Oracle Mass Layoff: হঠাৎ System Lockout, ঘুম থেকে উঠেই চাকরি হারালেন Oracle-র ১২ হাজার কর্মী!

Oracle Job Cut: ওরাকেলের ছাঁটাইয়ের পদ্ধতিও অমানবিক ছিল বলেই জানা গিয়েছে। তাদের কোনও ফোন করা হয়নি, একটি ইমেইল পাঠিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে সংস্থার অন্দরে পরিবর্তন এসেছে। কাজের পদ্ধতি আরও সরলীকরণ করা হচ্ছে এবং তার কারণেই তাদের চাকরি থেকে বিতাড়িত করা হচ্ছে। 

Oracle Mass Layoff: হঠাৎ System Lockout, ঘুম থেকে উঠেই চাকরি হারালেন Oracle-র ১২ হাজার কর্মী!
ওরাকেলে গণছাঁটাই।Image Credit source: AaronP/Bauer-Griffin/GC Images

|

Apr 01, 2026 | 1:32 PM

নয়া দিল্লি: নতুন অর্থবর্ষের প্রথমদিন আজ। আর প্রথমদিনেই এল দুঃসংবাদ। মার্কিন আইটি সংস্থা ‘ওরাকেল’ (Oracle) হাঁটছে কর্মী ছাঁটাইয়ের পথে। জানা গিয়েছে, বিশ্ব জুড়ে ৩০ হাজার কর্মী ছাঁটাই করেছে ওরাকেল। এর প্রভাব ভারতেও পড়ছে। ওরাকেল ভারতে প্রায় আনুমানিক ১২ হাজার কর্মী ছাঁটাই করা হয়েছে বলেই খবর। তবে এখানেই থামছে না সংস্থা। আগামী মাসে আরও এক ধাপ কর্মী ছাঁটাই হতে চলেছে বলে খবর।

ওরাকেল সংস্থার তরফে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি না দিলেও, সংস্থার কর্মীরাই জানিয়েছেন যে গণ ছাঁটাই করা হয়েছে। একধাক্কায় প্রায় ১২ হাজার কর্মীকে চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে।

ওরাকেলের ছাঁটাইয়ের পদ্ধতিও অমানবিক ছিল বলেই জানা গিয়েছে। তাদের কোনও ফোন করা হয়নি, একটি ইমেইল পাঠিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে সংস্থার অন্দরে পরিবর্তন এসেছে। কাজের পদ্ধতি আরও সরলীকরণ করা হচ্ছে এবং তার কারণেই তাদের চাকরি থেকে বিতাড়িত করা হচ্ছে।

সূত্রের খবর, ওরাকেল সংস্থায় যারা এক বছর পূর্ণ করেছেন, তাদের ১৫ দিনের বেতন দেওয়া হবে। এর পাশাপাশি এক মাসের বেতন, লিভ এনক্যাশমেন্ট দেওয়া হবে। যোগ্যতা অনুযায়ী এক মাসের বেতন ও গ্রাজুয়িটি দেওয়া হবে। দুই মাসের বেতনও টপ আপ হিসাবে দেওয়ার কথা জানানো হয়েছে। তবে এক্ষেত্রেও শর্ত রয়েছে। এই সেভারেন্স প্যাকেজ তারাই পাবেন, যারা স্বেচ্ছায় সংস্থা থেকে ইস্তফা দিচ্ছেন।

জানা গিয়েছে, ভারতে ওরাকেল সংস্থায় আনুমানিক ৩০ হাজার কর্মী চাকরি করেন। এদের মধ্য়ে ১২ হাজার কর্মীকে ছাঁটাই করা হয়েছে। আগামী মাসে আরও কর্মী ছাঁটাই করা হতে পারে এবং সেটাও বড় আকারের হবে।

কর্মীরা জানিয়েছেন, তাদের ছাঁটাই নিয়ে আগে থেকে কোনও কিছু জানানো হয়নি। কাজ করতে বসে হঠাৎ দেখেন যে সিস্টেম লক আউট হয়ে গিয়েছে। তারা আর কোনও কাজ করতে পারছেন না।

Follow Us