আমদানি হয়। পরিকাঠামোর ক্ষেত্রেও চিন বড় বিনিয়োগ করছে। তারেক রহমানের এই সফর আরও বিনিয়োগ আনতে পারে। দ্য ডেইলি স্টারের প্রতিবেদন অনুযায়ী, তিস্তা জলচুক্তি নিয়ে চিনের সাহায্য চাইতে পারেন বাংলাদেশের  প্রধানমন্ত্রী। সম্প্রতি বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান চিন সফরে গিয়েছিলেন এই উদ্দেশ্যে, এমনটাই শোনা যায়।

Follow Us