Aadhaar Card Update: আর নয় mAadhaar, বদলে এল নতুন অ্যাপ, কোথায় কীভাবে অনলাইনে আধার আপডেট করবেন? জেনে নিন
Aadhaar Card Online Update New App: UIDAI এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছে, "mAadhaar শীঘ্রই বন্ধ হয়ে যাবে। এখনই নতুন অ্যাপ ডাউনলোড করুন এবং আরও দ্রুত অ্যাক্সেস, স্মার্ট ফিচার ও হাতের মুঠোয় বিভিন্ন পরিষেবা উপভোগ করুন। আপনার আধার ব্যবহারের অভিজ্ঞতাকে আরও সহজ, দ্রুত এবং সুবিধাজনক করে তুলতেই তৈরি করা হয়েছে এই নতুন অ্যাপ।"

নয়া দিল্লি: এম আধার অ্যাপ (mAadhaar app) বন্ধ হয়ে যাবে, তা আগেই ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। আধার সংক্রান্ত যাবতীয় ডিজিটাল পরিষেবা আর পাওয়া যাবে না এই অ্যাপে। কিন্তু, যাঁরা অনলাইনে স্মার্টফোনে আধার আপডেট (Aadhaar Update) করতেন প্রতিনিয়ত, এবার থেকে তাঁরা কোথায় পরিষেবা পাবেন? তাহলে কি আধার কেন্দ্রগুলিতে দীর্ঘক্ষণ লাইন দিয়ে আধার কার্ড আপডেট করতে হবে? উত্তর হল না। এমআধার অ্যাপের বদলে অন্য একটি অ্যাপ চালু করছে সরকার। সম্প্রতি, এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় বিস্তারিত জানিয়েছে কেন্দ্রীয় সরকার (Central Government)।
UIDAI এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছে, “mAadhaar শীঘ্রই বন্ধ হয়ে যাবে। এখনই নতুন অ্যাপ ডাউনলোড করুন এবং আরও দ্রুত অ্যাক্সেস, স্মার্ট ফিচার ও হাতের মুঠোয় বিভিন্ন পরিষেবা উপভোগ করুন। আপনার আধার ব্যবহারের অভিজ্ঞতাকে আরও সহজ, দ্রুত এবং সুবিধাজনক করে তুলতেই তৈরি করা হয়েছে এই নতুন অ্যাপ।” জানা গিয়েছে, এম আধার অ্যাপে নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন অভিযোগ উঠে এসেছে। তাই, অনলাইনে আধার ব্যবস্থাকে আরও নিরাপদ করতে এই নতুন অ্যাপ নিয়ে আসা হয়েছে। একইসঙ্গে আরও উন্নত প্রযুক্তি যোগ করা হয়েছে এই নয়া অ্যাপে।
নতুন অ্যাপে কী কী ফিচার রয়েছে?
সরকারের তরফে জানানো হয়েছে, নতুন অ্যাপের নাম Aadhaar অ্যাপ। এই অ্যাপে একাধিক উন্নতি প্রযুক্তি নিয়ে আসা হয়েছে।
- নয়া অ্যাপে থাকছে QR-ভিত্তিক আধার শেয়ারিং ব্যবস্থা। এই ফিচারের মাধ্যমে হোটেল, হাসপাতাল, সরকারি অফিস বা বিভিন্ন পরিষেবা কেন্দ্রে সরাসরি পরিচয় যাচাই আরও সহজ হবে। এখন আর সম্পূর্ণ আধার তথ্য দেখানোর প্রয়োজন হবে না। ব্যবহারকারীরা শুধুমাত্র প্রয়োজনীয় তথ্য QR ভেরিফিকেশনের মাধ্যমে শেয়ার করতে পারবেন।
- অথেনটিকেশন ব্যবস্থাতেও বড় পরিবর্তন আনা হয়েছে। আগে আধার অ্যাক্সেস মূলত SMS-এ পাঠানো OTP-র উপর নির্ভর করত। নতুন ব্যবস্থায় নিরাপত্তার জন্য আরও একাধিক স্টেপ যোগ করা হয়েছে। এখন OTP-র পাশাপাশি ফেস অথেনটিকেশন এবং QR ভেরিফিকেশনও লাগতে পারে। অর্থাৎ মুখ দেখিয়ে আধার অ্যাক্সেস করতে পারবেন। নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যেই এই ব্যবস্থা চালু করা হচ্ছে।
- নতুন অ্যাপে ব্যবহারকারীরা নিজেদের বায়োমেট্রিক তথ্যের উপর আরও বেশি নিয়ন্ত্রণ পাবেন। অ্যাপ থেকেই এখন ফিঙ্গারপ্রিন্ট, ফেস এবং অথেনটিকেশন ডেটা লক বা ম্যানেজ করা যাবে।
কীভাবে সেট আপ করবেন নতুন Aadhaar অ্যাপ?
- নতুন Aadhaar অ্যাপ সেট আপ করার প্রক্রিয়াও জানিয়ে দিয়েছে সরকার। প্রথমে প্লে স্টোরের মতো ভেরিফায়েড অ্যাপ স্টোর থেকে Aadhaar অ্যাপ ডাউনলোড করতে হবে। এরপর পছন্দের ভাষা নির্বাচন করে Aadhaar-এর সঙ্গে যুক্ত মোবাইল নম্বর দিতে হবে এবং OTP দিয়ে তা ভেরিফাই করতে হবে।
- কিছু ব্যবহারকারীকে সেটআপের সময় ফেস অথেনটিকেশন সম্পূর্ণ করতে হতে পারে। এরপর একটি পিন জেনারেট করতে হবে। অথবা বায়োমেট্রিক আনলক করতে হবে। তারপর Aadhaar নম্বর যোগ করে আরও একটি OTP ভেরিফিকেশন সম্পূর্ণ করতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে আপনার প্রোফাইল।
এদিকে, UIDAI অনলাইনে বিনামূল্যে Aadhaar ডকুমেন্ট আপডেট পরিষেবার সময়সীমাও বাড়িয়েছে। সরকারি নির্দেশিকা অনুযায়ী, মাই আধার পোর্টালে এখন ২০২৭ সালের ১৪ জুন পর্যন্ত বিনামূল্যে পরিচয়পত্র ও ঠিকানার নথি আপডেট এবং ভেরিফাই করা যাবে। আগে এই পরিষেবা ছিল ২০২৬ সালের ১৫ জুন পর্যন্ত।
