Russia-Ukraine: রুশ ড্রোন হামলায় ধ্বংস হয়ে গেল ভারতীয় শিল্পপতির ওষুধ কারখানা! মৃত এক

Indian Pharma Plant Ukraine: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলার নিন্দা করেছেন। এক্স হ্যান্ডেলে তিনি দাবি করেন, সুমিতে একটি ওষুধের গুদামে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ঘটনায় একজনের মৃত্যু হয়েছে বলেও জানান তিনি। নিহত ব্যক্তির পরিবার ও প্রিয়জনদের প্রতি সমবেদনা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

Russia-Ukraine: রুশ ড্রোন হামলায় ধ্বংস হয়ে গেল ভারতীয় শিল্পপতির ওষুধ কারখানা! মৃত এক
ইউক্রেনের ওষুধের কারখানায় হামলা Image Credit source: x

Oct 04, 2026 | 5:56 PM

কিভ: রাশিয়া-ইউক্রেন (Russia-Ukraine) যুদ্ধ থামার কোনও লক্ষণ নেই। গত কয়েক মাস ধরে দুই দেশের মধ্যে ড্রোন হামলা চলছে। যার প্রভাব পড়ছে ভারতীয়দের উপরও। এবার রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের ফল ভুগতে হল এক ভারতীয় শিল্পপতিকে। ওই ভারতীয় শিল্পপতির এক ওষুধ কারখানায় রুশ ড্রোন হামলার অভিযোগ উঠেছে। হামলায় এখনও পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। হামলার জেরে ওষুধ কারখানাটি প্রায় ধ্বংস হয়ে গিয়েছে বলে খবর। ক্ষয়ক্ষতির পরিমাণ অন্তত ৪০০ কোটি টাকা বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।

ভারতের সঙ্গে কী যোগ রয়েছে এই সংস্থার?

কুসুম গ্রুপের পথচলা শুরু হয়েছিল ১৯৯৪ সালে। প্রথম দিকে ভারত থেকে ওষুধ ইউক্রেনে রফতানি ও সরবরাহের কাজ করত সংস্থাটি। বর্তমানে ভারতীয় নাগরিক রাজীব গুপ্ত সংস্থাটি পরিচালনা করেন।

২০০২ সালে অন্য সংস্থার ওষুধ সরবরাহের ব্যবসা থেকে সরে এসে নিজেদের ব্র্যান্ড বাজারজাত করতে শুরু করে কুসুম গ্রুপ। এরপর ওষুধ উৎপাদনের ক্ষেত্রেও পা রাখে তারা। ২০০৭ সালে ভারতে একটি উৎপাদন কেন্দ্র চালু হয়। ২০০৯ সালে ইউক্রেনের সুমিতে কারখানা খোলা হয়। পরবর্তী সময়ে ভারতেও আরও দু’টি উৎপাদন কেন্দ্র তৈরি করে সংস্থাটি।

বর্তমানে ৫০টিরও বেশি ওষুধ উৎপাদন করে কুসুম গ্রুপ। যার অধিকাংশই জেনেরিক ওষুধ। ইউক্রেন, উজবেকিস্তান, কাজাখস্তান এবং ফিলিপিন্স-সহ ন’টিরও বেশি দেশে সংস্থার ওষুধ বিক্রি হয়।

হামলা নিয়ে কী বললেন জেলেনস্কি?

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলার নিন্দা করেছেন। এক্স হ্যান্ডেলে তিনি দাবি করেন, সুমিতে একটি ওষুধের গুদামে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ঘটনায় একজনের মৃত্যু হয়েছে বলেও জানান তিনি। নিহত ব্যক্তির পরিবার ও প্রিয়জনদের প্রতি সমবেদনা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

যুদ্ধের মধ্যেও চালু ছিল সুমির কারখানা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরও সুমিতে কুসুম গ্রুপের কারখানায় উৎপাদন চালু ছিল। কিন্তু সাম্প্রতিক ড্রোন হামলায় কারখানাটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ অন্তত ৪০০ কোটি টাকা বলে অনুমান করা হচ্ছে।

গত কয়েক মাসে ইউক্রেনে প্রচুর জেটচালিত শাহেদ ড্রোন ব্যবহার করছে রাশিয়া। দ্রুতগামী এবং তুলনামূলকভাবে কম খরচের এই ড্রোন মোকাবিলায় ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে সমস্যায় পড়তে হয়েছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us