
নয়াদিল্লি : পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে গ্যাসের দাম আগেই বেড়েছে। এবার কি পেট্রল-ডিজ়েলেরও দাম বাড়তে চলেছে? ইতিমধ্যেই দাম বাড়ার আশঙ্কায় দেশের বিভিন্ন পেট্রোল পাম্পগুলিতেও লম্বা লাইন পড়েছে। অনেকে আতঙ্কে পেট্রল-ডিজ়েল মজুত করে রাখতে চাইছেন। চাহিদা বৃদ্ধি পাওয়ায় জ্বালানিতেও টান পড়ছে। তবে, সম্প্রতি একটি নির্দেশিকা জারি করে পেট্রোলিয়াম মন্ত্রক জানিয়ে দিয়েছে, পেট্রল-ডিজ়েল সরবরাহে এখনও পর্যন্ত কোনও সমস্যা নেই। দেশের প্রতিটি প্রান্তেই পর্যাপ্ত পেট্রল-ডিজ়েল পাওয়া যাচ্ছে। তবে, একইসঙ্গে পেট্রল-ডিজ়েল বিক্রি নিয়ে বড় নির্দেশিকা জারি করেছে পেট্রোলিয়াম মন্ত্রক।
কেন্দ্রের নির্দেশিকায় কী বলা হয়েছে ?
মূলত পেট্রল পাম্পগুলিকে সতর্ক করে দিয়েছে কেন্দ্র। পেট্রোলিয়াম মন্ত্রক জানিয়েছে, খালি বা সুরক্ষিত নয় এমন পাত্রে যেন পেট্রল-ডিজ়েল বিক্রি না করা হয়। সাধারণত দেখা যাচ্ছে, জ্বালানি সংকট তৈরি হওয়ার আশঙ্কার মানুষ পাম্পগুলিতে ভিড় করছেন। অনেকের হাতেই দেখা যাচ্ছে খালি ও অনুপযুক্ত পাত্র। কেউ গিয়েছেন খালি বোতল নিয়ে, খোলা ড্রাম নিয়েই ছুটেছেন পাম্পে। কেন্দ্র স্পষ্ট জানিয়ে দিয়েছে, যে কোনও পাত্রে পেট্রল-ডিজ়েল বিক্রি করা যাবে না। অনুপযুক্ত পাত্রে পেট্রল-ডিজ়েল সংরক্ষণ করা নিরাপদ নয়। একইসঙ্গে তেল সংরক্ষণে গ্রাহকদের উপযুক্ত পাত্র নিয়ে যেতে অনুরোধ করেছে পেট্রোলিয়াম মন্ত্রক।
পেট্রল-ডিজ়েলের দাম কি বাড়বে ?
পেট্রল পাম্পগুলিকে কেন্দ্র কড়া নির্দেশ দিয়েছে, নিয়মের বাইরে গিয়ে যদি অসুরক্ষিত পাত্রে পেট্রল-ডিজ়েল বিক্রি করা হয়, তাহলে পাম্পের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানিয়েছে কেন্দ্র। পেট্রল-ডিজ়েলের দাম কি বাড়বে? কেন্দ্র বারবার একটা বিষয় স্পষ্ট করে দিয়েছে, পেট্রল-ডিজ়েলের দাম এখনই বাড়ছে না।
আগেই কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত জানিয়েছেন, ভারতে পেট্রোলিয়াম পণ্যের কোনও সংকট নেই। সংবাদমাধ্যমকে তিনি বলেন, “মধ্যপ্রাচ্যে বর্তমান যুদ্ধ পরিস্থিতি বেশ কয়েকটি দেশের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে, ভারতে পেট্রল-ডিজ়েল পর্যাপ্ত পরিমাণে রয়েছে। সংকট নেই। তবে, যুদ্ধ পরিস্থিতি প্রতিবেশী দেশগুলিকে একটা চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিয়েছে। পাকিস্তানে জরুরি অবস্থা তৈরি হয়েছে। অন্যদিকে, বাংলাদেশে স্কুল-কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে।”