
নয়া দিল্লি: বাজেটে মধ্যবিত্তের মুখে হাসি ফুটেও যেন ফুটল না। বাজেটের দিকে নজর ছিল সকলের। আশা ছিল, এবারও হয়তো বাজেটে আরও কিছু কর ছাড় ঘোষণা করতে পারেন অর্থমন্ত্রী। ২০২৬-২৭ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটে আয়কর কাঠামোয় (Income Tax Slab) কোনও পরিবর্তনের ঘোষণা করলেন না অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)।
গত বছরের বাজেটেই মোদী সরকার নতুন কর কাঠামোয় ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও আয়কর লাগবে না বলে ঘোষণা করেছিল। এই বছর সেই আয়কর কাঠামোই অপরিবর্তিত রাখা হল। তার বদলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নতুন আয়কর আইন ১ এপ্রিল থেকে চালু হওয়ার ঘোষণা করলেন। অর্থমন্ত্রী বলেন, “২০২৪ সালে নতুন কর কাঠামো চালু হয়েছে। তাতে সাধারণ মানুষ অভ্যস্ত হয়ে উঠেছেন”।
তবে এবারের বাজেট ঘোষণায় আয়কর জমার সময়সীমা বাড়ানো হয়েছে। ৩১ ডিসেম্বরের বদলে ৩১ মার্চ পর্যন্ত আয়কর জমা করা যাবে। তবে এর জন্য ন্যূনতম ফি বা চার্জ দিতে হবে।