Train Ticket Booking: ট্রেনে টিকিট কাটার নিয়মে বড় বদল, একসঙ্গে কতজনের টিকিট কাটতে পারবেন?

Indian Railways: অনেকজন মিলে বা গ্রুপ টিকিট বুকিংয়ের নিয়মে বড় পরিবর্তন আনল দক্ষিণ-পশ্চিম রেলওয়ে (SWR)। টিকিট বুকিং সকাল ৯টা থেকে গ্রহণ করা হবে। অর্থাৎ সাধারণ যাত্রীদের জন্য অগ্রিম টিকিট বুকিং শুরুর এক ঘণ্টা পর থেকে গ্রুপ বুকিং করা যাবে।

Train Ticket Booking: ট্রেনে টিকিট কাটার নিয়মে বড় বদল, একসঙ্গে কতজনের টিকিট কাটতে পারবেন?
ফাইল চিত্র।Image Credit source: PTI

|

Nov 21, 2026 | 4:49 PM

নয়া দিল্লি: ট্রেনের টিকিট কাটার নিয়মে বড়সড় পরিবর্তন। সময় পরিবর্তন হল টিকিট বুকিংয়ের। অনেকজন মিলে বা গ্রুপ টিকিট বুকিংয়ের নিয়মে বড় পরিবর্তন আনল দক্ষিণ-পশ্চিম রেলওয়ে (SWR)। বিয়ে, শিক্ষামূলক সফর, তীর্থযাত্রা, খেলাধুলা বা সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য দলবদ্ধভাবে ট্রেনের টিকিট কাটতে হলে এবার থেকে নতুন নিয়ম মানতে হবে।

দক্ষিণ-পশ্চিম রেলওয়ে জানিয়েছে, বড় দলে টিকিট বুকিং সকাল ৯টা থেকে গ্রহণ করা হবে। অর্থাৎ সাধারণ যাত্রীদের জন্য অগ্রিম টিকিট বুকিং শুরুর এক ঘণ্টা পর থেকে গ্রুপ বুকিং করা যাবে।

রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক (CPRO) ড. মঞ্জুনাথ কানামাড়ি জানিয়েছেন, বাল্ক বা গ্রুপ বুকিং (Bulk/Group Booking) নিয়ে এর আগে যে সমস্ত নিয়ম ছিল, সেগুলি বাতিল করে নতুন নির্দেশিকা চালু করা হয়েছে। নতুন নিয়ম কমার্শিয়াল সার্কুলার (Commercial Circular) অনুযায়ী কার্যকর হবে।

কারা গ্রুপে টিকিট কাটতে পারেন?

বিয়ে বা বিয়ের অনুষ্ঠানে যাওয়া পরিবার-পরিজন, শিক্ষার্থী, তীর্থযাত্রী, স্পোর্টস টিম কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী দল এই সুবিধা নিতে পারবেন। সব শ্রেণির ট্রেনের টিকিটের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে।

শুধু কনফার্মড টিকিট নয়, আরএসি (RAC) বা ওয়েটলিস্ট (Waitlist) টিকিটের ক্ষেত্রেও গ্রুপ বুকিংয়ের সুবিধা পাওয়া যাবে।

কতগুলি টিকিট একসঙ্গে বুক করা যাবে?

নতুন নিয়মে সবথেকে বড় পরিবর্তন হল, গ্রুপ বুকিংয়ের ক্ষেত্রে আসন বা বার্থের নির্দিষ্ট কোনও সর্বোচ্চ সীমা রাখা হয়নি। অর্থাৎ কতগুলি বার্থ একসঙ্গে বুক করা যাবে, তার কোনও নির্দিষ্ট সংখ্যা নেই। চিফ রিজার্ভেশন সুপারভাইজার (CRS) এবং স্টেশন ম্যানেজার (SM) পরিস্থিতি অনুযায়ী গ্রুপ বুকিং অনুমোদন করতে পারবেন।

কীভাবে আবেদন করতে হবে?

গ্রুপ বুকিংয়ের জন্য যাঁরা আবেদন করবেন, তাঁদের সরাসরি রেলের অনুমোদিত আধিকারিকের কাছে আবেদন জমা দিতে হবে। সাধারণ ক্ষেত্রে ট্রাভেল এজেন্টের মাধ্যমে আবেদন করা যাবে না। তবে বিদেশি পর্যটক বা এনআরআই (NRI)-দের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ট্রাভেল এজেন্টের মাধ্যমে বুকিং করার সুযোগ থাকবে।

আবেদন করার সময় যাত্রার উদ্দেশ্য স্পষ্টভাবে জানাতে হবে। পাশাপাশি দলের প্রত্যেক যাত্রীর নাম, বয়স, লিঙ্গ, ঠিকানা এবং যাত্রার উদ্দেশ্য উল্লেখ করতে হবে।

ফেরার টিকিটও কি একসঙ্গে বুক করা যাবে?

একই রিজার্ভেশন অফিস থেকে গ্রুপের ফেরার যাত্রার টিকিটও বুক করার অনুমতি দেওয়া যেতে পারে। তবে রেল জানিয়েছে, ফেরার যাত্রাকে আলাদা বুকিং হিসেবে ধরা হবে। রেল আধিকারিকদের একটি পৃথক রেজিস্টারে অনুমোদিত সমস্ত গ্রুপ বুকিংয়ের তথ্য রাখতে হবে। আবেদনপত্র এবং যাত্রী তালিকার প্রতিটি পাতায় আধিকারিকের সই ও সিল থাকবে।

রেলের বক্তব্য, এই ব্যবস্থা করা হয়েছে যাতে শুধুমাত্র প্রকৃতপক্ষে একসঙ্গে যাত্রা করবেন, এমন দলই এই সুবিধা পায় এবং কেউ যাতে বেশি সংখ্যক বার্থ আটকে রেখে পরে অন্য যাত্রীদের সমস্যায় না ফেলতে পারে।

Loading...
Unable to load recommendations.
Follow Us