
ঢাকা: হাসিনার বাংলাদেশে ফেরার সময় যত এগিয়ে আসছে, তত উত্তপ্ত হচ্ছে সেদেশের পরিস্থিতি। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) নিজের জেলা গোপালগঞ্জকে ঘিরে এবার বড় সিদ্ধান্ত নিল তারেক রহমানের (Tarique Rahman) নেতৃত্বাধীন বিএনপি সরকার। জেলার স্থানীয় প্রশাসনিক সংস্থাগুলির জন্য আর্থিক বরাদ্দ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তাই নয়, অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে একাধিক সরকারি পরিষেবাও। বন্ধ ট্রেন চলাচল, আগুনে পুড়ে যাওয়া দু’টি থানার কাজকর্মও এখনও স্বাভাবিক হয়নি। সরকারের এই সিদ্ধান্ত ঘিরে বাংলাদেশে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।
কেন এমন সিদ্ধান্ত? জানা গিয়েছে, শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল গোপালগঞ্জ। গত ১৫ নভেম্বর আওয়ামী লীগের কয়েকশো সমর্থক রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। তাঁদের অনেকের হাতেই ছিল অস্ত্র, দা, লাঠি ও বৈঠা। বিক্ষোভ ক্রমশ হিংসাত্মক হয়ে ওঠে। সরকারি পরিকাঠামো, পুলিশ স্টেশন এবং বিএনপি নেতাদের সম্পত্তিতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। অভিযোগ, এর পরেই গোপালগঞ্জের জন্য আর্থিক বরাদ্দ ও একাধিক পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সরকার।
শুধু গোপালগঞ্জ নয়, বাংলাদেশের বিভিন্ন জায়গাতেও অশান্তির খবর মিলেছে। ঢাকাতেও অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনা ঘটেছে। মহম্মদ ইউনূসের পৈতৃক বাড়ির অব্যবহৃত একটি অংশে আগুন ধরিয়ে দেওয়া হয়। অন্যদিকে, তারেক রহমানের নিজের শহর বগুড়াতেও বিএনপির একটি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
বাংলাদেশি-আমেরিকান রাজনৈতিক ভাষ্যকার শফকত রব্বি এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সরকারের এই পদক্ষেপের পিছনে নির্দিষ্ট কৌশল থাকতে পারে। তাঁর মতে, বিক্ষোভকারীদের বিরুদ্ধে সরাসরি বলপ্রয়োগ না করে গোপালগঞ্জের বাসিন্দাদের নিজেদের কর্মকাণ্ডের পরিণতি উপলব্ধি করার সুযোগ দিতে চাইছে সরকার।
রব্বির কথায়, সরকারের সামনে দু’টি পথ ছিল। এক, বলপ্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা। দুই, গোপালগঞ্জের মানুষকে বুঝতে দেওয়া যে কোনও উস্কানি ছাড়াই হিংসার ঘটনায় তাঁরা নিজেদেরই ক্ষতি করেছেন। তাঁর দাবি, দ্বিতীয় পথটিই বেছে নিয়েছে সরকার।
প্রসঙ্গত, গত ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকায় গোপালগঞ্জের তিনটি আসনেই জয় পেয়েছিল বিএনপি। সেই জেলাতেই এখন একের পর এক অশান্তির ঘটনা তারেক রহমানের সরকারের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।
ঢাকার সংবাদমাধ্যম প্রথম আলো-র প্রতিবেদন অনুযায়ী, গোপালগঞ্জ জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পুরসভা এবং ইউনিয়ন পরিষদগুলির জন্য আর্থিক সাহায্যের তৃতীয় কিস্তি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২০২৭ সালের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত এই বরাদ্দ পাওয়ার কথা ছিল। সাধারণত চারটি কিস্তিতে স্থানীয় প্রশাসনিক সংস্থাগুলিকে আর্থিক সাহায্য দেওয়া হয়। কিন্তু আপাতত সেই টাকা দেওয়া হবে না বলেই সরকারি সূত্রের খবর।
বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী, গোপালগঞ্জ জেলার উন্নয়নমূলক কাজের জন্য বরাদ্দ প্রায় ৫০০ কোটি টাকাও আটকে রাখা হয়েছে।
