US Mass Shooting: হ্যালোউইন যেন সত্যি আতঙ্ক! আমেরিকা জুড়ে একাধিক বন্দুকবাজের হামলা, নিহত অন্তত ৬

Halloween Weekend firing: শুক্রবার ক্যালিফোর্নিয়া ও মিশিগানের দুটি দোকানেও গুলির ঘটনা ঘটে। ক্যালিফোর্নিয়ার ফেয়ারফিল্ডে এক মহিলা-সহ দু'টি পৃথক ঘটনায় দু'জনের মৃত্যু হয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। ফেয়ারফিল্ডের ঘটনায় আরও ৬ জন আহত হয়েছেন।

US Mass Shooting: হ্যালোউইন যেন সত্যি আতঙ্ক! আমেরিকা জুড়ে একাধিক বন্দুকবাজের হামলা, নিহত অন্তত ৬
আমেরিকায় দিকে দিকে চলল গুলি।Image Credit source: X

|

Nov 02, 2026 | 10:28 AM

নিউ ইয়র্ক: উৎসবের আনন্দ বদলাল আতঙ্ক, বিষাদে। হ্যালোউইন উৎসবে আমেরিকার একাধিক শহরে বন্দুকবাজের হামলা। অন্তত ৬ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন আরও কমপক্ষে ১২ থেকে ১৫ জন মানুষ। জানা গিয়েছে, গত শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বিভিন্ন শহরের নাইটলাইফ এলাকা, বিশ্ববিদ্যালয় চত্বর এবং দোকানে এই হামলার ঘটনা ঘটেছে।

সবচেয়ে ভয়াবহ হামলা হয়েছে টেক্সাসের ডালাসে। শহরের জনপ্রিয় নাইটলাইফ এলাকা ডিপ এলামে পরপর কয়েকটি গুলি চালানোর ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৫ জন। শনিবার রাতে প্রায় ১ ঘণ্টা ১৫ মিনিটের মধ্যে তিনটি পৃথক হামলা হয়। ঘটনাগুলির মধ্যে কোনও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

এছাড়া আলাবামার বার্মিংহামে ফুটবল ম্যাচের পর স্টেডিয়ামের কাছে দু’টি গুলির ঘটনায় একজনের মৃত্যু হয়েছে, আহত ৮ জন। ডেলাওয়্যারের নিউয়ার্কে বিশ্ববিদ্যালয়ের কাছে গুলিতে জখম হয়েছেন ৬ জন। ইলিনয়ের ব্লুমিংটনে গুলিতে ১৯ বছরের এক তরুণীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৭ জন। আবার আরকানসাসের ফায়েটভিলে বিশ্ববিদ্যালয়ের কাছে গুলির ঘটনায় আহত হয়েছেন ৬ জন।

শুধু তাই নয়, শুক্রবার ক্যালিফোর্নিয়া ও মিশিগানের দুটি দোকানেও গুলির ঘটনা ঘটে। ক্যালিফোর্নিয়ার ফেয়ারফিল্ডে এক মহিলা-সহ দু’টি পৃথক ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। ফেয়ারফিল্ডের ঘটনায় আরও ৬ জন আহত হয়েছেন। মিশিগানের ম্যাডিসন হাইটসে ২১ বছরের এক যুবক গুলিতে নিহত হয়েছেন।

পরপর এই হামলার ঘটনায় একাধিক শহরে তদন্ত শুরু করেছে পুলিশ। কয়েকটি ঘটনায় সন্দেহভাজনদের আটক করা হলেও বেশ কিছু হামলার ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা যায়নি। কেন এই হামলাগুলি ঘটেছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Loading...
Unable to load recommendations.
Follow Us