
নয়াদিল্লি : ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলির সুদের হারে কোনও পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ পাবলিক প্রভিডেন্ট ফান্ড (পিপিএফ) এবং ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (এনএসসি)-সহ একাধিক ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হার একই থাকছে। মঙ্গলবার বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিক (এপ্রিল–জুন) পর্যন্ত এই হার অপরিবর্তিত থাকবে। অর্থাৎ ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলির সুদের হার ২০২৫-২৬ অর্থবর্ষের ত্রৈমাসিকের মতোই থাকবে। এই নিয়ে টানা অষ্টম ত্রৈমাসিক সুদের হার একই থাকল। উল্লেখযোগ্যভাবে,শেষবার ২০২৪ সালের জানুয়ারি–মার্চ ত্রৈমাসিকে কিছু প্রকল্পে সুদের হার পরিবর্তন করা হয়েছিল।
কোন প্রকল্পে কত সুদ পাওয়া যাবে, দেখে নেওয়া যাক
সুকন্যা সমৃদ্ধি যোজনা
সুদের হার ৮.২ শতাংশই থাকছে। ১০ বছরের কম বয়সী কন্যাসন্তানের নামে অ্যাকাউন্ট খোলা যাবে। ন্যূনতম ২৫০ টাকা থেকে সর্বোচ্চ দেড় লক্ষ টাকা পর্যন্ত জমা করতে পারবেন। আয়কর আইনের ৮০সি ধারায় কর ছাড়ের সুবিধা মিলবে।
মেয়াদি আমানত
তিন বছরের মেয়াদি আমানতের উপর সুদ অপরিবর্তিত হয়েছে। ৭.১ শতাংশ হারে সুদ পাওয়া যাবে।
পাবলিক প্রভিডেন্ট ফান্ড
৭.১ শতাংশ হারে সুদ বহাল থাকছে। সর্বোচ্চ বিনিয়োগ দেড় লক্ষ পর্যন্ত। আয়কর আইনের ৮০সি ধারায় কর ছাড়ের সুবিধা মিলবে।
পোস্ট অফিস সেভিংস স্কিম
৪ শতাংশ হারে সুদ পাওয়া যাবে। ন্যূনতম ৫০০ টাকা জমা দিয়ে অ্যাকাউন্ট খোলা যায়। বিনিয়োগের সর্বোচ্চ কোনও সীমা নেই। ১০ হাজার পর্যন্ত সুদে কর ছাড় পাওয়া যাবে।
কিষান বিকাশ পত্র
কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে সুদের হার ৭.৫ শতাংশ। মেয়াদ ১১৫ মাস। বিনিয়োগের কোনও সর্বোচ্চ সীমা নেই।
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট
৭.৭ শতাংশ হারেই সুদ পাওয়া যাবে। বিনিয়োগের কোনও সর্বোচ্চ সীমা নেই, কর ছাড়ের সুবিধা রয়েছে।
মাসিক আয় প্রকল্প (MIS)
কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে ৭.৪ শতাংশ হারে সুদ পাওয়া যায়। একক অ্যাকাউন্টের ক্ষেত্রে বিনিয়োগের সর্বোচ্ সীমা ৯ লক্ষ এবং যৌথ অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা জমা করা যায়।
কেন এই প্রকল্পে বিনিয়োগ করবেন?
ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলি কেন্দ্রীয় সরকারের অধীন হওয়ায় সম্পূর্ণ নিরাপদ। অন্যান্য বিনিয়োগের তুলনায় এই প্রকল্পগুলির সুদের হারও আকর্ষণীয়। এছাড়া, এই প্রকল্পগুলিতে সঞ্চিত অর্থ কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে দীর্ঘমেয়াদি ঋণ হিসেবে দেয়, যা বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্যবহৃত হয়। সব মিলিয়ে, ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলি এখনও বিনিয়োগকারীদের কাছে একটি নির্ভরযোগ্য বিকল্প।