
নয়াদিল্লি : দামি হচ্ছে টোল। এবার থেকে টোল ট্যাক্স দিতে গেলে খরচ বাড়বে। বার্ষিক ফাস্ট্যাগ টোল পাসের দাম বাড়াল কেন্দ্র। জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এপ্রিল মাস থেকে পাসের খরচ বাড়ানো হচ্ছে। নতুন আর্থিক বছর থেকে অ-বাণিজ্যিক যানবাহনের ক্ষেত্রে এবার থেকে ৩০৭৫ টাকা দিতে হবে। ১ এপ্রিল থেকেই নতুন নিয়ম কার্যকর হবে বলে জানিয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। গত বছর ১৫ অগস্ট বার্ষিক ফাস্ট্যাগ টোল চালু করেছিল কেন্দ্র। তবে, একবছর হতে না হতেই সেই পাসের খরচ বাড়াতে চলেছে কেন্দ্রীয় সরকার।
আগে পাসের খরচ কত ছিল?
এতদিন পর্যন্ত বার্ষিক ফ্যাস্ট্যাগ পাসের খরচ ছিল ৩ হাজার টাকা। এবার তা ৭৫ টাকা বাড়ানো হল। এপ্রিল থেকে বার্ষিক পাসের জন্য দিতে হবে ৩০৭৫ টাকা। সাধারণত, প্রত্যেক বছরই পাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বার্ষিক ফ্যাস্ট্যাগ পাস
জাতীয় সড়কে যাতায়াতের জন্য টোল ট্যাক্স দিতে হয়। মূলত যাতায়াতের সুবিধার জন্য ও অতিরিক্ত টোল ট্যাক্স দেওয়ার হাত থেকে মুক্তি দেওয়ার জন্য এই পাস চালু করেছিল কেন্দ্র। অবাণিজ্যিক গাড়িতে কার্যকরী ফাস্ট্যাগ থাকলেই এই পাস ব্যবহার করতে পারবেন গাড়ির মালিক। একবছরের জন্য পাস ব্যবহার করতে পারবেন। বার্ষিক ফ্যাস্ট্যাগের ব্যবস্থায় জাতীয় সড়কের যে কোনও ফ্রি টোল প্লাজা দিয়ে ৩০৭৫ টাকায় ২০০ বার যাতায়াত করতে পারবে একটি গাড়ি। তবে, আপনার গাড়ি যদি ২০০ বারের বেশি যাতায়াত করে, তাহলে বছর শেষ হওয়ার আগেই আবার পাস কিনতে হবে। তবে, একবার এই পাস থাকলে আলাদা করে গোটা দেশের কোনও জাতীয় সড়কে টোল ট্যাক্স দিতে হয় না।
কতজনের কাছে বার্ষিক পাস আছে?
কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী, বর্তমানে ৫০ লক্ষেরও বেশি বার্ষিক টোল পাস ব্যবহার করছেন। জাতীয় সড়ক দিয়ে যাতায়াত করছেন এমন গাড়ির মালিকের ২৮ শতাংশ এই পাস ব্যবহার করছেন। তথ্য বলছে, ২০১৬ সালে ফাস্ট্যাগ ব্যবস্থা চালু হয়। মোট ১১.৮৬ কোটি ফ্যাস্ট্যাগ নথিভুক্ত করা হয়েছে। এর মধ্যে সক্রিয় রয়েছে প্রায় ৫.৯ কোটি ফাস্ট্যাগ।