
ম্যানিলা: দেশের স্বার্থ সবার আগে। আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার সময় স্পষ্ট বুঝিয়ে দিয়েছিলেন তিনি। সেই দৃঢ় অবস্থানের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় কোয়াড শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী মোদীর ভূয়সী প্রশংসা করলেন মার্কিন প্রেসিডেন্ট। দুই রাষ্ট্রনেতা একসঙ্গে ছবি তোলার সময় মোদীকে ‘অত্যন্ত দৃঢ়চেতা ব্যক্তি’ এবং ‘মহান নেতা’ বলে অভিহিত করেন তিনি।
ছবি তোলার সময় মোদীর দিকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, “উনি অত্যন্ত দৃঢ়চেতা মানুষ। এটা মনে রাখবেন।” সেই সময় সেখানে উপস্থিত ছিলেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজও। জাপানের প্রধানমন্ত্রীর দিকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, “উনি আরও বেশি কঠোর।” এরপর কিছুটা রসিকতার সুরে আলবানিজের দিকে তাকিয়ে বলেন, “আলবানিজ আর আমার সম্পর্ক ঠিকঠাকই রয়েছে।”
মোদী, তাকাইচি এবং আলবানিজ—তিনজনকেই নিজের বন্ধু বলে উল্লেখ করেন ট্রাম্প। পাশাপাশি ভারত, জাপান ও অস্ট্রেলিয়ার সঙ্গে আমেরিকার অত্যন্ত ভালো সম্পর্ক রয়েছে বলেও জানান তিনি। ট্রাম্প বলেন, “শুরু থেকেই এই তিনজনের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। ওঁরা অসাধারণ মানুষ। ওঁরা আমার বন্ধু। আর সেটাই সম্পর্ককে আরও সহজ করে তোলে।”
কোয়াড শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখার সময়ও ফের মোদীর প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, “উনি একজন মহান নেতা। সারা বিশ্বে প্রত্যেকের কাছেই অত্যন্ত শ্রদ্ধেয়।” অন্যদিকে, কোয়াডকে একটি ‘গঠনমূলক ও বিশ্বাসযোগ্য অংশীদারিত্ব’ বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর আশা, এই শীর্ষ সম্মেলন আগামী পর্যায়ের জন্য নির্দিষ্ট কিছু লক্ষ্য স্থির করতে সাহায্য করবে।
উল্লেখ্য, কোয়াড গোষ্ঠীর সদস্য দেশ হল আমেরিকা, ভারত, জাপান এবং অস্ট্রেলিয়া। ম্যানিলার এই বৈঠক ট্রাম্পের বর্তমান প্রেসিডেন্ট পদে থাকার মেয়াদে রাষ্ট্রনেতা পর্যায়ে প্রথম কোয়াড বৈঠক। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যেই চারটি দেশ এই উদ্যোগ নিয়েছে।
বৈঠকে প্রধানমন্ত্রী মোদী বলেন, “২০০৭ সালে এই চারটি দেশের আধিকারিকরা প্রথমবারের জন্য ঠিক এই শহরেই বৈঠকে বসেছিলেন। তার ১০ বছর পর, ২০১৭ সালে এই শহরেই ফের আমাদের আলোচনা শুরু হয়। আজ এই ঐতিহাসিক শহরে আবারও কোয়াড বৈঠক আয়োজন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। গত বছরের জানুয়ারি থেকে এখনও পর্যন্ত আমাদের বিদেশমন্ত্রীরা পাঁচবার বৈঠকে বসেছেন। যা এই অংশীদারিত্বের প্রতি আমাদের রাজনৈতিক সদিচ্ছা এবং যৌথ অঙ্গীকারেরই প্রমাণ।”
এদিকে, বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ফিলিপিন্স সফর চলাকালীন প্রধানমন্ত্রী মোদী ২৩তম আসিয়ান-ভারত শীর্ষ সম্মেলন (ASEAN-India Summit) এবং ২১তম পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনেও (East Asia Summit) যোগ দেবেন।