Seikh Hasina: ‘মৃত্যুকে ভয় পাই না’, এবছরই বাংলাদেশে ফিরছেন শেখ হাসিনা!
Seikh Hasina may return to Bangladesh: এনডিটিভি-কে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা জানিয়েছেন, দেশে ফেরা কোনও ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার বিষয় নয়। এটি বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, আইনের শাসন ফিরিয়ে আনা এবং মুক্তিযুদ্ধের চেতনা পুনরুদ্ধারের সঙ্গে জড়িত। বলেন, "আমি ক্ষমতার জন্য রাজনীতি করি না।"

নয়াদিল্লি: প্রত্যর্পণ নাকি প্রত্যাবর্তন? বাংলাদেশে কীভাবে ফিরবেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Seikh Hasina)? মাসখানেক আগেই হাসিনা এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে জানিয়েছিলেন, বাংলাদেশে প্রত্যাবর্তন হবে তাঁর। দেশ ফেরার ইঙ্গিত বারবার দিয়েছিলেন। আওয়ামি লিগের কর্মী (Awami league)-সমর্থকরাও সেই বিষয়ে আশাবাদী। আবার শোনা যাচ্ছে, চলতি বছরই তিনি বাংলাদেশে ফিরবেন। কিন্তু, এদিকে, বছরখানেক আগেই মানবতা বিরোধী অপরাধে সেদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনাকে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করেছে। এই পরিস্থিতিতে কীভাবে দেশে ফিরবেন তিনি? বাংলাদেশে ফেরা নিয়ে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বিস্তারিত জানিয়েছেন আওয়ামি লিগের নেত্রী শেখ হাসিনা।
‘বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি’
এনডিটিভি-কে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা জানিয়েছেন, দেশে ফেরা কোনও ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার বিষয় নয়। এটি বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, আইনের শাসন ফিরিয়ে আনা এবং মুক্তিযুদ্ধের চেতনা পুনরুদ্ধারের সঙ্গে জড়িত। বলেন, “আমি ক্ষমতার জন্য রাজনীতি করি না। আমি বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যেই রাজনীতি করি।”
তাঁর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় নিয়ে হাসিনা বলেন, “আমার বিরুদ্ধে যে রায় দেওয়া হয়েছে, তা আদতে কোনও বিচার নয়। এটি একটি বেআইনি, অসাংবিধানিক এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। বিচারব্যবস্থাকে রাজনৈতিক প্রতিহিংসার অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে, যাতে আওয়ামী লিগকে নেতৃত্বশূন্য করা যায়। অতীতেও এমন চেষ্টা হয়েছে। তখনও তারা ব্যর্থ হয়েছিল, এবারও ব্যর্থ হবে।”
‘মৃত্যুকে ভয় পাই না’
হাসিনা আরও বলেন, “আমি মৃত্যুকে ভয় পাই না। ১৯৭৫ সালে আমি আমার বাবা-মা, ভাই এবং পরিবারের প্রায় সকল সদস্যকে হারিয়েছি। ২১ অগস্ট গ্রেনেড হামলায় আমাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। আমার বিরুদ্ধে অসংখ্য ষড়যন্ত্র হয়েছে। কিন্তু প্রতিটি ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আমি বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছি।”
বাংলাদেশে ফেরা নিয়ে হাসিনা দৃঢ় প্রতিজ্ঞ। সাক্ষাৎকারে জানান, জনগণের ভোটে তিনি পাঁচবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন এবং দেশের অভূতপূর্ব উন্নয়নের জন্য কাজ করেছেন। তাঁর জীবনের প্রায় পুরোটাই বাংলাদেশের মানুষ, আওয়ামি লিগ এবং বাংলাদেশের উন্নয়নের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তবে, সব বাধা, ষড়যন্ত্র পেরিয়ে বাংলাদেশে ফিরবেন বলে জানিয়েছেন হাসিনা।
