
নয়াদিল্লি ও ঢাকা: বাংলাদেশের মাটিতে নামার সঙ্গে সঙ্গেই গ্রেফতার হবেন। সেটা জেনেও দেশে ফিরবেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম থেকে যে সময়সীমার কথা বলছেন, সেখান থেকেও সরছেন না। ভারতের সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাত্কারে হাসিনার দাবি, ‘বাংলাদেশে গেলে কী, কী হতে পারে, আমি জানি। গ্রেফতার হতে পারি। হয়ত জেলের মধ্যে আমাকে মেরে ফেলাও হতে পারে। আমার কিছুই আসে যায় না। বহুদিন হল নিজেকে নিয়ে, নিজের ভালো-মন্দ নিয়ে ভাবা বন্ধ করে দিয়েছি। যথেষ্ট জীবন দেখেছি। এখন কী হল তাতে আর কিছু আসে যায় না। যা হওয়ার বাংলাদেশেই হোক। আমি ফিরবই।’ অর্থাত্ শেখ হাসিনা ফিরতে মরিয়া। কিন্তু ফিরবেন কী করে? বাংলাদেশ তো তাঁকে পাসপোর্টই ইস্যু করবে না? চলতি সপ্তাহেই সেটা স্পষ্ট করে দিয়েছেন বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী।
পাসপোর্ট ছাড়া হাসিনা বাংলাদেশে ফিরবেন কী করে? ফেরা তো পরের কথা, প্লেনে উঠতেও তো পাসপোর্ট লাগবে? বৃহস্পতিবার ঢাকায় ভারতের হাইকমিশনারে এসে দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টিন। বৈঠকে কী হাসিনার ফেরা নিয়ে কথা হয়েছে? দু-দেশের কেউই মন্তব্য করতে চায়নি। হাসিনা কি তৃতীয় দেশ বিমানে করে বাংলাদেশ যাবেন? তৃতীয় দেশ থেকে বিমানে উঠলেও সমস্যা মিটবে এমন নয়। তারেক রহমানদের তখন সেই দেশের সঙ্গে বোঝাপড়া করতে হবে।
হাসিনা মনে করছেন, ঘোষণা করে পিছিয়ে আসার প্রশ্ন নেই। বাংলাদেশের মানুষ, আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁর ফেরার দিকে তাকিয়ে। ফিরতে তাঁকে হবেই। ফিরতে তো হবে কিন্তু কীভাবে? বিদেশমন্ত্রকের অবসরপ্রাপ্ত এক কর্তা বলছেন, হাসিনা নিজের অজান্তেই ভারতের দিকে একটা কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। হাসিনা বিদেশমন্ত্রককে বলেছেন, ‘আমি নিজের দায়িত্ব যাচ্ছি। সেটা লিখিত দিয়েই যাব। ভারতের কোনও সমস্যা হতে দেব না।’ কিন্তু সমস্যা হচ্ছে। বাংলাদেশে, হাসিনার গ্রেফতারি বা তাঁর উপর হামলা হলে দায় ভারতের উপর আসবে। ভারত নিজের অতিথি, নিজের বন্ধুকে কেন আটকাল না, সেই উত্তর কেন্দ্রকেই দিতে হবে।
বিশেষজ্ঞরা বলছেন, তারেক রহমানদের থেকে নিরাপত্তার গ্যারান্টি ছাড়া ভারত কোনওভাবেই হাসিনাকে বাংলাদেশে পাঠাবে না। তাই হাসিনাকে প্রত্যর্পণের প্রস্তাব ভারত ঝুলিয়ে রেখেছে। এখনও বলে যাচ্ছে, আমরা খতিয়ে দেখছি। এই সুর খুব তাড়াতাড়ি বদলাবে তারা। হাসিনাও সেটা জানেন। তাই বিদেশমন্ত্রককে একটা বিকল্প প্রস্তাব দিয়েছেন। তৃতীয় কোনও দেশ থেকে বাংলাদেশে যেতে হলেও আপত্তি নেই। হাসিনা বোঝাতে চেয়েছেন, বাংলাদেশের নতুন সরকারের ঘনিষ্ঠ কোনও দেশ থেকে তাঁর ফেরার ব্যবস্থা করা যেতে পারে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট দেশই তারেকদের সঙ্গে বোঝাপড়া করে নেবে।
হাসিনা বলেছেন, তৃতীয় কোনও দেশ যদি আমাকে বাংলাদেশ যাওয়ার সুযোগ দেয়, আমি শর্ত মানতে তৈরি। কিন্তু তৃতীয় দেশ হয়ে বাংলাদেশ যেতেও তো পাসপোর্ট লাগবে? বাংলাদেশ প্রশাসন হাসিনার পাসপোর্ট ইস্যু করার ঝুঁকি নেবে কী? হাসিনা ডিসেম্বরে ফেরার কথা বলেছিলেন। নভেম্বরের শুরু থেকেই রাজনৈতিক সংঘর্ষে রণক্ষেত্র বাংলাদেশ। টানা ৮-১০ দিন ধরে রাজনৈতিক সংঘর্ষ চলছে। আওয়ামী লীগ কর্মীরা চাঙ্গা হয়ে রাস্তায়। শাসকদল বিএনপির সঙ্গে টক্কর নিচ্ছেন। বিএনপি, জামাতের অফিসে হামলা হচ্ছে। এই অবস্থায় হাসিনা ফিরলে তারেকের সরকার আস্ত নাও থাকতে পারে।
কূটনীতিকরা বলছেন, ভারতের মতো বাংলাদেশও চাইছে, হাসিনা ভারতেই থাকুন। এখনই বাংলাদেশে ফেরার দরকার নেই। কিন্তু হাসিনা নিজে অন্যরকম চাইছেন। এখন উপায়? কূটনীতিকদের বক্তব্য, উপায় বলতে দুটে। এক, তৃতীয় দেশের সাহায্য। দুই, বাংলাদেশে তারেক রহমান সরকারের অনুরোধ মেনে প্রাক্তন প্রধানমন্ত্রীকে বাংলাদেশে ফেরত পাঠানো। কূটনীতির ভাষায়, প্রত্যর্পণ করা আপাতভাবে সম্ভব নয়। তা হলে? আর একটা উপায় রাষ্ট্রপুঞ্জের তদারকিতে হাসিনার ফেরার ব্যবস্থা করা। বাংলাদেশে ভারতের প্রাক্তন হাইকমিশনার বীণা সিকরির মতে, হাসিনা অনড় থাকলেও নয়াদিল্লির হাতে এটাই সবচেয়ে ভালো বিকল্প।