US Waiver Russian Oil India: রাশিয়ার থেকে তেল কিনলে তেলে-বেগুনে জ্বলবেন না ট্রাম্প! ভারতকে বিরাট উপহার

India buying Russian oil: এর আগে যখন গত ২০ মার্চ এই ছাড় ঘোষণা করা হয়েছিল, তখন ইরান থেকে ১৪০ মিলিয়ন ব্যারেল তেল বিশ্ব বাজারে বিক্রি করা হয়েছিল জ্বালানি সঙ্কট মেটাতে। ভারতও সেই সময় ইরানের কাছ থেকে জ্বালানি কিনেছিল। 

US Waiver Russian Oil India: রাশিয়ার থেকে তেল কিনলে তেলে-বেগুনে জ্বলবেন না ট্রাম্প! ভারতকে বিরাট উপহার
ভারতের তেল কেনায় আপত্তি নেই আমেরিকার।Image Credit source: PTI

|

Apr 18, 2026 | 9:59 AM

ওয়াশিংটন: ইরান-আমেরিকার সংঘর্ষবিরতি হতেই বিশ্ব বাজারে কমেছিল তেলের দাম। এবার আমেরিকা নিজেই ভারতকে শোনাল আরও এক সুসংবাদ। ভারত রাশিয়ার কাছ থেকে জ্বালানি কিনতে পারবে নির্দ্বিধায়। আমেরিকা কোনও রকমের নিষেধাজ্ঞা চাপাবে না।

মার্কিন প্রশাসনের তরফে ঘোষণা করা হয়েছে যে তারা ৩০ দিনের সাধারণ লাইসেন্স জারি করতে চলেছে। ভারত সহ একাধিক দেশ রাশিয়ার কাছ থেকে জ্বালানি কিনতে পারবে। আমেরিকা তার জন্য কোনও নিষেধাজ্ঞা চাপাবে না। বিশ্ব বাজারে তেল ও জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখতেই এই ছাড়ের ঘোষণা করা হয়েছে।

যুদ্ধ চলাকালীনও এমন সাময়িক স্বস্তির ঘোষণা করেছিল আমেরিকা। সেই ছাড়ের মেয়াদ গত ১১ এপ্রিল শেষ হয়ে গিয়েছে। গতকাল মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট জানিয়েছে, ১৭ এপ্রিল থেকে আগামী ১৬ মে পর্যন্ত রাশিয়ার কাছ থেকে তেল ও জ্বালানি কেনার জন্য ছাড় দেওয়া হচ্ছে।

এর আগে যখন গত ২০ মার্চ এই ছাড় ঘোষণা করা হয়েছিল, তখন ইরান থেকে ১৪০ মিলিয়ন ব্যারেল তেল বিশ্ব বাজারে বিক্রি করা হয়েছিল জ্বালানি সঙ্কট মেটাতে। ভারতও সেই সময় ইরানের কাছ থেকে জ্বালানি কিনেছিল।

অন্যদিকে, শুক্রবারই ইরান ঘোষণা করেছে যে হরমুজ প্রণালী খুলে দেওয়া হচ্ছে। পণ্যবাহী জাহাজ চলাচলে আর কোনও বাধা নেই। আর এই ঘোষণার পরই বিশ্ববাজারে তেলের দাম কমতে থাকে। একধাক্কায় প্রায় ৯ শতাংশ কমে, ব্যারেল প্রতি তেলের দাম ৯০ ডলারে পৌঁছেছে।

প্রসঙ্গত, ভারতের রাশিয়ার কাছ থেকে তেল কেনা নিয়ে আপত্তি ছিল আমেরিকার। রাশিয়া-ইউক্রেনের সংঘাতের সময়ও রাশিয়ার কাছ থেকে কম দামী জ্বালানি কেনায়, আমেরিকা ভারতের উপরে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক চাপায়। তবে এখন ইরান-আমেরিকার সংঘাতে, অনিশ্চয়তার মধ্যে ভারতের জন্য ছাড়ের ঘোষণা করল আমেরিকা।

Follow Us