
ক্যানবেরা: আজ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মেলবোর্নে অনুষ্ঠিত হতে চলা এই বৈঠকে খনিজ (Critical Minerals), বাণিজ্য, প্রতিরক্ষা এবং জ্বালানি নিরাপত্তা-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। বৈঠকে আরও একটা বিষয়ের উপর নজর থাকবে। অস্ট্রেলিয়ার থেকে ইউরেনিয়াম আমদানি করতে পারে ভারত। এই সংক্রান্ত বড় চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে দুই দেশের মধ্যে।
তিন দেশ সফরে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইন্দোনেশিয়া সফরের পর গতকালই মেলবোর্ন পৌঁছন নরেন্দ্র মোদী। গার্ড অব অনার-এর মাধ্যমে তাঁকে স্বাগত জানানো হয়। তার আগে বুধবার দুই নেতা ভারত-অস্ট্রেলিয়া সিইও ফোরাম এবং ইকোনমিক রোডম্যাপ বিজনেস রিসেপশনে অংশ নেন। উল্লেখ্য, ২০২৩ সালে শেষবার অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন তিনি।
প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করতে তৎপর দুই দেশই। সূত্রের খবর, প্রতিরক্ষা স্টার্টআপ এবং প্রতিরক্ষা উৎপাদনের ক্ষেত্রে ভারত-অস্ট্রেলিয়া ডিফেন্স ইনোভেশন করিডর গড়ে তোলা হতে পারে। সন্ত্রাসবাদ দমনে দুই দেশের সহযোগিতার উপর বিশেষ জোর দেওয়া হতে পারে।
সূত্রের খবর, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সহযোগিতা আরও জোরদার করতে মেরিটাইম সিকিউরিটি রোডম্যাপ তৈরি করা হতে পারে। এর মাধ্যমে সামুদ্রিক নজরদারি ও উপকূলীয় নিরাপত্তা পর্যবেক্ষণ আরও শক্তিশালী করা হবে।
একজন ভারতীয় সেনা আধিকারিককে অস্ট্রেলিয়ান ডিফেন্স কলেজে নিয়োগ করা হতে পারে।
সূত্রের খবর, জ্বালানি ক্ষেত্রে দুই দেশের অংশীদারিত্ব আরও শক্তিশালী করা হবে। নজরে থাকবে ইউরেনিয়াম চুক্তি। সূত্রের খবর, ইউরেনিয়াম সরবরাহ নিয়ে দুই দেশ একটি সমঝোতায় পৌঁছতে পারে। জ্বালানি উৎসের বহুমুখীকরণের লক্ষ্যে ভারত অস্ট্রেলিয়ার থেকে এলএনজি (LNG), কয়লা এবং ডিজেল আমদানি বাড়াবে।
দুই দেশের বৈঠকে জোর দেওয়া হতে পারে গুরুত্বপূর্ণ খনিজের সরবরাহের উপর। সূত্রের খবর, ভারত-অস্ট্রেলিয়া ক্রিটিক্যাল মিনারেল করিডর গড়ে তোলা হতে পারে। সূত্রের খবর, ভারত-অস্ট্রেলিয়া PACTS চুক্তির আওতায় সাইবার নিরাপত্তা, গুরুত্বপূর্ণ প্রযুক্তি এবং প্রযুক্তি-সরবরাহ শৃঙ্খলের স্থিতিশীলতা বাড়াতে দুই দেশ যৌথভাবে কাজ করবে।