
ওয়াশিংটন: এবারও স্বপ্নভঙ্গ। নোবেল শান্তি পুরস্কার পাওয়া হল না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। মনোনয়ন পেলেও, এই বছরও ট্রাম্পের পুরস্কার পাওয়া হল না। নরওয়ের নোবেল শান্তি কমিটির বিচারে এই বিশেষ সম্মান পেলেন ভারতীয় বংশোদ্ভূত নাভানেথেম নভি পিল্লে।
আলফ্রেড নোবেলের উইল অনুযায়ী, কোনও মনোনীত প্রার্থীর শান্তি প্রতিষ্ঠায় সামগ্রিক অবদানের ভিত্তিতেই এই শান্তি পুরস্কার দেওয়া হয়। আর ট্রাম্পের সাম্প্রতিক কর্মকাণ্ড সেই মানদণ্ডে উত্তীর্ণ হতে পারে না। কূটনীতির পাশাপাশি একাধিক দেশের সঙ্গে সামরিক সংঘাতে ক্রমশ জড়িয়ে পড়ছেন ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করা থেকে ভেনেজুয়েলার বিরুদ্ধে সামরিক অভিযান চালানো হয়েছে তাঁর নির্দেশ। বিভিন্ন দেশের সার্বভৌম ভূখণ্ড দখল করার হুমকিও বারবার দিয়েছেন তিনি।
এ ছাড়া, গত সেপ্টেম্বরে প্রকাশিত রাষ্ট্রপুঞ্জের (UN) একটি রিপোর্টে ইরানে মার্কিন সামরিক অভিযানের সঙ্গে যুক্ত সাধারণ নাগরিকদের প্রাণহানির ঘটনায় যুদ্ধাপরাধের বিষয়টি তুলে ধরা হয়েছে। সেখানেও ট্রাম্পের নাম জড়িয়ে রয়েছে ওতপ্রোতভাবে।
গত বছর ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন। সেই সময়ও ট্রাম্প দাবি করেছিলেন যে নোবেল পুরস্কার তাঁর-ই পাওয়া উচিত ছিল। এর পরে ভেনেজুয়েলায় আমেরিকা সামরিক অভ্যুত্থান চালায় এবং তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে কার্যত অপহরণ করে গ্রেফতার করে। তখন ট্রাম্পের মুখে নোবেল শান্তি পুরস্কারে তাঁর অধিকারের বুলি শোনা গিয়েছিল।
সেই সময়ে মাচাদো তাঁর নোবেল শান্তি পুরস্কার ট্রাম্পকে দিতে চান। তবে নোবেল কমিটি স্পষ্ট জানায়, নোবেল পুরস্কার এভাবে হস্তান্তরিত করা যায় না।