এদিকে, গত ১৫ নভেম্বর থেকে গোপালগঞ্জের সঙ্গে বাংলাদেশের অন্যান্য এলাকার সংযোগকারী অন্তত পাঁচটি ট্রেন পরিষেবা বন্ধ রয়েছে। প্রথম আলো-র প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ রেলওয়ে এবং স্বরাষ্ট্র মন্ত্রকের সূত্রের দাবি, নাশকতার আশঙ্কায় এখনই ট্রেন পরিষেবা চালু করার কথা ভাবছে না সরকার।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ডেইলি স্টার-এর প্রতিবেদনেও উঠে এসেছে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য। বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল কর্তৃপক্ষ ঢাকা থেকে খুলনা পর্যন্ত নতুন ট্রেন চালানোর প্রস্তাব দিয়েছে। সেই রেলপথ গোপালগঞ্জকে সম্পূর্ণ এড়িয়ে যাবে।
অন্যদিকে, গত ১৭ ও ১৯ নভেম্বর আগুনে পুড়ে যায় টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার ভবন। তারপর থেকেই ওই দু’টি থানার কাজকর্ম বন্ধ রয়েছে। আপাতত গোপালগঞ্জ সদর থানা থেকেই এই দুই থানার দায়িত্ব সামলানো হচ্ছে।
এর সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের উপর। প্রথম আলো-র প্রতিবেদন অনুযায়ী, টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা কিংবা অভিযোগ দায়ের করতে সমস্যায় পড়ছেন বাসিন্দারা। ট্রেন পরিষেবা বন্ধ থাকায় রাজধানী ঢাকায় যাতায়াতেও ভোগান্তি বাড়ছে। তুলনামূলক কম খরচে এবং দ্রুত যাতায়াতের জন্য বহু মানুষ ট্রেনের উপর নির্ভর করেন।
বাংলাদেশের রাজনৈতিক মহলে এখন বড় প্রশ্ন, আওয়ামি লিগের সমর্থকদের বিরুদ্ধে সরাসরি কঠোর পদক্ষেপ করছে না কেন বিএনপি সরকার? রাজনৈতিক ভাষ্যকার শফকত রব্বির দাবি, আওয়ামী লীগকে বলপ্রয়োগ করে দমন করলে তারা নিজেদের রাষ্ট্রীয় নিপীড়নের শিকার হিসেবে তুলে ধরার সুযোগ পেতে পারে। সেই সুযোগ দিতে চাইছে না ঢাকা।
তাঁর বক্তব্য, শেখ হাসিনার নিজের জেলা গোপালগঞ্জ এবং তারেক রহমানের শহর বগুড়ায় বিএনপির একাধিক কার্যালয়ে আগুন লাগানো হলেও সরকার বলপ্রয়োগের পথে হাঁটেনি। এমনকী, বিএনপির সাংসদদের একাধিক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গোপালগঞ্জে এক বিএনপি সাংসদের মালিকানাধীন হাসপাতালেও আগুন ধরিয়ে দেওয়া হয় বলে দাবি করা হয়েছে।
এই পরিস্থিতিতে নিরাপত্তার আশঙ্কায় বিএনপির স্থানীয় স্তরের কয়েকজন নেতা দল থেকে পদত্যাগও করেছেন বলে জানিয়েছেন রব্বি। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে এমন ঘটনা বিরল বলেই মনে করা হচ্ছে।
প্রথম আলো-র একটি প্রতিবেদন অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রকের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, নিষিদ্ধ আওয়ামী লীগের ভবিষ্যতের কর্মসূচির বিরুদ্ধেও বলপ্রয়োগ করবে না সরকার। অর্থাৎ, সরাসরি দমনপীড়নের বদলে হিংসার পরিণতি সাধারণ মানুষের সামনে তুলে ধরাই সরকারের কৌশল হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।
গোপালগঞ্জকে ঘিরে রাজনৈতিক উত্তেজনার অন্যতম কারণ শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা। ২০২৪ সালের অগস্টে গণবিক্ষোভের জেরে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে চলে আসেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। তারপর থেকেই তিনি ভারতে রয়েছেন। এবার আগামী ১৬ ডিসেম্বর, বাংলাদেশের বিজয় দিবসে দেশে ফেরার ইচ্ছাপ্রকাশ করেছেন তিনি।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের দিনটিকে স্মরণ করেই বাংলাদেশে পালিত হয় বিজয় দিবস। সেই দিনেই হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।